‘সন্তান হত্যার বিচার দেখে যেতে চাই’
“আমি অনেকদিন ধরে আমার সন্তানের বিচারের জন্য লড়াই করে যাচ্ছি। কিন্তু বিচার হবে কি না জানি না” বলেন সুদীপ্তের বাবা মেঘনাথ বিশ্বাস।
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যায় ষষ্ঠবারেও অভিযোগ গঠন পিছিয়ে যাওয়ায় হতাশা জানিয়ে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছে পরিবার।
মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালতে এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।
তবে এবারও আসামি পক্ষ মামলা থেকে অব্যাহতির আবেদন করায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ অক্টোবর নতুন তারিখ দিয়েছেন বিচারক।
বিচার শুরুতে বিলম্বের কারণে সুদীপ্তের বাবা মেঘনাথ বিশ্বাস হতাশা প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অনেকদিন ধরে আমার সন্তানের বিচারের জন্য লড়াই করে যাচ্ছি। কিন্তু বিচার হবে কি না জানি না।”
আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়ে অবসরপ্রাপ্ত এই স্কুল শিক্ষক মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়ে বলেন, “মৃত্যুর আগে হলেও এ সন্তান হত্যার বিচার দেখে যেতে চাই।”
সুদীপ্ত হত্যা মামলায় ছয় দফায় অভিযোগ গঠন পেছানোয় প্রায় আট মাস পেরিয়ে গেছে। এরআগে সবশেষ গত ১৮ জুলাই অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।
সেদিন সরকারি কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী বলেছিলেন, পাঁচ আসামির অব্যাহতির আবেদনে শুনানির জন্য সময় আবেদন করলে আদালত ‘শেষবারের মত’ সময় মঞ্জুর করে ৬ অক্টোবর অভিযোগ গঠনের তারিখ দিয়েছেন।
১৮ জুলাইয়ের পর অন্য আসামিরা অব্যাহতির আবেদন জমা দেন বলে জানান তিনি।
আদালতে মঙ্গলবারের শুনানির বিবরণ দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফখরুদ্দিন চৌধুরী বলেন, “আমরা চার্জগঠনের আবেদন করি। কিন্তু আসামিদের কয়েকজন অব্যাহতির বিষয়ে শুনানির জন্য সময় প্রার্থনা করেন।
“আগেও এই মামলায় চার্জের জন্য বেশ কিছু সময় দেওয়া হয়েছে উল্লেখ করে, আমরা সময়ের আবেদন নামঞ্জুর করে আজকে চার্জ গঠনের জন্য আবেদন করি।
“আদালত বাকি সাক্ষীদের অব্যাহতির শুনানি এবং অভিযোগ গঠনের জন্য ৩ অক্টোবর দিন নির্ধারণ করেছেন।”
মঙ্গলবার মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ৭ আসামির অব্যাহতির শুনানি হয়।
এছাড়া ২৪ আসামির মধ্যে এখন পর্যন্ত অব্যাহতির আবেদন করেছেন ১২ জন। আসামিদের মধ্যে মো. মামুন নামে একজন ছাড়া বাকিরা সবাই জামিনে আছেন।
এর আগে ২০ জুন আসামিরা সময় প্রার্থনা করায়, ২৬ মার্চ এক আসামি হাজির না থাকায়, ২২ মার্চ বিচারক ছুটিতে থাকায় এবং ১৯ জানুয়ারি আসামিরা সময়ের আবেদন করায় অভিযোগ গঠন পিছিয়ে যায়।
২০১৭ সালের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে।
পরে আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে আসামি করে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
অভিযোগপত্রে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে সুদীপ্ত খুনের ‘নির্দেশদাতা’ ও আইনুল কাদের নিপুকে ‘নেতৃত্বদানকারী’ হিসেবে বর্ণনা করা হয়।
আসামিদের মধ্যে ১৮ জন গ্রেপ্তার হয়েছিলেন। তাদের মধ্যে চারজন আদালতে জবানবন্দিও দিয়েছিলেন। পরে তাদের মধ্যে ১৭ জন জামিন পান।
২০১৯ সালের ১২ জুলাই মিজান হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে মাসুমের নাম বলার পর তিনি গ্রেপ্তার হন। এরপর ২০২০ সালের ২৯ জানুয়ারি জামিনে মুক্ত হন মাসুম।
আরও খবর:
