২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ব্যাডমিন্টনে নতুন চ্যাম্পিয়ন লিকা পোদ্দার ও রাজিন

টানা খেলার কারণে অনেক শাটলারের মাসল ক্র্যাম্প হয়েছে, একই কারণে পুরুষ এককের ফাইনালে খেলতেই পারেননি সিবগাত উল্লাহ।

ব্যাডমিন্টনে নতুন চ্যাম্পিয়ন লিকা পোদ্দার ও রাজিন

নারী এককের শিরোপা জয়ের আনন্দ লিকা পোদ্দারের। ছবি: ব্যাডমিন্টন ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 08:05 PM

Updated : 29 Oct 2026, 08:05 PM

জাতীয় ব্যাডমিন্টনের নারী এককের ফাইনালে হলো উপভোগ্য লড়াই। শেষ পর্যন্ত উর্মি আক্তারকে হারিয়ে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসলেন লিকা পোদ্দার।

পুরুষ এককের ফাইনাল হয়নি। মাসল ক্র্যাম্প করায় ফাইনালে খেলতে পারেননি সিবগাত উল্লাহ। তাই বিজয়ী ঘোষণা করা হয় সিলেট ডিএসএর রাজিন আহমেদকে।

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ স্টেডিয়ামে বৃহস্পতিবার সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর উর্মিকে ২২-২০, ১১-২১, ২১-১৮ পয়েন্টে হারান লিকা। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে খেলা এই শাটলার সিনিয়র পর্যায়ে এই প্রথম পেলেন ট্রফির স্বাদ।

লিকার উঠে আসা খুলনার মংলা থেকে। মৎস্যজীবী পরিবারে বেড়ে ওঠা ২৪ বছর বয়সী এই শাটলার উঠে এসেছেন দীর্ঘ সংগ্রাম ও কষ্টের পথ পাড়ি দিয়ে। আর্থিক সংকটের সময়ে তিনি পাশে পান ‘এলোরা শাটলিন একাডেমি’ ও কাওসাকি ব্র্যান্ডের। তাদের পৃষ্ঠপোষকতায় এতদূর আসা লিকার। তিনি এখন ছুটতে চান আপন গতিতে।

“পাঁচ বছরের সিনিয়র ক্যারিয়ারের এই প্রথম ফাইনালে এসে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না আমি। শতভাগ পরিশ্রম ও আত্মবিশ্বাসকে পুঁজি করে আগামী দিনেও শিরোপা ধরে রাখতে চাই। আন্তর্জাতিক অঙ্গনে দেশকে গৌরবের উপলক্ষ এনে দিতে চাই।”

পুরুষ দ্বৈতে বাংলাদেশ আনসারের মোয়াজ্জেম হোসেন ওহীদুল-শুভ খন্দকার জুটি ২২-২৪, ২১-১৮, ২৬-২৪ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমার-এস এম সিফাত উল্লাহ জুটিকে হারিয়েছে।

নারী দ্বৈতে সেনাবাহিনীর বৃষ্টি খাতুন-এস কে পৃথা জুটি ২৩-২১ ও ২১-১৭ পয়েন্টে নারায়ণগঞ্জের লিকা পোদ্দার ও স্মৃতি রাজবংশী জুটিকে হারিয়েছেন।

মিশ্র দ্বৈতের ফাইনালে মুখোমুখি হয়েছিল সেনাবাহিনীর দুই জুটি। আল আমিন জুমার-উর্মি জুটি ২১-১৭, ২১-১৪ পয়েন্টে জিতেছেন তামিম হাসান-এস কে পৃথা জুটির বিপক্ষে।