১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের আর্চারিতে ফাইনালে সাইমা

বন্যা আক্তারের পর বাংলাদেশের এই আর্চারও উঠেছেন আরেকটি ইভেন্টের সেরা হওয়ার লড়াইয়ে।

ইরাকের আর্চারিতে ফাইনালে সাইমা

রিকার্ভ নারী এককের ফাইনালে উঠেছেন সাইমা সালাহ উদ্দিন। ছবি: বাংলাদেশ আর্চারি ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 09:35 PM

Updated : 28 Oct 2026, 01:06 AM

দিনের শুরুতে কম্পাউন্ড এককের ফাইনালে উঠে বন্যা আক্তার এনে দেন খুশির খবর। বাংলাদেশের আনন্দ আরও বাড়ল সাইমা সালাহ উদ্দিনের ঝলমলে পারফরম্যান্সে। বাংলাদেশের এই আর্চারও উঠলেন এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারির (স্টেজ-২) রিকার্ভ নারী এককের ফাইনালে।

ইরাকের সুলায়মানিয়াহতে মঙ্গলবার সেমি-ফাইনালে কাজাখস্তানের জেমলিয়ানোভা আলেক্সান্দ্রাকে ৬-৪ সেট পয়েন্টে হারান সাইমা। পাঁচ সেটে গড়ানো লড়াইয়ে তিনি জেতেন ৩-২ ব্যবধানে।

‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা সাইমা শেষ ষোলোয় পাকিস্তানের নাহিদ নিঘাতকে উড়িয়ে দেন ৬-০ সেট পয়েন্টে। এরপর কোয়ার্টার-ফাইনালে একই ব্যবধানে তিনি গুঁড়িয়ে দেন আজারবাইজানের প্রতিযোগী আব্দুরহমানোভা লালাকে।

বৃহস্পতিবার সাইমার সোনার পদকের লড়াইয়ে নামবেন ইরানের ফাল্লাহ মোবিনার বিপক্ষে।

রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ সেমি-ফাইনালে ৬-৪ সেট পয়েন্টে হেরেছেন। তিনি খেলবেন ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে।

কম্পাউন্ড পুরুষ এককের দুই সেমি-ফাইনালে নেওয়াজ আহমেদ রাকিব ১৪৫-১৪০ স্কোরে এবং তরিকুল ইসলাম ১৪৪-১৪৫ স্কোরে হেরেছে। রাকিব ও তরিকুল মুখোমুখি হবেন ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে।