সাকিব-মিরাজের স্পিনে কাবু আফগান ব্যাটিং
শুরুটা বেশ ভালো করেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি আফগানিস্তান।
উদ্বোধনী জুটি ভেঙে পথটা খুলে দেন সাকিব আল হাসান। খানিক পর ফের আঘাত হানেন তিনি। অধিনায়কের দেখানো পথে উইকেট শিকারে যোগ দেন মেহেদী হাসান মিরাজও। দুই স্পিনারের ক্ষুরধার বোলিংয়ের সামনে সেভাবে দাঁড়াতে পারেনি আফগান ব্যাটসম্যানরা।
ধারামশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সমান ৩টি করে উইকেট নিয়েছেন সাকিব ও মিরাজ। তিন পেসার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ পেয়েছেন বাকি ৪টি। ইনিংসের ৭৬ বল বাকি থাকতেই আফগানিস্তান গুটিয়ে গেছে ১৫৬ রানে।
বৈশ্বিক এই টুর্নামেন্টে সাকিবের উইকেট এখন ৩৭টি। স্পিনারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট রয়েছে কেবল মুত্তিয়া মুরালিধরন (৬৮) ও ইমরান তাহিরের (৪০)।
মিরাজের ৮ ম্যাচের বিশ্বকাপ ক্যারিয়ারে এটিই সেরা বোলিং। গত আসরে তিনি সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছিলেন দুই ম্যাচে।
টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উদ্বোধনী জুটিতে শুরুটা মন্দ ছিল না আফগানদের। ৮ ওভারে তারা করে ফেলে ৪৭ রান।
নবম ওভারে ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে জুটি ভাঙেন সাকিব। অফ সাইডে ফিল্ডার বাড়িয়ে ইব্রাহিমকে অনসাইডে খেলার জন্য প্রলুব্ধ করেন বাংলাদেশ অধিনায়ক। ফাঁদে পা দিয়ে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন ইব্রাহিম।
দ্বিতীয় স্পেলে ষোড়শ ওভারে ফিরে রেহমাত শাহকেও আউট করেন সাকিব। এরপর উইকেট শিকারে যোগ দেন মিরাজ। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির বিপক্ষে টানা ডট বল করার পুরস্কার পান তিনি। রানের গতি ধীর হয়ে আসায় তেড়েফুঁড়ে মারতে গিয়ে ক্যাচ দেন ৩৮ বলে ২৮ রান করা শাহিদি।
ফিফটির সম্ভাবনা জাগানো গুরবাজকে ফেরান মুস্তাফিজ। সাকিবের শেষ শিকার নাজিবউল্লাহ জাদরান। শেষ দিকে রাশিদ খান ও মুজিব উর রহমানকে বোল্ড করেন মিরাজ। তাসকিন ওড়ান মোহাম্মদ নাবির স্ট্যাম্প। শরিফুলের বলে প্যাডে লেগে বোল্ড হন আজমতউল্লাহ ওমারজাই।
কোনোমতে দেড়শ পেরোনো আফগান ইনিংসের সমাপ্তি টানেন শরিফুল। পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন নাভিন উল হাক।
