চট্টগ্রামে ইফতার সামগ্রী নিতে গিয়ে ‘ভিড়ের চাপে’ নারীর মৃত্যু
ওই ব্যবসায়ী প্রতি বছর ওই এলাকায় বিভিন্ন ঘরে ইফতার সামগ্রী বিতরণ করলেও এ বছরে নিজ বাড়িতে এ আয়োজন করেন, বলেন ওসি।
চট্টগ্রামে একজন ব্যবসায়ীর বাড়িতে ইফতার সামগ্রী আনতে গিয়ে ভিড়ের মধ্যে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার কিছু পরে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ফকিরহাট এলাকায় শিপিং ব্যবসায়ী রাজ্জাক চৌধুরী মাসুদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রোকসানা বোগম (৫৫)। তিনি ফকিরহাট এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী।
বন্দর থানার ওসি সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক ব্যবসায়ীর বাড়িতে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী আনতে গিয়ে ভিড়ের মধ্যে চাপা পড়েন ওই নারী। পরে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ওই ব্যবসায়ী প্রতি বছর ওই এলাকায় বিভিন্ন ঘরে ইফতার সামগ্রী বিতরণ করলেও এ বছরে নিজ বাড়িতে এ আয়োজন করেন।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ওসি।
