২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের আরেকটি ব্যাটিং ব্যর্থতার দিনে মুশফিকের লড়াই

নিউ জিল্যান্ডের বিপক্ষেও ব্যাটিংয়ে ভরাডুবি বাংলাদেশের।

দলের আরেকটি ব্যাটিং ব্যর্থতার দিনে মুশফিকের লড়াই

ইতিবাচক ব্যাটিংয়ে ৬৬ রান করেন মুশফিকুর রহিম। ছবি: বিসিবির ফেইসবুক পাতা

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 06:55 PM

Updated : 13 Oct 2023, 08:10 PM

আরও একবার ব্যর্থ বাংলাদেশের টপ-অর্ডার। প্রথম চার ব্যাটসম্যানের কেউই পারলেন না কার্যকর ইনিংস খেলতে। মিডল-অর্ডারে হাল ধরলেন মুশফিকুর রহিম। ইতিবাচক ব্যাটিংয়ে পেলেন ফিফটির দেখা। সঙ্গে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহর চল্লিশ ছোঁয়া ইনিংসে আড়াইশর কাছাকাছি গেল বাংলাদেশ।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ২৪৫ রান করেছে বাংলাদেশ। গত বিশ্বকাপে কিউইদের বিপক্ষে ২৪৪ রানের পুঁজি নিয়ে ২ উইকেটে হেরেছিল তারা। 

স্রেফ ৫৬ রানে ৪ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নেমে ৬৬ রান করেছেন মুশফিক। ৭৫ বলের ইনিংসে ৬ চারের সঙ্গে ২টি ছক্কা মেরেছেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান।

সাকিব আউট হয়েছেন ৪০ রান করে। মাহমুদউল্লাহ খেলেছেন ৪১ রানের অপরাজিত ইনিংস। 

পুরো ইনিংসে ৮টি ছক্কা মেরেছেন বাংলাদেশের ব্যাটসম্যান। বিশ্বকাপে এক ইনিংসে এটিই বাংলাদেশের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৭টি মারে তারা।

ব্যাটিংয়ের জন্য ম্যাচ জুড়েই ভালো থাকবে উইকেট, এমন ভাবনায় বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় নিউ জিল্যান্ড। এই ব্যাটিং সহায়ক পিচেই কি-না ইনিংসের প্রথম বলে ফ্লিক করতে গিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ দেন লিটন দাস।

হান্নান সরকারের পর বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে বিশ্বকাপে প্রথম বলেই আউট হলেন লিটন। ২০০৩ সালের আসরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বলে ড্রেসিং রুমের পথ ধরেন হান্নান।

তিন নম্বরে নামানো হয় মেহেদী হাসান মিরাজকে। তানজিদ হাসানের সঙ্গে জুটি বেঁধে শুরুর ধাক্কা সামাল দেন তিনি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে লকি ফার্গুসনের বলে শর্ট মিড উইকেটে অনেকটা ক্যাচিং প্র্যাকটিস করিয়ে ফেরেন ১৬ রান করা তানজিদ।

এরপর দ্রুতই ফেরেন মিরাজ (৩০), নাজমুল হোসেন শান্ত (৭)। পঞ্চাশ পেরোতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

পঞ্চম উইকেটে দলের হাল ধরেন সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। দুজন মিলে ১০৮ বলে যোগ করেন ৯৬ রান। জুটিতে সাকিবের তুলনায় সাবলীল ছিলেন ছয় নম্বরে নামা মুশফিক। শুরু থেকেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে থাকেন তিনি। 

গ্লেন ফিলিপসকে দারুণ স্লগ সুইপে ছক্কা মারার পর লকি ফার্গুসনের বাউন্সারে চমৎকার আপার কাটে বল গ্যালারিতে উড়িয়ে ফেলেন মুশফিক। স্রেফ ৫২ বলে বিশ্বকাপে অষ্টম ও সব মিলিয়ে ৪৮তম ফিফটি করেন অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান।

চেন্নাইয়ের অতিরিক্ত গরমে ক্র্যাম্প করে কিছুটা ধুঁকতে থাকা সাকিবের। শুশ্রূষা নিয়ে ব্যাটিং শুরুর পর হাত খুলে খেলার আভাস দেন তিনি। রাচিন রবীন্দ্রর ওভারে পরপর দুই বলে মারেন চার ও ছক্কা।

ফার্গুসনের বাউন্সারে ছক্কা মারার পর আবারও একই ধরনের বলে একই রকম শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন বাংলাদেশ অধিনায়ক। ৩ চার ও ২টি ছক্কা মারেন তিনি। পরে বোল্টের স্লোয়ারে তাওহিদ হৃদয়ও ফেরেন অল্পেই।

এর সৌজন্যে ওয়ানডেতে স্রেফ ১০৭ ইনিংসে ২শ উইকেট পূর্ণ করেন বোল্ট। তার চেয়ে দ্রুত এই মাইফলক ছুঁতে পেরেছেন শুধু মিচেল স্টার্ক (১০২) ও সাকলাইন মুশতাক (১০৪)।

দারুণ অফ কাটারে মুশফিকের ইনিংসের সমাপ্তি ঘটান ম্যাট হেনরি। শেষ দিকে দলকে টানেন মাহমুদউল্লাহ। শুরুতে খুব ধীরে এগোলেও, শেষে দুটি ছক্কায় তিনি বাড়ান রানের গতি।  

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২টি করে চার-ছক্কায় ৪৯ বলে ৪১ রান করেন মাহমুদউল্লাহ। ৯ নম্বরে নেমে দুই ছক্কায় তাসকিন আহমেদ রাখেন ১৭ রানের গুরুত্বপূর্ণ অবদান। 

ফার্গুসন নেন সর্বোচ্চ ৩ উইকেট। বোল্ট, হেনরি ধরেন ২টি করে শিকার।