২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নারকে ‘গ্রেট’ মনে করেন না অস্ট্রেলিয়ার সাবেক কোচ

গ্রেট হতে হলে ভিন্ন কিছু লাগে, বলছেন অস্ট্রেলিয়ার দুটি বিশ্বকাপজয়ী কোচ জন বুকানন।

ওয়ার্নারকে ‘গ্রেট’ মনে করেন না অস্ট্রেলিয়ার সাবেক কোচ

ডেভিড ওয়ার্নার ও জন বুকানন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 01:34 PM

Updated : 10 Jan 2024, 01:38 PM

পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার সফলতম টেস্ট ওপেনার ডেভিড ওয়ার্নার। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেই ওপেনিংয়ে তার চেয়ে বেশি রান করেছেন কেবল দুজন। রেকর্ড ও অর্জন আছে তার আরও। তবে ‘গ্রেট’ হওয়ার জন্য সেসব যথেষ্ট নয় বলেই মনে করেন জন বুকানন। দুটি বিশ্বকাপজয়ী এই অস্ট্রেলিয়ান কোচের মতে, গ্রেট হতে হলে ভিন্ন কিছু লাগে।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়ার্নার। ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা তিনি দিয়েছেন। ১১২ টেস্টে ৮ হাজার ৭৮৬ রান তার, ১৬১ ওয়ানডেতে রান ৭ হাজারের কাছাকাছি আর ৯৯ টি-টোয়েন্টি খেলে করেছেন প্রায় ৩ হাজার রান। তিন সংস্করণ মিলিয়ে তার সেঞ্চুরি ৪৯টি।

টেস্ট ইতিহাসে ওপেনিংয়ে তার চেয়ে বেশি রান অস্ট্রেলিয়ার হয়ে কেউ করতে পারেননি। সব দেশ মিলিয়ে টেস্টে তার ওপরে আছেন কেবল অ্যালেস্টার কুক, সুনিল গাভাস্কার ও গ্রায়েম স্মিথ। তিন সংস্করণ মিলিয়ে ওপেনিংয়ে ওয়ার্নারের রান ১৮ হাজার ৩৬১। এখানে তার চেয়ে বেশি রান করেছেন কেবল সানাৎ জয়াসুরিয়া (১৯ হাজার ২৯৮) ও ক্রিস গেইল (১৮ হাজার ৮৬৭)। ওয়ার্নার এখনও টি-টোয়েন্টি খেলে যাবেন অস্ট্রেলিয়ার হয়ে। তাই সবার ওপরে ওঠার হাতছানি তার সামনে আছে।

তবে স্রেফ সংখ্যার এসব ঝনঝনানিতে মন মজেনি বুকাননের। অস্ট্রেলিয়ার ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ এবং ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী কোচ এসইএন রেডিওকে বললেন, তার কাছে গ্রেটদের মানদণ্ড একটু ভিন্ন। 

“আমার তা মনে হয় না (ওয়ার্নার গ্রেট)। অবশ্যই সে ক্যারিয়ারজুড়ে দারুণ পারফর্ম করেছে। একশর বেশি টেস্ট খেলে ৮ হাজারের বেশি রান করেছে, ১৬০ ওয়ানডে, ১০০টি টি-টোয়েন্টি খেলেছে। তার ব্যাটিং গড়ও বিভিন্ন সংস্করণ মিলিয়ে বেশ ভালো। খেলার ধরনের কারণে তার স্ট্রাইক রেটও দারুণ। পারফরম্যান্সের দিক থেকে সে ওখানেই (গ্রেটদের মতো) আছে।”

“তবে আমার মতে, খেলাটির গ্রেট তারা, যারা ব্যতিক্রমী কিছু করে এবং করেছে, যা অন্যরা পারে না। এজন্যই স্বয়ংক্রিয়ভাবে নাম চলে আসে ব্র্যাডম্যান, ম্যাকগ্রা, ওয়ার্নদের। আমার চোখে তারা গ্রেট। অন্যরা কাছাকাছি আসতে পারে। কিন্তু ঠিক একই কাতারের নয় এবং ওয়ার্নারকে আমি সেই কাতারে দেখি না।”

২০০৭ সালে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব ছাড়ার পর কিছুদিন অস্ট্রেলিয়ায় ক্রিকেট কোচদের শুভেচ্ছা দূত ছিলেন বুকানন। তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্বে সফল হতে পারেননি। ২০১০-১১ অ্যাশেজে ইংল্যান্ডের পরামর্শক হিসেবে অবশ্য তিনি কার্যকর ছিলেন বলেই ধারণা করা হয়। ২০১১ সালে নিউ জিল্যান্ড ক্রিকেটের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ হিসেবে নতুন অধ্যায় শুরু করেন তিনি। নানা বিতর্কের মুখে সেই দায়িত্ব ছেড়ে দেন ২০১৩ সালে।

৭০ বছর বয়সী সাবেক কোচ আপাতত অবসর জীবন কাটাচ্ছেন।