শ্রীলঙ্কার নাটকীয় ব্যাটিং ধসের পর অস্ট্রেলিয়ার অনায়াস জয়
চলতি বিশ্বকাপে টানা দুই হারের পর প্রথম জয় পেল অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা হারল প্রথম তিন ম্যাচেই।
শতরানের উদ্বোধনী জুটি আর দুই ওপেনারের ফিফটির পর শ্রীলঙ্কার জন্য তিনশ ছাড়ানো পুঁজি মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু নাটকীয় ব্যাটিং ধসে তারা গুটিয়ে গেল দুইশ পেরিয়েই। পরে বোলিংয়ে চেষ্টা করলেও তা যথেষ্ট হলো না। বোলারদের নৈপুণ্যের পর মিচেল মার্শ ও জশ ইংলিসের ফিফটিতে জিতল অস্ট্রেলিয়া।
লক্ষ্ণৌতে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে প্যাট কামিন্সের দলের জয় ৫ উইকেটে।
চলতি বিশ্বকাপে উভয় দলই তাদের প্রথম দুই ম্যাচে হারের পর মুখোমুখি হয় এই ম্যাচে। অস্ট্রেলিয়া পেল প্রথম জয়। শ্রীলঙ্কা বন্দি রইল হারের বৃত্তেই।
লঙ্কানদের জন্য গল্পটা এ দিন অন্যরকমও হতে পারত। ১২৫ রানের উদ্বোধনী জুটির পর ২৭তম ওভারে ১ উইকেটে ১৫৭ রানের শক্ত অবস্থানে ছিল তারা, সেখান থেকে পথ হারিয়ে অল আউট হয় ২০৯ রানে।
শুরুর দুই ব্যাটসম্যান পাথুম নিসানকা (৬৭ বলে ৬১) ও কুসাল পেরেরা (৮২ বলে ৭৮) ছাড়া দুই অঙ্কে যেতে পারেন কেবল আর একজন- চারিথ আসালাঙ্কা (২৫)।
৪৭ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। ম্যাচের সেরাও তিনিই। দুই পেসার মিচেল স্টার্ক ও কামিন্স ধরেন দুটি করে শিকার।
জবাবে শুরুতে দুই উইকেট হারালেও শেষ পর্যন্ত অনায়াসেই ৮৮ বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
মার্শ ৫১ বলে ৯ চারে করেন ৫২ রান। ৫৯ বলে ৫ চার ও এক ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলেন কিপার-ব্যাটসম্যান ইংলিস।
এ দিন টস হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেন নিসানকা ও পেরেরা। পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার রান ছিল বিনা উইকেটে ৫১।
এরপর বাড়ে রানের গতি। অষ্টাদশ ওভারে স্পর্শ করে দলের শতরান। পেরেরা ফিফটি করেন ৫৭ বলে। পঞ্চাশ ছুঁতে নিসানকার লাগে ৫৮ বল।
নিসানকাকে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। দারুণ ক্যাচ নেন ডেভিড ওয়ার্নার। এরপর পেরেরা ও কুসাল মেন্ডিসের ব্যাটে এগিয়ে যায় শ্রীলঙ্কা। কিন্তু দেড়শ পার হওয়ার পর পেরেরার বিদায়ের পরপরই পাল্টে যায় চিত্র।
জ্যাম্পা পরপর দুই ওভারে বিদায় করেন মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামাকে। সেই পথ ধরে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন চারিথ আসালাঙ্কা, ধানাঞ্জয়া ডি সিলভাসহ বাকিরা।
মাঝে বৃষ্টিতে প্রায় আধা ঘণ্টা খেলা বন্ধ থাকলেও শ্রীলঙ্কার ব্যাটিংয়ের চিত্র বদলায়নি। ৮৪ রানের মধ্যে তারা হারায় সবগুলো উইকেট।
রান তাড়ায় লাহিরু কুমারার প্রথম ওভারে ওয়ার্নারের চার ও ছক্কায় ১৫ রান নিয়ে শুরু করে অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে তারা খায় জোড়া ধাক্কা। নিজের আগের ওভারে মেডেন নেওয়ার পর এবারও কোনো রান না দিয়ে ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে এলবিডব্লিউ করে দেন দিলশান মাদুশানকা।
আগ্রাসী ব্যাটিংয়ে মিচেল মার্শ ফিফটি করেন ৩৯ বলে। এরপর আর ইনিংস বেশিদূর টেনে নিতে পারেননি তিনি। রান আউট হন দ্বিতীয় রানের চেষ্টায়।
মার্নাস লাবুশেনকে এ দিন শুরুতে একবার কট বিহাইন্ডের আবেদনে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। ব্যাটসম্যান রিভিউ নেওয়ার পর দেখা যায়, বল ব্যাটে লাগেনি।
বেঁচে গিয়ে ইংলিসের সঙ্গে ৭৭ রানের জুটিতে দলকে জয়ের পথে এগিয়ে নেন লাবুশেন। ফিফটির সম্ভাবনা জাগিয়ে বিদায় নেন তিনি ৬০ বলে ৪০ রান করে।
বিশ্বকাপে প্রথম ফিফটির পর দলের জয় থেকে ১৮ রান দূরে থাকতে ইংলিস ফিরলেও বাকিটা অনায়াসে সারেন ম্যাক্সওয়েল (২১ বলে ৩১) ও স্টয়নিস (১০ বলে ২০)।
১৯৯৬ বিশ্বকাপের ফাইনালের পর বিশ্ব মঞ্চে আট ম্যাচে অস্ট্রেলিয়াকে আর হারাতে পারেনি শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৩.৩ ওভারে ২০৯ (নিসানকা ৬১, পেরেরা ৭৮, মেন্ডিস ৯, সামারাউইক্রামা ৮, আসালাঙ্কা ২৫, ধানাঞ্জয়া ৭, ওয়েলালাগে ২, কারুনারত্নে ২, থিকশানা ৯, কুমারা ৪, মাদুশানকা ০*; স্টার্ক ১০-০-৪৩-২, হেইজেলউড ৭-১-৩৬-০, কামিন্স ৭-০-৩২-২, ম্যাক্সওয়েল ৯.৩-০-৩৬-১, জ্যাম্পা ৮-১-৪৭-৪, স্টয়নিস ২-০-১১-০)
অস্ট্রেলিয়া: ৩৫.২ ওভারে ২১৫/৫ (মার্শ ৫২, ওয়ার্নার ১১, স্মিথ ০, লাবুশেন ৪০, ইংলিস ৫৮, ম্যাক্সওয়েল ৩১*, স্টয়নিস ২০*; কুমারা ৪-০-৪৭-০, মাদুশানকা ৯-২-৩৮-৩, থিকশানা ৭-০-৪৯-১, ওয়েলালাগে ৯.২-০-৫৩-১, কারুনারত্নে ৩-০-১৫-০, ধানাঞ্জয়া ৩-০-১৩-০)
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেট জয়ী
ম্যান অব দা ম্যাচ: অ্যাডাম জ্যাম্পা
