বাটলারের চাওয়া, আফগানিস্তানের কাছে হারের দুঃখ পাক ক্রিকেটাররা
এই হার পর্যালোচনা করা হোক এবং যেসব জায়গায় আমাদের উন্নতি প্রয়োজন তা নিয়ে কাজ করা হোক, বলেছেন ইংল্যান্ড অধিনায়ক।
শিরোপা ধরে রাখার অভিযানে বড়সড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। নিউ জিল্যান্ডের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর তৃতীয় ম্যাচে তারা পাত্তাই পায়নি আফগানিস্তানের বিপক্ষে। ঘুরে দাঁড়ানোর লড়াই শুরুর আগে দলের ক্রিকেটারদের হারের গ্লানি সহ্য করতে বলছেন জস বাটলার।
দিল্লিতে রোববার আফগানিস্তানের করা ২৮৪ রানের জবাবে ৫৭ বল বাকি থাকতেই ২০১৫ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন রহমানউল্লাহ গুরবাজ। তার খুনে ইনিংসে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করায় আফগানরা।
পরে মুজিব উর রহমান, রাশিদ খান, মোহাম্মাদ নাবিদের স্পিনের জবাব খুঁজে পায়নি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত তাদের সঙ্গী হয়েছে বড় পরাজয়।
মাঝে বাংলাদেশকে হারিয়ে জয়ের খাতা খুলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, স্বাগতিক ভারত, ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ এখনও বাকি। সেমি-ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে সামনে তাদের পাড়ি দিতে হবে কঠিন এই পথ।
সেই লড়াইয়ে নামার আগে আফগানিস্তানের কাছে হারের দুঃখ সহসাই ভুলে যেতে চান না বাটলার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই কষ্টের পর সামনের দিনগুলোতে লড়াইয়ের পথও জানান তিনি।
“আমার মতে, (ক্রিকেটারদের) এসব পরাজয়ের দুঃখ পেতে দেওয়া উচিত। খুব দ্রুত এটি ভুলে সামনে এগিয়ে যাওয়ার কোনো মানে নেই। যদিও যত দ্রুত সম্ভব এটি করা উচিত। তবু এটির কষ্ট কিছুটা হোক।”
“এটি পর্যালোচনা করা হোক এবং যেসব জায়গায় আমাদের উন্নতি প্রয়োজন তা নিয়ে কাজ করা হোক। আমাদের সত্যিকারের স্থিরতা দেখাতে হবে। আমাদের দলে দৃঢ়তার কমতি নেই। ছেলেরা অনেকে খুব ভালো সময় এবং কিছু খারাপ সময়ের মধ্য দিয়েও গেছে। তাই আমরা ফিরে আসার সামর্থ্য দেখাব এবং লড়াই করে ঘুরে দাঁড়াব।”
পরে সংবাদ সম্মেলনের শুরুতেই নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে আফগানিস্তানকে বাহবা দেন ইংল্যান্ডের অধিনায়ক।
“হ্যাঁ! আমি সত্যিই অনেক হতাশ। আমরা এখানে এসেছিলাম ভালো পারফরম্যান্স দেখানোর জন্য। আমরা আজকে পাত্তাই পাইনি। আজকের (রোববার) জয় আফগানিস্তানের প্রাপ্য ছিল।”
