‘বাংলাদেশ দলে ম্যাচ জেতানোর অনেক খেলোয়াড় আছে’
উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই এগোচ্ছেন নিউ জিল্যান্ড অধিনায়ক।
ক্যারিয়ারে শুরুতেই বাংলাদেশ সফর করেছেন কেন উইলিয়ামসন। প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিও করেছেন সেখানেই। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা খুব কম নয় নিউ জিল্যান্ডের অধিনায়কের। বিশ্বকাপে দীর্ঘ দিন ধরে চেনা এই প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে সতর্ক থাকার বার্তা দিলেন উইলিয়ামসন।
চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে শুক্রবার বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। খেলা শুরু দুপুর আড়াইটায়। চলতি আসরে এটিই সাকিব আল হাসানের দলের প্রথম দিবা-রাত্রির ম্যাচ।
এই মাঠে এখন পর্যন্ত হওয়া বিশ্বকাপের একমাত্র ম্যাচে দেখা গেছে স্পিনারদের দাপট। রবীন্দ্র জাদেজা, কুলদিপ ইয়াদাভ, রবিচন্দ্রন অশ্বিনদের স্পিনে দুইশর আগে অলআউট হয় অস্ট্রেলিয়া। পরে তাদের পেসাররা দারুণ শুরু করলেও ভিরাট কোহলি, লোকেশ রাহুলের ব্যাটে ম্যাচ জেতে স্বাগতিকরাই।
গত রোববারের ওই ম্যাচের মতো শুক্রবারেও যদি উইকেটে থাকে স্পিনারদের বাড়তি সহায়তা, তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশের বিপক্ষে কাজটা সহজ হবে না নিউ জিল্যান্ডের জন্য। তবে শুধু চেন্নাইয়ের উইকেট-কন্ডিশন নয়, খেলা ভারতে হওয়ায় বাংলাদেশের চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক উইলিয়ামসন।
উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড, পরে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে নিউ জিল্যান্ড। লিগামেন্টের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দুই ম্যাচের একটিতেও ছিলেন না উইলিয়ামসন। বাংলাদেশ ম্যাচ দিয়েই প্রায় সাত মাস পর প্রতিযোগিতামূলক মাঠে ফিরছেন তিনি।
ম্যাচের আগের দিন অনুশীলনে নামার আগে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে সমীহ করেই কথা বলেন নিউ জিল্যান্ড অধিনায়ক।
“নিশ্চিতভাবেই উপমহাদেশের এসব কন্ডিশনের সঙ্গে তারা (বাংলাদেশ) অনেক বেশি পরিচিত এবং তাদের দলে ম্যাচ জেতানোর মতো অনেক খেলোয়াড় আছে। আর আমি সব সময় একটা কথাই বলি, এরকম বৈশ্বিক টুর্নামেন্ট এলে দেখা যায়, প্রতি বছর এমন অনেক দল থাকে যারা কন্ডিশনভেদে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়দের সহায়তায় একে অপরকে হারাতে পারে।”
এমনিতে মুখোমুখি সার্বিক পরিসংখ্যান ও বিশ্বকাপের অতীত লড়াইয়ের বিবেচনায় বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে নিউ জিল্যান্ড। বৈশ্বিক এই টুর্নামেন্টে পাঁচবারের দেখায় প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে কিউইরা। তবে বাংলাদেশে টানা সাত ম্যাচ হারের বিব্রতকর অভিজ্ঞতাও রয়েছে তাদের।
সব দিক বিবেচনা করে নিজেদের সেরা খেলাটা মাঠে দেওয়ার তাগিদ উইলিয়ামসনের কণ্ঠে।
“হ্যাঁ প্রতিটি দল কিছুটা ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ জানায়। আমি মনে করি, দল হিসেবে এটি গুরুত্বপূর্ণ যে, আপনি খেলার গুরুত্বপূর্ণ অংশগুলোর সঙ্গে নিবদ্ধ থাকার চেষ্টা করেন এবং সেগুলোর প্রতি নিবেদিত থাকতে চান। কারণ এটি লম্বা টুর্নামেন্ট। প্রতিটি ম্যাচই কঠিন। তাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করাটাই মূল ব্যাপার।”
উইলিয়ামসনের মতো প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি টিম সাউদিও। মঙ্গলবার দলের প্রধান কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, মাঠে ফিরতে প্রস্তুত আঙুলের চোট কাটিয়ে ওঠা অভিজ্ঞ এই পেসার। তবে ম্যাচের আগের দিন অধিনায়ক নিশ্চিত করে দিয়েছেন, বাংলাদেশ ম্যাচেও খেলবেন না সাউদি।
