চট্টগ্রামে তেলের ট্যাংকারে কন্টেইনারবাহী জাহাজের ধাক্কা
“বহির্নোঙরসহ চ্যানেল নিরাপদ রয়েছে,” বলেন বন্দর সচিব।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্যাংকারে ধাক্কা দিয়ে আটকে যায় একটি কন্টেইনারবাহী জাহাজ, যেটিকে চার ঘণ্টা পর সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে বন্দর সচিব মো. ওমর ফারুক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বহির্নোঙরে দাঁড়ানো তেলের ট্যাংকার ‘এমটি রাইনের’ সঙ্গে পানামার পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘এমভি ইয়াং ইউ-১১’ এর সংঘর্ষ হয়। সেসময় এমটি রাইনের নোঙ্গর ক্যাবলের সঙ্গে অপর জাহাজটির প্রপেলার আটকে যায়।
“বন্দরের টাগবোট কান্ডারি-১০, কান্ডারি-৪, বিএলভি লুসাই ও পাইলট ভ্যাসেল ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে কন্টেইনারবাহী জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেয়।”
দুর্ঘটনায় ক্ষতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘এমভি ইয়াং ইউ-১১’ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বহির্নোঙরসহ চ্যানেল নিরাপদ আছে। জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।
