২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিচেলের শতক, এসেই শামির ৫ উইকেট

প্রথম ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে দুবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন মোহাম্মদ শামি।

মিচেলের শতক, এসেই শামির ৫ উইকেট

ড্যারিল মিচেল (বাঁয়ে) ও মোহাম্মদ শামি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 06:55 PM

Updated : 22 Oct 2023, 07:27 PM

ভারতের প্রথম চার ম্যাচে বাইরে থাকা মোহাম্মদ শামি একাদশে সুযোগ পেয়েই উপহার দিলেন চমৎকার বোলিং। পাঁচ উইকেট নিয়ে রাঙালেন ফেরা। গড়লেন দারুণ এক কীর্তিও। ড্যারিল মিচেলের অসাধারণ এক শতকে নিউ জিল্যান্ড পেল লড়াইয়ের পুঁজি।

চলতি বিশ্বকাপের দুই অপরাজিত দলের লড়াইয়ে রোববার ধারামশালায় ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ড করেছে ২৭৩ রান।

৭০ রানে জীবন পেয়ে ১২৭ বলে ১৩০ রানের ইনিংস খেলেন মিচেল। বিশ্বকাপে তার প্রথম শতকের ইনিংসটি গড়া ৯ চার ও ৫ ছক্কায়।

১০ ওভারে ৫৪ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার শামি। প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপে দুইবার তিনি পেলেন এই স্বাদ। ২০১৯ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ৬৯ রানে।

৩৩ বছর বয়সী এই পেসারের ৯৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে পাঁচ উইকেট আছে আর একবারই। বিশ্বকাপের আগে গত মাসে মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৫১ রানে ৫টি।

বিশ্বকাপে ভারতের হয়ে একবার করে পাঁচ উইকেট আছে পাঁচ জনের- কপিল দেব, ভেঙ্কটেশ প্রসাদ, রবিন সিং, আশিস নেহরা ও ইউভরাজ সিং।

ম্যাচে নিজের প্রথম বলেই উইকেট প্রাপ্তির আনন্দে মাতেন শামি। নবম ওভারে আক্রমণে এসে তিনি বোল্ড করে দেন উইল ইয়াংকে।

পরের ওভারে উইকেট পেতে পারতেন আরেকটি, কিন্তু পয়েন্টে রাচিন রবীন্দ্রর ক্যাচ ফেলেন রবীন্দ্র জাদেজা।

নিউ জিল্যান্ডের ১৯ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলে রবীন্দ্র ও মিচেলের জুটিতে যখন ভারতের মাথাব্যথার কারণ হয়ে উঠছিল, রবীন্দ্রকে স্লোয়ার ডেলিভারিতে ফিরিয়ে ১৫৯ রানের জুটি ভাঙেন শামি।

৪৮তম ওভারে পরপর দুই বলে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরিকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি, তা পূর্ণতা না পেলেও ইনিংসের শেষ ওভারে ড্যারিল মিচেলকে ফিরিয়ে ঠিকই পাঁচ উইকেট পূর্ণ করেন অভিজ্ঞ পেসার।