২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানদের ভালো শুরুর পরও ‘বিশ্বাস ছিল’ সাকিবদের

দারুণ জয়ে আসর শুরুর পর বোলারদের বাহবা দিলেন বাংলাদেশ অধিনায়ক।

আফগানদের ভালো শুরুর পরও ‘বিশ্বাস ছিল’ সাকিবদের

দারুণ বোলিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 06:53 PM

Updated : 07 Oct 2023, 06:53 PM

ভালো উইকেটে ব্যাটিংয়ের শুরুটা মন্দ করেনি আফগানিস্তান। দুই ওপেনারের ব্যাটে ছিল বড় কিছুর সম্ভাবনা। তবে তাদের সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে দেননি বাংলাদেশের বোলাররা। উদ্বোধনী জুটি ভাঙার পর একের পর এক উইকেট নিয়ে তারা সুগম করে জয়ের পথ।

ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেছেন, বোলিংয়ের শুরুটা মনমতো না হলেও, ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ছিল পুরো দলের। যা কাজে লাগিয়ে আফগানদের স্রেফ ১৫৬ রানে বেধে ফেলে বাংলাদেশ। পরে পায় ৬ উইকেটের অনায়াস জয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ৮ ওভারে ৪৭ রান নেন ইব্রাহিম, গুরবাজ। নবম ওভারে জুটি ভাঙেন সাকিব নিজেই। পরে ৩৬ রানের দ্বিতীয় উইকেট জুটিও থামান বাংলাদেশ অধিনায়ক।

এরপর আর তেমন লড়াই করতে পারেনি আফগানিস্তান। স্রেফ ৪৪ রানে শেষের ৮ উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যায় তারা।

এমন প্রদর্শনীর পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে দলের বোলারদের প্রশংসায় ভাসান সাকিব।

“আসলে আমরা শুরুটা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। তবে সবার মধ্যে বিশ্বাস ছিল, যদি আমরা একটি উইকেট তুলতে পারি তাহলে আমরা দ্রুত আরও উইকেট তুলতে পারব। এটা সহজ ছিল না কিন্তু আমরা যেভাবে বোলিং করেছি তাতে আমি বেশ খুশি।”

বোলিংয়ে দুর্দান্ত প্রদর্শনীতে সামনে থেকেই নেতৃত্ব দেন সাকিব। ৮ ওভারে ৩০ রানে তিনি ধরেন ৩ শিকার। আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ ৯ ওভারে ৩ মেডেনসহ স্রেফ ২৫ রানে নেন ৩ উইকেট।

দুই স্পিনারের ৫৫ রানে ৬ উইকেটের তুলনায় কিছুটা নিষ্প্রভ ছিলেন পেসাররা। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান মিলে ১৯.২ ওভারে ৯৪ রান খরচায় ৬ উইকেট নেন। তাদের পারফরম্যান্সেও খুশি সাকিব। সামনে আরও ভালোর প্রত্যাশা তার।

“নিজের বোলিং নিয়ে আমি বেশ খুশি। যেটা বললাম আমাদের পাঁচ বোলারই বেশ ভালো বোলিং করেছে। সবাই অবদান রেখেছে (দলের জয়ে)। স্পিনাররাও অনেক বড় ভূমিকা পালন করেছে। তবে এটি বেশ লম্বা টুর্নামেন্ট। আমি নিশ্চিত পেসাররা আরও অবদান রাখবে সামনে।”

আফগানদের অল্পে বেধে ফেলার পর ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত করেন মিরাজ, নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি। দুজনই করেন ফিফটি।

দুই তরুণ ব্যাটসম্যানকেও প্রাপ্য কৃতিত্ব দিলেন বাংলাদেশ অধিনায়ক।

“মেহেদী, শান্ত এরা আমাদের ফর্মে থাকা ক্রিকেটার। তারা সবসময় বেশ আত্মবিশ্বাসী এবং দলের জন্য ভালো করতে মুখিয়ে থাকে।”