বায়ার্নের অনুশীলন মাঠে ফিরেছেন ভেসোঁ কম্পানি
মাঠের বাইরে কঠিন কিছুদিন কাটিয়ে আবার দলের সঙ্গে এই বেলজিয়ান কোচ।
বেশ কিছুদিন পুরোপুরি ফুটবলের বাইরে থাকার পর, আবার চেনা আঙিনায় ফিরেছেন বায়ার্ন মিউনিখের কোচ ভেসোঁ কম্পানি। এই সপ্তাহে দলের অনুশীলন মাঠে তার আসার কথা জানিয়েছে ক্লাবটি।
আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে অধিকাংশ ফুটবলার নিজ নিজ জাতীয় দলে যোগ দেওয়ায় মঙ্গলবার পূর্ণ অনুশীলন সেশন করেনি বায়ার্ন। আগামী ২০ নভেম্বর বুন্ডেসলিগায় কোলনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে দলটি।
গত মাসে বেশ শারীরিক সমস্যায় ভুগতে হয় কম্পানিকে। প্রথমে ভাইরাসে আক্রান্ত হন এবং তা থেকে সেরে ওঠার মাঝেই বায়ার্নের রিজার্ভ দলের অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
পরে অবস্থা স্থিতিশীল হলেও জানানো হয়, কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। হাসপাতাল থেকে ফিরে এরপর বাড়িতে ছিলেন কম্পানি। তাকে পুরোপুরি বিশ্রাম দিতে ক্লাবের পক্ষ থেকে সবাইকে তার সঙ্গে ফুটবল নিয়ে কোনো আলোচনা না করা নির্দেশ দেওয়া হয়েছিল।
এই বেলজিয়ান কোচের মাঠে ফেরা নিয়ে বায়ার্নের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, এখনও তার চিকিৎসা চলছে।
“কম্পানি সেরে ওঠার পথে আছেন এবং অনুশীলন মাঠে ফিরেছেন। প্রধান কোচ এখনও চোটাক্রান্ত কাঁধের পুনর্বাসনে আছেন।”
কম্পানির অনুপস্থিতিতে তার সহকারী অ্যারন ড্যাঙ্কসের কোচিংয়ে পাঁচটি ম্যাচ খেলেছে বায়ার্ন।
