এসএসসি: প্রথম দিনে চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১৬০৭
এ বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৮৭৯ জন।
এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দেড় সহস্রাধিক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখা গেছে।
বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় চট্টগ্রাম, পার্বত্য তিন জেলা ও কক্সবাজার জেলার মোট এক লাখ ৩৯ হাজার ৮৭৯ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।
তাদের মধ্যে এক হাজার ৬০৭ জন অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
বোর্ডের তথ্য অনুযায়ী, পাঁচ জেলায় ২১৬টি কেন্দ্রের অধীনে এ বছরের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ১২৭টি, কক্সবাজারে ৩০টি, রাঙামাটিতে ২১টি, খাগড়াছড়িতে ২৩টি ও বান্দরবানে ১৫টি কেন্দ্র আছে।
উপস্থিতির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ৯৮ হাজার ৫৯৪ জনের অংশ নেওয়ার কথা থাকলেও এক হাজার ৭৯ জন পরীক্ষায় অংশ নেয়নি। কক্সবাজারে ২১ হাজার ৪০৪ জনের মধ্যে ২৮২ জন, রাঙামাটিতে ৭ হাজার ১৭৮ জনের মধ্যে ৭১ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ৭৩ জনের মধ্যে ১০৮ জন এবং বান্দরবানে চার হাজার ৬৩০ জনের মধ্যে ৬৭ জন পরীক্ষায় অংশ নেননি।
মহামারীর আগে মাধ্যমিক পরীক্ষা শুরু হত ফেব্রুয়ারিতে। মাঝে কয়েক বছর সেই নিয়মে ছেদ পড়ে। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা আগেই জানিয়েছিল সরকার।
২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এবারের পরীক্ষা নেওয়া হচ্ছে।
