২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শতভাগ ফিটনেসের প্রশ্নে সরাসরি উত্তর দিলেন না সাকিব

রানিংয়ে খুব বেশি সমস্যা না হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন বাংলাদেশ অধিনায়ক, তবে শতভাগ ফিট হয়ে ওঠার প্রসঙ্গ এড়িয়ে যেতে চাইলেন।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

মুম্বাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 08:58 PM

Updated : 23 Oct 2023, 08:58 PM

প্রশ্নকর্তার সঙ্গে বেশ এক চোট পাল্টাপাল্টি প্রশ্ন হয়ে গেল সাকিব আল হাসানের। যদিও তার মুখে হালকা হাসি ছিল, তবে কথার ধরনে খানিকটা অসন্তুষ্টির ছাপই ফুটে উঠল।

তার কাছে প্রশ্ন ছিল, ‘অনেক সময় তো শতভাগ ফিট না হয়েও বা একটু ঘাটতি থাকলেও অনেকে অনেক সময় ম্যাচ খেলেন। আপনি একটু ঘাটতি থাকলে খেলবেন কি না?’

সাকিবের পাল্টা প্রশ্ন, “একটু ঘাটতিটা কি? সেই একটু ঘাটতিটা কি?”

প্রশ্নকর্তা বললেন, “৯৯ ভাগ ফিট বা এরকম…।”

এবার সাকিব আবার প্রশ্ন করলেন, “ফিটনেসের প্যারামিটার কি?”

প্রশ্নকর্তা এবার বললেন, “সেটা আপনারা বলতে পারবেন। আমরা স্রেফ প্রশ্ন করছি?”

সাকিবের প্রশ্ন চলতেই থাকল, “মানে আপনারা আছেন শুধু প্রশ্ন করার জন্য?”

প্রশ্নকর্তা আরও খুলে বললেন এবার, “অনেকে অনেক সময় ৯৯ ভাগ ফিট থাকেন বা একটু ঘাটতি থাকলেও খেলার মতো অবস্থায় থাকেন…।”

এবার সাকিব হেসে বললেন, “জানি না আমি আসলে কী বলব… আগের প্রশ্নেই উত্তর দিলাম যে আমি আগের দিন (রোববার) কোনো ব্যথা অনুভব করিনি (ব্যাটিংয়ের সময়)। আজকেও যদি ব্যথা অনুভব না করি (অনুশীলনে), তাহলে খেলব।”

শতভাগ ফিটনেস মানে কী বা ফিটনেসের প্যারামিটার কোনটি, এসব নিশ্চয়ই সাকিব খুব ভালো করেই জানেন। তবে তিনি হয়তো সরাসরি উত্তর দিতে চাননি বলেই কথার খেলা চালিয়ে যান।

সরাসরি উত্তর দিতে না চাওয়ার কারণটিও বোধগম্য। তামিম ইকবালের ফিটনেসের প্রসঙ্গে বিশ্বকাপের আগে একটি সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, শতভাগ ফিট না হয়ে মাঠে নামা মানে দেশের সঙ্গে প্রতারণার মতা। যদিও ক্রিকেটে বা নানা খেলায় শতভাগ ফিট না হয়েও খেলার নজির অসংখ্য। ছোটখাটো চোট সমস্যা নিয়ে অনেক অনেক ক্রীড়াবিদই খেলেন, যদি তিনি বা তারা খেলার মতো অবস্থায় থাকেন। সাকিবে নিজেও খেলেছেন চোটকে সঙ্গী করে। তবে বিশ্বকাপের আগে তিনি যে মন্তব্য করেছেন, এরপর তার জন্য এটি নিয়ে সরাসরি উত্তর দেওয়া কঠিন বটে!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেললে সাকিব শতভাগ ফিট হয়েই নামবেন কি না, এই প্রশ্নও তোলা যায়। রোববার ওয়াংখেড়ে স্টেডিয়ামের নেটে পৌনে এক ঘণ্টার বেশি ব্যাটিং করেন তিনি। তবে এরকম লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেছিলেন তো পুনেতে ভারতের বিপক্ষে ম্যাচের আগেও। ম্যাচটি শেষ পর্যন্ত খেলেননি।

ব্যাটিংয়ে তার যে কোনো অস্বস্তি বা ব্যথা কিংবা জড়তা নেই, সংবাদ সম্মেলনে তা তিনি জোর দিয়েই বললেন বারবার। ফিটনেস পরীক্ষায়  বাকি ছিল শুধু রানিং করে দেখা।

“(গত ম্যাচে) একটু অস্বস্তি লাগছিল, পুরো শতভাগ ছিলাম না। এটা গুরুত্বপূর্ণ ছিল যে, এক ম্যাচ খেলতে গিয়ে বাকি পাঁচ ম্যাচ খারাপ হয় কি না। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে, ব্যথা নেই, কিছু নেই। খারাপ কিছু অনুভব করছি না। শারীরিকভাবে ভালো মনে হচ্ছে। এখন শুধু টেস্ট করে দেখা নিজের অবস্থা।”

“আজকে ফিটনেস টেস্ট… ব্যাটিংয়ে কালকেও কোনো সমস্যা হয়নি। আমার মনে হয় না আজকেও কোনো সমস্যা হবে। তবে রানিং করা হয়নি। আজকে রানিং করে দেখা হবে। তাতে সমস্যা না হলে…(খেলব)।”

সংবাদ সম্মেলনের পর বেশ জোর দিয়েই রানিং করলেন তিনি। এর আগে নেটে বোলিংও করলেন হালকা। কিছুটা পেস বোলিংয়ের মতোও করলেন জোর দিয়ে।

সব মিলিয়ে এটা মোটামুটি পরিষ্কার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তিনি খেলছেন। শতভাগ ফিট হয়ে খেলতে পারবেন কি না, তা অবশ্য নিশ্চিত নয়। সেটা জরুরিও নয়। অধিনায়ক খেলার মতো অবস্থায় ফিরছেন এবং ম্যাচে ফিরছেন, দলের জন্য এটিই সবচেয়ে জরুরি।