‘১৫০’ ছুঁয়ে ভারতের প্রথম আর্শদিপ
নিউ জিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন ভারতীয় পেসার।
গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের ঝড়ের মুখে সতীর্থদের তুলনায় মিতব্যয়ী বোলিং করলেন আর্শদিপ সিং। সঙ্গে একটি উইকেট নিয়ে দারুণ এক কীর্তি গড়লেন ভারতের এই পেসার।
অকল্যান্ডে শুক্রবার নিউ জিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট স্পর্শ করেন আর্শদিপ। ভারতের প্রথম বোলার হিসেবে এই মাইলফলকে পা রাখেন তিনি।
ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে মিচেল স্যান্টনারকে ফেরান আর্শদিপ। অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মেরে ডিপ পয়েন্টে ধরা পড়েন নিউ জিল্যান্ড অধিনায়ক স্যান্টনার।
ফিলিপসের বিস্ফোরক সেঞ্চুরি ও ব্রেসওয়েলের ঝড়ো ফিফটিতে রেকর্ড ২৫৯ রান করে নিউ জিল্যান্ড। এমন দিনে আর্শদিপ ছাড়া ভারতের সব বোলার ওভারপ্রতি দশের বেশি রান করে দেন। চার ওভারে আর্শদিপ খরচ করেন ৩৮ রান।
ভারতের জার্সিতে ১০৩ টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট নিলেন আর্শদিপ। তার চেয়ে অনেক পিছিয়ে থেকে দেশটির হয়ে এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি জাসপ্রিত বুমরাহ। তারকা এই পেসার এখন পর্যন্ত ধরেছেন ১২৬ শিকার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শ উইকেট আছে আর ৯ জন বোলারের। সর্বোচ্চ ২০০ উইকেট নিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান।
