সাত হাজারে দেশের প্রথম মুশফিক
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অনেক কীর্তির মালিক মুশফিকুর রহিম এবার স্পর্শ করলেন নতুন মাইলফলক।
সম্ভাবনা জাগিয়েছিলেন প্রথম ইনিংসে। কিন্তু আলগা শটে আউট হয়ে হেলায় হারান সেই সুযোগ। তবে পরেরবার আর ভুল করলেন না মুশফিকুর রহিম। দেখেশুনে খেলে অভিজ্ঞ ব্যাটসম্যান স্পর্শ করলেন ৭ হাজার রানের মাইলফলক।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন মুশফিক। সব মিলিয়ে এই সংস্করণে ৭ হাজার রান করা বিশ্বের ৫৯তম ব্যাটসম্যান তিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শেষ দিন জোমেল ওয়ারিক্যানের বল আলতো করে লং অনের দিকে ঠেলে নবম রানটি নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করেন ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান। ছোট্ট করে হাত দেখিয়ে অভিবাদনের জবাব দেওয়া ছাড়া আর কোনো উদযাপন তিনি করেননি।
২০০৫ সালের মে লর্ডস টেস্ট দিয়ে শুরু হওয়া ক্যারিয়ারে ১০৭ ম্যাচ ও ১৯৭ ইনিংস ব্যাট করে ৭ হাজার রান করলেন মুশফিক। এই মাইলফলক ছোঁয়ার পথে ৩০ ফিফটির পাশাপাশি ১৪টি সেঞ্চুরি করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
সিলেট টেস্ট শুরুর আগে মাইলফলক থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসেই তিনি আশা জাগিয়েছিলেন সেটি পূরণের। কিন্তু ভালো শুরুর পরও ৩৪ রানে থাকতে ওয়ারিক্যানের বলে কভারে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ড্রেসিং রুমে।
দ্বিতীয় ইনিংস শুরুর আগে তাই বাকি থাকে ৯ রান। দ্রুত দুই ওপেনারের উইকেট হারানোর পর বাড়তি ঝুঁকি না নিয়ে দেখেশুনে খেলতে থাকেন মুশফিক। অনায়াসেই পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়।
এই সংস্করণে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের ৬ হাজার রানও নেই। ১৫২ ইনিংসে ৫ হাজার ২৯৩ রান নিয়ে তালিকার দুইয়ে মুমিনুল হক। এছাড়া অবসরের আগে ১৩৪ ইনিংসে ৫ হাজার ১৩৪ রান করেন তামিম ইকবাল।
মুশফিকের ১৪ সেঞ্চুরিও বাংলাদেশের রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ সেঞ্চুরি নিয়ে তার খুব কাছে মুমিনুল। এই তালিকায়ও তিন নম্বরে তামিম, ১০ সেঞ্চুরি। এছাড়া ৪৪টি পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেও এক নম্বরে মুশফিক। মুমিনুল ও তামিমের পঞ্চাশছোঁয়া ইনিংস সমান ৪১টি।
