৪০ বছর বয়সে বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে উন্মুখ রোহিত
সামনে কী অপেক্ষা করছে, সেটা দেখতে চান ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার।
নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা চললেও, সেসবে কান দিচ্ছেন না রোহিত শার্মা। আগামী বছর ভারতের হয়ে চতুর্থ ওয়ানডে বিশ্বকাপ খেলার দিকেই পুরো মনোযোগ দেশটির তারকা এই ওপেনারের।
রোহিতের নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত। এরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তিনি। পরের বছর টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে দেন ডানহাতি ব্যাটসম্যান।
জাতীয় দলের জার্সিতে এখন কেবল ওয়ানডে খেলছেন রোহিত। তার অধিনায়কত্বে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত। শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় তারা।
সবকিছু ঠিক থাকলে, ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন শুবমান গিল।
আগামী বিশ্বকাপের সময় রোহিতের বয়স পেরিয়ে যাবে ৪০। অতদিন খেলা চালিয়ে যেতে পারবেন কিনা, বিশ্বকাপ দলে থাকার মতো ফিট থাকবেন কিনা, তাকে ঘিরে উঠছে এসব প্রশ্ন।
চলতি বছরের শুরুতে যেমন ইংল্যান্ড সফরের সময় খবর বের হয়, সিরিজটি শেষে রোহিতকে আর দলে রাখতে চায় না ভারত এবং এই পরিকল্পনার কথা তাকে জানিয়েও দিয়েছেন নির্বাচকরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেকে ভারতের জার্সিতে রোহিতের সম্ভাব্য শেষ ম্যাচ হিসেবেও দেখা হচ্ছিল। পরে অবশ্য সেসব উড়িয়ে দেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব দেভাজিৎ সাইকিয়া।
যে ম্যাচকে রোহিতের শেষ হিসেবে ধরা হচ্ছিল, সেটায় দুর্দান্ত এক ইনিংস উপহার দেন তিনি। ১৭টি চার ও পাঁচটি ছক্কায় ১১০ বলে করেন ১৩৮ রান। লর্ডসে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে সেঞ্চুরি করার কীর্তি করেন তিনি।
২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরও রোহিত প্রকাশ্যে বলেছিলেন, ‘শিগগিরই’ ওয়ানডে থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। জিওস্টারের সঙ্গে আলাপকালে সেই ইঙ্গিত দিলেন আরও একবার।
“আমার যে কাজ সেটা শেষ হয়ে গেছে, এমন ভাবনা কখনও মাথায় আসবে না। যতদিন খেলবেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য সবসময়ই নতুন কিছু থাকবে। আর আমি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি এবং সামনে আমার জন্য কী আছে সেটা দেখার অপেক্ষায় আছি।
“বিশ্বকাপ যখন হয়, যখন আমরা কোনো আইসিসি টুর্নামেন্ট খেলি, তখন সেটার নিজস্ব কিছু চ্যালেঞ্জ থাকে। কারণ, ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়, বিভিন্ন ভেন্যুতে খেলতে হয়। তাই প্রস্তুতিটাও ভিন্নভাবে নিতে হয়, ভাবতেও হয় ভিন্নভাবে। আর সেটাই চ্যালেঞ্জ।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়ে আবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন রোহিত। তিন ম্যাচের সিরিজটি শুরু রোববার।
