জাদেজা-কুলদিপের স্পিনে কুপোকাত অস্ট্রেলিয়ার ব্যাটিং
স্পিনবান্ধব উইকেটে অস্ট্রেলিয়াকে দুইশ রানের মধ্যে আটকে ফেলেছে ভারত।
ম্যাচ শুরুর আগমুহূর্তের ঘটনা। সীমানার কাছে ভারতের দলীয় আলোচনায় মধ্যমণি রবীন্দ্র জাদেজা। চেন্নাইয়ের মাঠে খেলতে নামার আগে দীর্ঘদিন আইপিএল খেলার অভিজ্ঞতাই যেন সতীর্থদেরও জানালেন জাদেজা। পরে বল হাতেও সেই ছাপ রাখলেন বাঁহাতি স্পিনার।
চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে তিন বল বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে গুটিয়ে দিয়েছে ভারত। আঁটসাঁট বোলিংয়ে ৩ উইকেট পেয়েছেন জাদেজা। রোহিত শার্মা শেষ দিকে অ্যাডাম জ্যাম্পার ক্যাচ না ছাড়লে উইকেট পেতে পারতেন চারটি। আরেক বাঁহাতি স্পিনার কুলদিপ ইয়াদাভের শিকার ২টি।
আইসিসি টুর্নামেন্টে সাধারণত স্পোর্টিং উইকেটের চর্চা হলেও এই ম্যাচের চেন্নাইয়ের উইকেট যেন স্পিন স্বর্গ। ম্যাচের শুরু থেকেই স্পিনাররা পান বড় বড় টার্ন। মন্থর গতির সঙ্গে অসম বাউন্স ছিল ইনিংসের নিয়মিত চিত্র।
উইকেটের পূর্ণ সুবিধাই নিয়েছেন জাদেজা, কুলদিপ, রবিচন্দ্রন অশ্বিনরা। স্পিনারদের ৩০ ওভারে স্রেফ ১০৪ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। তিন পেসার হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ ধরেন বাকি ৪ শিকার।
১০ ওভারে ২ মেডেনসহ স্রেফ ২৮ রান খরচ করেন জাদেজা। অশ্বিনের ১০ ওভারে আসে ৩৪ রান। কুলদিপ দেন ৪২ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে মিচেল মার্শের উইকেট হারিয়ে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জুটি গড়ার চেষ্টা করেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার। ফিরতি ক্যাচে ৪১ রান করা ওয়ার্নারকে ফিরিয়ে ৬৯ রানের জুটি ভাঙেন কুলদিপ।
থিতু হওয়ার চেষ্টার ব্যর্থ হন স্মিথ। দলীয় শতক পূর্ণ হওয়ার পর জাদেজার বলে পুরোপুরি বোকা বনে যান অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান। টেস্ট ম্যাচের চতুর্থ দিনের আদর্শ বিজ্ঞাপন হতে পারে মিডল স্টাম্পে পিচ করে হালকা টার্নে বেরিয়ে যাওয়া ডেলিভারিটি।
পরের ওভারে মার্নাস লাবুশেন ও অ্যালেক্স কেয়ারিকে ফেরান জাদেজা। দশ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার মিডল-অর্ডার নাড়িয়ে দেন বাঁহাতি স্পিনার। কুলদিপের বড় টার্নে পুরোপুরি পরাস্ত হন গ্লেন ম্যাক্সওয়েল।
শেষ দিকে মিচেল স্টার্কের ২৮ রানের ইনিংসের সৌজন্যে দুইশর কাছাকাছি যায় অস্ট্রেলিয়া।
