০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নিউ জিল্যান্ডে রোহিতের চেয়ে কোহলির সেঞ্চুরির ‘সম্ভাবনা বেশি’

নিজের এই ভাবনার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা।

নিউ জিল্যান্ডে রোহিতের চেয়ে কোহলির সেঞ্চুরির ‘সম্ভাবনা বেশি’

নিউ জিল্যান্ডে অনুশীলনে রোহিত শার্মা (বাঁয়ে) ও ভিরাট কোহলি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 09:25 PM

Updated : 02 Nov 2026, 09:25 PM

আন্তর্জাতিক ক্রিকেটে নিউ জিল্যান্ডের মাটিতে কখনও সেঞ্চুরি করতে পারেননি রোহিত শার্মা। ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান ক্যারিয়ারের সায়াহ্নে এসে সেই স্বাদ পাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছেন আসন্ন ওয়ানডে সিরিজে। যদিও এই সিরিজে তার চেয়ে বরং ভিরাট কোহলির সেঞ্চুরি করার সম্ভাবনা বেশি দেখছেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। নিজের এই ভাবনার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামী বুধবার অকল্যান্ডে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছর অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের জন্য এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ, রোহিত ও কোহলির জন্য সেটা আরও বেশি। কারণ, অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান এখন আন্তর্জাতিক ক্রিকেটে কেবল এই একটি সংস্করণেই খেলছেন।

দুজনই বর্তমানে দারুণ ছন্দে আছেন। সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুজনেই একটি করে সেঞ্চুরি করেন। একটি ম্যাচে ৯২ রানে আউট হন রোহিত।

এই সংস্করণে সবশেষ চার ইনিংসের মধ্যে রোহিতের সেঞ্চুরি দুটি।

পুজারা মনে করেন, নিউ জিল্যান্ডের কন্ডিশনে রোহিতের তুলনায় কোহলির সেঞ্চুরি করার সম্ভাবনা বেশি। এর কারণ হিসেবে দুজনের ভিন্ন ভিন্ন ভূমিকার কথা জিওস্টারে আলাপে উল্লেখ করেছেন তিনি।

“রোহিত যেভাবে ব্যাটিং করে, তাতে পাওয়ার প্লেতে দলকে ভালো সূচনা এনে দেওয়ার ভূমিকাটা তাকেই পালন করতে হয়। নিউ জিল্যান্ডের কন্ডিশনে হয়তো তার এই ভূমিকায় কিছুটা পরিবর্তন আসতে পারে, তখন হয়তো সেঞ্চুরির দিকে নজর দিতে পারবে সে। তবে ভিরাট কোহলির ক্ষেত্রে (সেঞ্চুরির) সম্ভাবনা একটু বেশি, কারণ সে তিন নম্বরে ব্যাট করে। তার খেলার ধরন অনেকটা দলের ইনিংসকে ধরে রাখার মতো।

“তিন নম্বরে ব্যাট করা ব্যাটসম্যানের জন্য ওয়ানডে সংস্করণে সেঞ্চুরি করা কিছুটা সহজ হয়ে যায়। ওপেনারদের ভূমিকাও নির্দিষ্ট থাকে, তবে নিউ জিল্যান্ডের কন্ডিশনে তাতে কিছুটা পরিবর্তন আসে। তাই আমার মনে হয়, নিউ জিল্যান্ডে রোহিতের চেয়ে কোহলির সেঞ্চুরি করার সম্ভাবনা বেশি।”

নিউ জিল্যান্ডে ওয়ানডেতে কোহলির রেকর্ড বেশ ভালো; সেখানে ১৩ ইনিংসে ৪৯.৬৬ গড়ে ৫৯৬ রান করেছেন তিনি। সেঞ্চুরি আছে একটি, দেশটিতে নিজের প্রথম ওয়ানডে ম্যাচেই ২০১৪ সালে ওই সেঞ্চুরি করেছিলেন তিনি। এছাড়া ফিফটি আছে চারটি। নিউ জিল্যান্ডে একটি টেস্ট সেঞ্চুরিও আছে তার।

অন্যদিকে, রোহিত নিউ জিল্যান্ডে ওয়ানডেতে ১৩ ইনিংসে ৩৬.৪১ গড়ে ৪৩৭ রান করেছেন, ফিফটি আছে চারটি। সর্বোচ্চ ইনিংস ৮৭।

দেশটিতে টেস্টে চার ইনিংসে রোহিতের সর্বোচ্চ ৭২, আর টি-টোয়েন্টিতে আট ইনিংসে সর্বোচ্চ ৬৫।