২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু আয়াত হত্যায় আবীরের বিরুদ্ধে অভিযোগপত্র

আসামি প্রতিবেশী আবীর আলীকে (১৯) অভিযুক্ত করে তার মা-বাবাকে অভিযোগপত্র থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

চট্টগ্রামে শিশু আয়াত হত্যায় আবীরের বিরুদ্ধে অভিযোগপত্র

আবীর আলী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 04:19 PM

Updated : 09 Oct 2023, 04:19 PM

চট্টগ্রামে পাঁচ বছর বয়েসী শিশু আলিনা ইসলাম আয়াত হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পিবিআই।

এতে প্রতিবেশী আবীর আলীকে (১৯) আসামি করে তার বাবা-মাকে অভিযোগপত্র থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে রোববার অভিযোগপত্র দেওয়া হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ কুমার দে।

তিনি বলেন, অভিযোগপত্রের পাশাপাশি ১৭ বছর বয়েসী অপর এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্রও জমা দেওয়া হয়েছে। আর আবীরের কিশোরী বোনকে দোষীপত্র থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

“৩০২/২০১ (খুন ও লাশ গুম) ধারায় আবীর আলীকে এবং ২০১ (লাশ ‍গুম) ধারায় অপর কিশোরটির বিরুদ্ধে দোষীপত্র জমা দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড ও লাশ কেটে গুম করার পরিকল্পনা ও ঘটনা জেনেও গোপন রাখায় ১৭ বছর বয়সী এই কিশোরের বিরুদ্ধে দোষীপত্র জমা দেওয়া হয়েছে।

“আর আবীরের বাবা-মা ও ছোট বোন হত্যাকাণ্ডের বিষয়ে কোনো কিছুই জানত না বলে আমাদের তদন্তে এসেছে। তাই তাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।”

অভিযোগপত্র ও দোষীপত্র মিলিয়ে ৩৫৭ পৃষ্ঠার নথি জমা দেওয়া হয়েছে জানিয়ে তদন্ত কর্মকর্তা বলেন, এতে ৫০ জনকে সাক্ষী করা হয়েছে।

আয়াত ছিলেন চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াছমুন্সী বাড়ির সোহেল রানার মেয়ে। গত বছরের ১৪ নভেম্বর বিকালে ঘরের পাশে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয়েছিল সে।

ওই ঘটনায়ে আয়াতের প্রতিবেশী তরুণ আবীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। পরে আবীর পুলিশকে জানান, আয়াতকে খুনের পর লাশ ছয় টুকরো করে সাগরের পানিতে ভাসিয়ে দেন তিনি।

পুলিশ জানায়, আবীরের পরিবার প্রায় ২১ বছর ধরে নয়ারহাটে আয়াতদের ভাড়াটিয়া ছিল। তার জন্মও ওই বাড়িতে। তবে বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় আয়াত হত্যার কিছু দিন আগে পকেট বাজার এলাকায় আলাদা একটি বাসা ভাড়া নিয়েছিল তার মা। ওই বাসায় আয়াতের লাশ নিয়ে রেখেছিলেন আবীর, আর লাশ গোপনের জন্য করেছিলেন ছয় টুকরা।

জিজ্ঞাসাবাদে আবীর জানায়, আয়াতদের নিচ তলায় যে বাসাটিতে তার বাবা থাকেন, সেটির চাবি তার কাছেও ছিল। ১৪ নভেম্বর বিকালে আয়াতকে কোলে নিয়ে তাদের ঘরে ঢুকে শ্বাসরোধে খুন করেন।

আবীরকে নিয়ে পিবিআই সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি এবং আয়াতের জুতা উদ্ধার করে। গত বছরের ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইচ গেইটের এক গর্ত থেকে আয়াতের দুই পা এবং পরদিন খণ্ডিত মাথা উদ্ধার করে পিবিআই। এ ঘটনায় আয়াতের বাবা ইপিজেড থানায় একটি হত্যা মামলা করেন।

পরে আবীরের বাবা, মা ও ছোট বোনকে গ্রেপ্তার করা হয়। আর হত্যাকাণ্ডের ঘটনা জেনেও গোপন রাখার অভিযোগে ১৭ বছর বয়সী অপর এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর আবীরের বাসায় পাওয়া রক্তের ছোটের ডিএনএ টেস্ট করে তার সঙ্গে শিশু আয়াতের ডিএনএ’র সাথে মিল পায় পিবিআই।

আরও পড়ুন-

পুরনো খবর:

আবীরের বাসায় পাওয়া রক্তের ছোপে ‘মিলেছে’ আয়াতের ডিএনএ
আয়াত খুন: আরও এক কিশোর গ্রেপ্তার, হত্যার পরিকল্পনা ‘১ মাস আগে’
আয়াত খুন: আদালতে আবীরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শিশু আয়াতকে খুনের ভয়ঙ্কর বর্ণনা পুলিশেরও ‘বিশ্বাস হচ্ছিল না’
শিশু আয়াতের দেহের খণ্ডিত অংশ পেয়েছে পুলিশ
এবার মিললো আয়াতের ‘প্যাকেটে মোড়ানো মাথা’