১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের রেকর্ডগড়া সেঞ্চুরি ‘মেয়ের জন্য’

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করে মেয়েকে উৎসর্গ করলেন লিটন কুমার দাস, রেকর্ডে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিমকে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

জোহানেসবার্গ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 03:52 PM

Updated : 16 Nov 2026, 03:52 PM

দিনের খেলা শুরুর আগে লিফটে দেখা ক্রিস মরিসের সঙ্গে। বাংলাদেশের সংবাদকর্মী পরিচয় দেওয়ার পর সাবেক এই দক্ষিণ আফ্রিকান পেসার বললেন, “কালকে তো দিনটি দারুণ গেল তোমাদের। হৃদয় দারুণ খেলেছে, আার অবশ্য বেশি ভালো লেগেছে লিটনের ব্যাটিং…।” লিফট থেকে নামার পথে বলে গেলেন, “দেখা যাক, সেঞ্চুরির আগে ওকে থামানো যায় কি না…!”

নাহ, থামানো যায়নি লিটনকে। সেঞ্চুরি তিনি ঠিকই পূরণ করেছেন। ব্যাটিংয়ের সৌন্দর্য দিয়ে যেমন মুগ্ধতা ছড়িয়েছেন, তেমনি মায়াবি উষ্ণতার রেশ ছড়িয়ে দিলেন তিনি উদযাপনেও। ব্যাট আর হেলমেট উঁচিয়ে ধরার প্রথাগত ব্যাপার তো ছিলই। এর সঙ্গে তিনি উঁচিয়ে ধরলেন এক টুকরো কাগজ। যেখানে লেখা, “Happy Birthday My Princess. This century for you।”

সেই কাগজে ছোট্ট করে তার রাজকন্যার ক্যারিকেচারও আঁকা। উদযাপন দেখে প্রেসবক্সে দক্ষিণ আফ্রিকার সংবাদকর্মী ও অন্যরা সবাই বলে উঠলেন, ‘হাউ সুইট…’, ‘লাভলি’, এমন নানা কিছু।

লিটনের মেয়ে আনায়রার তিন বছর পূর্ণ হলো সোমবার। মেয়ের জন্মদিনে বাবার উপহার এই সেঞ্চুরি। উপহার তো আসলে দেশের জন্যও!

স্রেফ মেয়ের জন্মদিন বলেই নয়, এই সেঞ্চুরিটি বিশেষ কিছু আরেকটি কারণেও। এই ইনিংস তাকে পৌঁছে দিয়েছে একটি রেকর্ডের শীর্ষে।

লিটনের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি এটি। এর সাতটিই করলেন কিপার-ব্যাটার হিসেবে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা কিপার-ব্যাটার এখন তিনিই। ছাড়িয়ে গেলেন তিনি মুশফিকুর রহিমকে।

মুশফিকের ৬ সেঞ্চুরি এনেছে ১০৪ ইনিংসে। লিটন তাকে ছাড়িয়ে গেলেন ২১ ইনিংস কম খেলে।

বাংলাদেশের কিপারদের মধ্যে আর সেঞ্চুরি করেছেন কেবল খালেদ মাসুদ (১টি)।

লিটনের মাইলফলকের শেষ নয় এখানেই। টেস্ট ইতিহাসে কিপার-ব্যাটার হিসেবে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরি এখন তার। ৮ সেঞ্চুরিতে তার ঠিক ওপরে আছেন যৌথভাবে রিশাভ পান্ত ও লেস অ্যামিস। ১২টি সেঞ্চুরি করেছেন অ্যান্ডি ফ্লাওয়ার, ১৭ সেঞ্চুরিতে সবার ওপরে অ্যাডাম গিলক্রিস্ট।

২০১৫ সালের জুনে লিটনের টেস্ট অভিষেকের পর থেকে কিপার-ব্যাটার হিসেবে তার চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন কেবল রিশাভ পান্ত (৮টি)।

প্রথম সেঞ্চুরিটির জন্য অবশ্য দীর্ঘ অপেক্ষায় পুড়তে হয়েছে লিটনকে। টেস্ট ক্যারিয়ারের ছয় বছর পেরিয়ে যাওয়ার পর অবশেষে প্রথম শতরানের স্বাদ পান তিনি ২৬তম টেস্টে এসে। এরপর সেঞ্চুরি করাকে নিয়মিত রূপ দিয়েছেন তিনি। সেই প্রথম সেঞ্চুরি থেকে এখনও পর্যন্ত তার চেয়ে বেশি তিন অঙ্ক ছুঁতে পারেননি আর কোনো কিপার-ব্যাটার। এই সময়ে পাঁচটি সেঞ্চুরি করেছেন পান্ত।

লিটনের এই সেঞ্চুরিগুলোর বেশিরভাগই দলের প্রয়োজনের সময়। এমনিতে প্রয়োজন তো আসলে সবসময়ই। তবে দলের চরম বিপদে অনেকবারই ত্রাতা হয়েছেন তিনি। এই ইনিংসটিও তেমন আরেকটি।

যখন ক্রিজে গিয়েছিলেন, দল তখন কাঁপছে টানা দুই বলে উইকেট হারিয়ে। স্কোরবোর্ডে রান ৫ উইকেটে ১২১। কাগিসো রাবাদা তখন ফুঁসছেন। সেখান থেকেই তাওহিদ হৃদয়ের সঙ্গে রেকর্ডগড়া জুটিতে রচনা করেছেন ঘুরে দাঁড়ানোর আরেকটি স্মরণীয় অধ্যায়।

২০৬ রানের জুটিতে প্রথম দিনে আলোটা বেশি পড়েছে সেঞ্চুরিয়ান হৃদয়ের ওপরই। তবে তিনিও জ্বলেছেন আপন রূপে।

লিটন ছন্দে থাকলে যেমন খেলেন, নান্দনিকতা, আাভিজাত্য, সৌন্দর্য, স্কিল, ব্যাটিংকে অনায়াস করে ফুটিয়ে তোলা, সবকিছুই ছিল তার এই ইনিংসে। দক্ষিণ আফ্রিকার চার পেসারের আক্রমণ, স্পিনের প্রচেষ্টা, কোনো কিছুই পারেনি তাকে থামাতে।

প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন তিনি ৯২ রানে। দ্বিতীয় দিন সকালে বাকি পথটুকু পাড়ি দেন অনায়াসেই। ৯৮ থেকে মার্কো ইয়ানসেনকে পুল করে ছক্কায় পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে।

তার সেঞ্চুরির পরপর অন্য প্রান্তে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। লিটনের দায়িত্ব বেড়ে যায় আরও। দুটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। কিন্তু প্রিয় পুল শট ডেকে আনে তার পতন। ডেন প্যাটারসনের বলে শটটাকে নিচে রাখতে পারেননি বা রাখতে চাননি, শটে জোর ছিল না তেমন, বল চলে যায় সরাসরি ভিয়ান মুল্ডারের হাতে।

ইনিংসটা আরও বড় হলো না বলে আক্ষেপ থাকবে অবশ্যই। তবে রেকর্ড ও অর্জন এবং আরও একবার দলকে উদ্ধার করার তৃপ্তিও থাকবে।

আর থাকবে মিষ্টি একটি স্মৃতি। মেয়ের জন্য সেঞ্চুরি বলে কথা! ক্রিকেটীয় দিক থেকে আরও সমৃদ্ধ ইনিংস তিনি খেলেছেন, আরও খেলবেন। তবে তার সবচেয়ে আদুরে, সবচেয়ে ভালোবাসাময় সেঞ্চুরি হয়ে থাকবে হয়তো এটিই!