লাল-সবুজের উচ্ছ্বাস মিলিয়ে গেল ২২ গজের ব্যর্থতায়
ইডেন গার্ডেন্সের গ্যালারিতে ভিড় করেছিলেন বাংলাদেশ থেকে আসা হাজার হাজার সমর্থক, তাদের উৎসবের আবহকে ম্লান করে দিয়েছে বাংলাদেশ দলের পারফরম্যান্স।
কলকাতা সময় রাত ৮টার দিকে আইসিসির মিডিয়া ম্যানেজার প্রেসবক্সে জানালেন, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দর্শকসংখ্যা ২৭ হাজার ৯৪০। এর মধ্যে বাংলাদেশের সমর্থক কতজন, সেটা হিসাব করার কোনো উপায় নেই। তবে স্রেফ বাংলাদেশের জার্সি পরা দর্শকদেরকে ধরে নিলেও বলা যায়, ৮০ শতাংশই ছিলেন বাংলাদেশের সমর্থক। তাদের দীর্ঘশ্বাসে আরও একবার ভারী হলো ইডেন গার্ডেন্সের বাতাস।
বাংলাদশ-নেদারল্যান্ডস ম্যাচে দর্শক ছিল ১৪ হাজারের মতো। সেখানেও প্রায় ৯০ শতাংশ ছিল সম্ভবত বাংলাদেশেরই। ধারণা করা হয়েছিল, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের দাপট অতটা থাকবে না। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে এই মাঠেই গ্যালারিতে ছিল পাকিস্তানের সমর্থনে জোয়ার। কিন্তু এবার দেখা গেল ভিন্ন চিত্র। গ্যালারিতে লাল-সবুজের জয়জয়কার। কিন্তু মাঠের ক্রিকেটে?
আসল লড়াই তো সেখানেই। মাঠের ক্রিকেটে না পেরে উঠলে গ্যালারির দাপটও কমে যেতে থাকে ক্রমে। সেখানেই বাংলাদেশ দল চূড়ান্ত ব্যর্থ। আরও একবার। গ্যালারির জয় তাই মিলিয়ে গেল হাওয়ায়।
নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচেও এই অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের সমর্থকদের। গুটিকয় ভারতীয় দর্শকদের কাছে নানা টিপ্পনি সইতে হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষেও বেশ কজন দর্শকের কাছ থেকে জানা গেল একই রকম ঘটনা। তাদেরই একজন, যশোর থেকে আসা সালাউদ্দিন শোনালেন তার অভিজ্ঞতা।
“আমাদের গ্যালারিতে ৯৫ ভাগই মনে হয় ছিল বাংলাদেশের সমর্থক। আমরা চেষ্টা করেছি গলা ফাটিয়ে দলকে সমর্থন জোগাতে। কিন্তু সেটা কতক্ষণ? পাশেই মাত্র কয়েকজন ছিলেন ভারতীয় দলের জার্সি গায়ে। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় থেকেই তারা নানারকম তীর্যক কথা আমাদের উদ্দেশে ছুড়ে দিয়েছে। শুরুতে আমরাও কিছুটা পাল্টা জবাব দিয়েছি। কিন্তু দল তো আমাদের মুখ রাখল না। পাকিস্তানের ব্যাটসম্যানরা একেকটি শট খেলে আর ওরা আমাদের দিকে নানারকম কথা বলে। সংখ্যাগরিষ্ট হয়েও আমাদের চুপ থাকতে হয়েছে। কী জবাব দেব…!”
একই রকম অভিজ্ঞতা আরও অনেকের। ম্যাচ শেষে আক্ষেপ, ক্ষোভ, হতাশার কথা বলেন অনেকেই।
ম্যাচের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যখন বাজানো হলো, গোটা মাঠে সেই সুরের অনুরণন খেলে গেল। হাজার হাজার কণ্ঠে ‘আমার সোনার বাংলা’ প্রতিধ্বনিত হলো চারপাশে। একটু পর খেলা শুরু হতে না হতেই ছড়িয়ে পড়তে থাকল হাহাকার। দর্শকেরা নড়েচড়ে না বসতেই আউট তানজিদ হাসান তামিম!
সেই হতাশার রেশ মিলিয়ে না যেতেই বিদায় নিলেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের আগে বাংলাদেশের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যান টানা ৬ ইনিংসে আউট হলেন দুই অঙ্ক না ছুঁয়েই।
ম্রিয়মান হয়ে আসা গ্যালারি আবার জেগে উঠল হারিস রউফের ওভারে তিনটি বাউন্ডারিতে। কিন্তু এত সুখ সইবে কেন! ওই ওভারেই আউট মুশফিকুর রহিম। গ্যালারিতে তখন কত লোকের যে মাথায় হাত!
লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ চেষ্টা করলেন জুটি গড়ার। মাহমুদউল্লাহ এখন শুধু বাংলাদেশের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটসম্যানই নয়, এই মুহূর্তে তুমুল জনপ্রিয়ও। তিনি ক্রিজে নামতেই সেটির প্রতিফলন ফুটে উঠল। যথারীতি দারুণ খেলতে থাকলেন তিনি। গ্যালারিও উত্তাল হতে থাকল। লাল-সবুজের উচ্ছ্বাস আবার ছড়িয়ে পড়ল গ্যালারির নানা প্রান্তে।
কিন্তু ভীষণরকম দৃষ্টিকটূ এক শটে উইকেট বিলিয়ে যখন নিজেকে নিয়ে বিস্ময় ও হতাশায় লিটন দাস দাঁড়িয়ে রইলের ক্রিজে, হাজার হাজর দর্শকও তখন স্তম্ভিত। এমন সম্ভাবনাময় ইনিংসের এরকম অপমৃত্যু!
সেই যে সুর কেটে গেল, আর তাল-লয়-ছন্দ মিললই না সেভাবে। মাহমুদউল্লাহ ফিফটি ছোঁয়ার পর একটু গর্জন শোনা গেল বটে। তবে একটু পরই তো তিনি আউট। সাকিব আল হাসান তো ছিলেন নিজের ছায়া হয়ে। এমনকি ইফতিখার আহমেদের মতো পার্ট টাইমারের বলেও সিঙ্গেল নিতে ধুঁকছিলেন তিনি।
এরপর আর কী। একটি-দুটি শটে ক্ষনিকের উল্লাস। পরমুহূর্তেই আবার চরম হতাশা। সাকিব কিংবা মেহেদী হাসান মিরাজ, কেউই পারলেন না দলকে টেনে নিতে। আর বাংলাদেশের লোয়ার অর্ডার তো এখন সেই আশির দশকের মতো, যখন ব্যাটিং করাকে বিরক্তিকর মনে করতেন বোলাররা। সব মিলিয়ে দুইশ পেরিয়েই শেষ বাংলাদেশ।
এই রান নিয়ে কী আর পাকিস্তানের সঙ্গে লড়াই করা যায়!
আব্দুল্লাহ শাফিক আর ফাখার জামানের একেকটি শটে পিষে যেতে থাকল বাংলাদেশের আশাগুলোও। বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদকে যেভাবে খুনে বাটে ৯৫ মিটার লম্বা ছক্কা মারলেন ফাখার, আরেকবার যেভানে ডাউন দা উইকেটে এসে উড়িয়ে মারলেন মাথার ওপর দিয়ে, তাসকিনের শর্ট বলেই যেভাবে চাবুকের মতো পুল খেলে ছক্কায় ওড়ালেন শফিক, তাতেই মিশে থাকল বার্তা। দাপটের বার্তা। পাত্তা না দেওয়ার বার্তা। বাংলাদেশের গুঁড়িয়ে যাওয়ার বার্তা।
গ্যালারিতে কারও গালে হাত, কারও মাথায়, কারও দৃষ্টিতে শূন্যতা, কারও চোখের কোণে জল। মাঠ ছেড়ে যাওয়ার সময় কত জনের কণ্ঠে ক্ষোভ! কেউ বোর্ড সভাপতি নাজমুল হাসানের পদত্যাগ চান, কারও চাওয়া কোচের অপসারণ, কেউ কেউ কাঠগড়ায় দাঁড় করালেন অধিনায়ককে, সমর্থকদের আবেগের প্রকাশ হতে থাকল বিভিন্নভাবে। সবকিছুর শেষে সবার সুর মিলে যায় একই সুরে, একটা দল হারতেই পারে, তাই বলে লড়াইয়ের চেষ্টা থাকবে না? তাড়না থাকবে না? প্রয়াস থাকবে না!
সন্ধ্যার পর ইডেনের জে ব্লকের গ্যালারির ফাঁকা জায়গা দিয়ে গঙ্গার শীতল বাতাস এসে জুড়িয়ে দেয় প্রাণ। কিন্তু ক্রিকেটে সাফল্যের আশায় ছটফট করতে থাকা হৃদয়ের তেষ্টা তো তাতে মেটে না। বাংলাদেশ দলের চরম ব্যর্থতায় সেই তিয়াস আর তেতো অভিজ্ঞতা নিয়েই নন্দনকানন থেকে বিদায় নিতে হলো হাজার হাজার সমর্থককে।
