বায়ু দূষণের দিল্লিতে শর্ট বলের 'দূষণ' কাটানোর চেষ্টায় সাকিব
এবারের বিশ্বকাপে ৬ ইনিংসের ৫টিতেই শর্ট বলে আউট হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
অরুন জেটলি স্টেডিয়ামের মূল মাঠের ঠিক পাশে নেট অনুশীলনের জায়গা। এক প্রান্তের নেটে ব্যাট করছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই নেটেই ব্যাট করার অপেক্ষায় বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন সাকিব আল হাসান। এক পর্যায়ে তিনি এগিয়ে গিয়ে শান্তকে বললেন, “অনেক হয়েছে, এবার সর তো…।” শান্ত পেছন ফিরে বললেন, “ভাই, আর ৫ মিনিট!”
শান্তকে সেই সময়টা দিলেন সাকিব। এই নেটে সময়টুকু শেষ করে অন্য নেটে গেলেন শান্ত। এরপর নেটে নামলেন বাংলাদেশ অধিনায়ক। তার অনুশীলন সেশন কেমন হলো, সেই কৌতূহল তো সবসময়ই থাকে। তবে এ দিন আগে থেকেই নজর কাড়ছিল তার ব্যাট। সেখানে দেখা গেল নতুন স্টিকার।
এমনিতে পেশাদার ক্রিকেটারদের স্পন্সর তো বদল হতেই থাকে। সাকিবকে নিয়ে তবু বাড়তি কৌতূহলের কারণ, কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার ব্যাট-গ্লাভস ছিল ফাঁকা। এটা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনাও গত কয়েকদিন ধরে। অবশেষে বোঝা গেল, স্পন্সরশিপ বদলের প্রক্রিয়া চলছিল। দিল্লিতে শনিবার সন্ধ্যায় অনুশীলনে দেখা যায়, বিশ্বখ্যাত এক ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্টিকার সাকিবের ব্যাটে।
সাকিব যখন উইকেটে গেলেন, তার মুখে ছিল মাস্ক। প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে, টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, সহকারী কোচ নিক পোথাস, নির্বাচক হাবিবুল বাশার ও ক্রিকেটারদের বেশ কজনকে মাস্ক লাগিয়ে অনুশীলন করতে দেখা যায়। দিল্লির দূষণ থেকে যতটুকু রক্ষা করা যায় নিজেদের!
বায়ু দূষণের কারণে এ দিন অনুশীলন বাতিল করে দেয় শ্রীলঙ্কা দল। ২০১৭ সালে এই মাঠেই টেস্ট খেলতে এসে দূষণের কারণে তাদের বেশ কজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছিলেন। এবার দলীয় চিকিৎসকের পরামর্শে তারা অনেক সতর্কতা অবলম্বন করছেন। দিল্লির ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ শনিবারও ছিল চারশর বেশি, মানে মারাত্মক পর্যায়ে।
বাংলাদেশ আগের দিন অনুশীলন বাতিল করলেও এ দিন ঝুঁকি নিয়েই ঘাম ঝরিয়ে যায়। তবে রানিং সেশন বা লম্বা ফিল্ডিং সেশন ছিল না। হালকা গা গরম করে সবাই নেটে চলে যান। ক্রিকেটারদের যারা মাস্ক পরেছিলেন, তাদের বেশ কজন অবশ্য অনুশীলনের মাঝপথে খুলেও ফেলেন তা।
সাকিবের নেট সেশনে চোখে পড়ার মতো ব্যাপার ছিল শর্ট বল খেলার অনুশীলন। শুরুতে যে নেটে তিনি যান, সেখানে থ্রো ডাউন করছিলেন সহকারী কোচ নিক পোথাস। সাকিব প্রথমে কিছুক্ষণ হালকা নক করে ও ড্রাইভ করে পরে শুধুই শর্ট বল খেলার অনুশীলন করে যান। মূলত পুল শটই খেলতে থাকেন।
এই বিশ্বকাপে ৬ ইনিংসের ৫টিতেই সাকিব আউট হয়েছেন শর্ট বল বা শর্ট অব লেংথ বলে। এর মধ্যে চারটিতেই আউট হয়েছেন পুল করতে গিয়ে। বলার অপেক্ষা রাখে না, এখানেই নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তিনি।
পুল খেলার সময় নিজর ‘ট্রিগার মুভমেন্ট’, হেড পজিশন ও শরীরের পজিশন নিয়ে বাড়তি সতর্ক দেখা গেল তাকে। বারবার এসব ঠিকঠাক করছিলেন। তার এই পুল শট খেলার অনুশীলন চলল লম্বা সময় ধরে। পরে অন্য নেটে গিয়ে আবার ব্যাটিং করলেন। মাঝখানে একটু বিরতি দিয়ে কথা বললেন হাথুরুসিংহের সঙ্গে। তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হলো, ‘ট্রিগার মুভমেন্ট’ নিয়েই কিছু একটা আলোচনা করছিলেন তারা। পরে আবার নেটে গিয়ে ব্যাটিং করেন তিনি। সব মিলিয়ে বেশ লম্বা ছিল তার ব্যাটিং সেশন।
এই বিশ্বকাপে অবশ্য নিয়মিতই তাকে দেখা যাচ্ছে লম্বা ব্যাটিং সেশন করতে। কিন্তু ম্যাচে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে তিনি পরেননি। ৬ ইনিংস মিলিয়ে রান তার ১০৪। কোনো ফিফটির স্বাদ এখনও পাননি। কিছু করে দেখানোর সুযোগ আর স্রেফ দুটি আছে তার হাতে। নতুন স্পন্সর, ব্যাটে নতুন স্টিকার নিয়ে নিজেকে নতুনভাবে মেলে ধরার চ্যালেঞ্জ তার।
অনুশীলনে খুব বেশি অস্বস্তিতে পড়তে দেখা যায়নি কাউকে। দলীয় চিকিৎসক বায়েজিদুল ইসলাম সতর্ক দৃষ্টি রাখছিলেন সবার দিকেই।
ঐচ্ছিক অনুশীলন না হলেও এ দিন ছিলেন না লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। অনুশীলনের জন্য দল থেকে কাউকে বাধ্য করা হয়নি বলে জানালেন টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম।
