২০৩৪ সালেই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে ‘প্রস্তুত’ সৌদি আরব
অনেক সমালোচনা ও বিরোধিতার মাঝেই এত বড় পরিসরে বিশ্বকাপ আয়োজনের ভাবনা নিয়ে নতুন নতুন প্রস্তাব আসছে।
নতুন ফরম্যাটে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপের অভিষেক হতেই এখনও এক বছরের বেশি সময় বাকি। এরই মধ্যে বেশ জোরোশোরেই চলছে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা। এবার যেমন, ২০৩৪ সালের বিশ্বকাপের স্বাগতিক সৌদি আরব ওই আসরেই ৬৪ দল নিয়ে আয়োজনের ইচ্ছা প্রকাশ করল।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৮ দলের প্রথম বিশ্বকাপ। শুরুতে এই পরিকল্পনা নিয়েও কিছু প্রশ্ন উঠেছিল, তবে অনেক আলোচনা শেষে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার (ফিফার) স্বদিচ্ছায় তা বাস্তব রূপ নিয়েছে।
৬৪ দলের বিশ্বকাপ নিয়েও মাঝেমধ্যে টুকটাক কথাবার্তা হয়েছে, যদিও এর পেছনে শক্ত কোনো ভিত কখনোই ছিল না। কিন্তু গত ৬ মার্চ ফিফার এক অনলাইন সভায় ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেন উরুগুয়ের প্রতিনিধি। সেটা তুমুল সমালোচনার জন্ম দেয়। আগে থেকেই এর তীব্র বিরোধিতা করা উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন ওই মাসেই উয়েফার কংগ্রেসে প্রস্তাবটি প্রত্যাখান করেন।
তাতেও এই আলোচনা থামেনি, বরং দিনে দিনে যেন তা আরও জোরাল হচ্ছে। কদিন আগে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্তা সংস্থা কনমেবলের পক্ষ থেকে ২০৩০ সালেই ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবার সৌদি আরবের ক্রীড়া মন্ত্রী জানালেন, ফিফা যদি চায় তাহলে ২০৩৪ সালে এই পরিসরে আসর আয়োজনে প্রস্তুত তারা।
“(৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে) আমরা প্রস্তুত, অথবা (ইনশাল্লাহ) আমরা প্রস্তুত থাকব। ফিফা যদি এমন সিদ্ধান্ত নেয় এবং মনে করে এটা সবার জন্য ভালো সিদ্ধান্ত হবে, তাহলে আমরা সেটা বাস্তবায়ন করার ব্যাপারে উচ্ছ্বসিত।”
গত ডিসেম্বরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০৩৪ বিশ্বকাপের স্বাগতিক স্বত্ব পায় মরু দেশটি। তবে, বিভিন্ন মানবাধিকার সংস্থা এর তীব্র বিরোধিতা করে।
