০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

‘মেগাস্টার হয়েও মাটির মানুষ’, কোহলিতে মুগ্ধ কিউই পেসার

মহাতারকা হয়েও যেভাবে মাটিতে পা রাখেন ভিরাট কোহলি, তাতে অভিভূত তার আইপিএল সতীর্থ ও নিউ জিল্যান্ডের পেসার জেকব ডাফি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 01:51 PM

Updated : 01 Nov 2026, 01:51 PM

ভারতে ভিরাট কোহলির জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার আছে সামান্যই। গত আইপিএলে তা আরও ভালোভাবে বুঝেছেন জেকব ডাফি। তবে একই দলে খেলে কাছ থেকে দেখে অন্য উপলব্ধিও হয়েছে তার। মহাতারকা হয়েও কোহলি যেভাবে পা মাটিতেই রাখেন, তাতে অভিভূত নিউ জিল্যান্ডের এই পেসার।

আইপিএল অভিষেকে গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন ডাফি। এই ফ্র্যাঞ্চাইজির কিংবদন্তি কোহলির সঙ্গে ঘনিষ্ঠতাও হয়েছে তার।

কোহলি এখন আছেন ডাফির দেশেই। নিউ জিল্যান্ডে চলতি টি-টোয়েন্টি সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ভারতীয় দল। কোহলি এখন দেশের হয়ে কেবল এই সংস্করণেই খেলেন।

মাঠের লড়াইয়ের আগে অকল্যান্ডে এর মধ্যেই দেখা দুজনের। সেখানে আবারও কোহলির আন্তরিকতার ছোঁয়া পেয়েছেন ডাফি।

“গতকাল তার (কোহলির) সঙ্গে দেখা হয়েছে আমার। তিনি জিমে ছিলেন। সেখানে তার সঙ্গে হঠাৎ দেখা হওয়াটা দারুণ ছিল। আমার সঙ্গে খুবই আন্তরিক ব্যবহার করেছেন।

“এমন একজন মানুষ, ভারতে যিনি প্রায় ধর্মীয় গুরুর মতো—যিনি সেখানে একজন মেগাস্টার—তার মতো একজন এতটা মাটির মানুষ হওয়া... এবং বেঙ্গালুরুতে আমাদের মতো বিদেশিদের যেভাবে তিনি আলিঙ্গন করে নেন, সবই চমৎকার ব্যাপার। তার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। যেহেতু তার সঙ্গে একই ড্রেসিংরুমে থেকেছি, তার বিপক্ষে খেলতে পারাটা দারুণ হবে।”

আইপিএলের দুই সতীর্থ এবার আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হবে দ্বিতীয়বার। আগেরবারের লড়াইটি ছিল সেই ২০২৩ সালে। ডাফির অভিজ্ঞতা সেদিন ছিল অম্লমধুর। ১০ ওভারে ১০০ রান দিয়েছিলেন তিনি, তবে তিনটি উইকেট নিয়েছিলেন, এর মধ্যে ছিল কোহলির উইকেটও।

আইপিএল দলের নেটে দুজন একসঙ্গে সময় কাটিয়েছেন অনেক। পরস্পরের সম্পর্কে তাই ভালো জানাশোনা আছে দুজনেরই।

“নিজের কাজের প্রতি তার নিষ্ঠা অসাধারণ। নেটে তাকে অনেক বল করেছি। কারণ নেটে সবসময় তিনি প্রথম ব্যাটসম্যান আর আমি প্রথম বোলার ছিলাম। আমরা আসলে নেটে পরস্পরের মুখোমুখি হয়ে অনেক সময় কাটিয়েছি, তাই ব্যাপারটা বেশ দারুণ। তবে তিনিও যেহেতু আমার বোলিং অনেক খেলেছেন, তার প্রস্তুতিও ভালোভাবে হবে।”

আইপিএলের সময় খেলার বাইরেও দুজনের কথাও হয়েছে অনেক। ডাফি জানালেন, ভারতের বিভিন্ন মাঠের বোলিং কৌশল নিয়ে কোহলির কাছ থেকে অনেক কিছু জেনেছেন তিনি।

“খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে অনেক কথা বলেছি আমরা। আমরা ভারতের নির্দিষ্ট কিছু উইকেট নিয়ে কথা বলেছি। কিছু উইকেট বেশ ভিন্ন ধরনের হয়। ওই ধরনের উইকেটের বিভিন্ন লাইন ও লেংথ নিয়ে তিনি অনেক কথা বলেছেন এবং কীভাবে তিনি মানিয়ে নেন আর আমিও কীভাবে মানিয়ে নিতে পারি, এসব নিয়েও আলোচনা করেছে। তার কাছ থেকে ভেতরের এই ধরনের তথ্যগুলি বেশ গুরুত্বপূর্ণ ছিল।”

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু বুধবার।