বাংলাদেশের উড়ন্ত শুরুর পর হতশ্রী ব্যাটিং
ভারতের বিপক্ষে ৮ উইকেটে ২৫৬ রান করেছে বাংলাদেশ।
উদ্বোধনী জুটি নিয়ে বাংলাদেশের আকাশে ভেসে বেড়ানো শঙ্কার মেঘ দূরে সরিয়ে দিলেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলে দলকে এনে দিলেন উড়ন্ত সূচনা। সম্ভাবনা জাগল বড় সংগ্রহের। কিন্তু পরে হতশ্রী ব্যাটিংয়ের পুনরাবৃত্তিতে কোনোমতে আড়াইশ ছাড়াতে পারল বাংলাদেশ।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করেছে বাংলাদেশ। অথচ ওপেনিংয়ে ৯৩ রানের জুটিতে বড় কিছুর আশাই দেখছিল বাংলাদেশ। আগের ম্যাচগুলোর চেয়ে তুলনামূলক ভালো ব্যাটিং উইকেটে সেই আশার বাস্তব রূপ দিতে পারলেন না ব্যাটসম্যানরা। উল্টো লিখলেন গত দুই ম্যাচের মতোই হতাশার গল্প।
বিশ্বকাপ ও নিজের ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৪৩ বলে ৫১ রান করেন তানজিদ। লিটন খেলেন ৮২ বলে ৬৬ রানের ইনিংস। এছাড়া ত্রিশ ছুঁতে পারেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। ঊরুর পেশির চোট পুরোপুরি দূর না হওয়ায় ম্যাচটিতে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
স্বাগতিকদের বড় লক্ষ্য দেওয়ার আশায় টস জিতে আগে ব্যাটিং নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্তের যথার্থতা প্রমাণে সময় নেননি বাংলাদেশের দুই ওপেনার। শুরুতে ৫ ওভার দেখেশুনে খেলার পর ডানা মেলে দেন তানজিদ, লিটন। প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ পায় ৬৩ রান।
আগের ম্যাচগুলোতে হতাশ করা তানজিদ এদিন দেখান আগ্রাসী ব্যাটিংয়ের সামর্থ্য। জাসপ্রিত বুমরাহকে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কার পর মোহাম্মদ সিরাজের ওভারে তিনি মারেন জোড়া বাউন্ডারি। পাওয়ার প্লের শেষ ওভারে শার্দুল ঠাকুরের পরপর তিন বলে ৬, ৪ ও ৬ মারেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।
পঞ্চাশ ছুঁতে স্রেফ ৪১ বল লাগে তানজিদের। পঞ্চদশ ওভারে তাকে থামান কুলদিপ ইয়াদাভ। সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ৫ চার ও ৩ ছক্কার ইনিংস খেলা তানজিদ। তার বিদায়ে ভাঙে ৮৮ বলের ঝড়ো জুটি। বিশ্বকাপে যা বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি।
তানজিদের বিদায়ে ধীরে ধীরে কমতে থাকে রানের গতি। উইকেটে টিকতে পারেননি শান্ত, মেহেদী হাসান মিরাজরা। ৬২ বল খেলে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় ফিফটি করেন লিটন। এরপর রানের গতিতে দম দিতে পারেননি স্টাইলিশ ওপেনার।
দলীয় দেড়শ হওয়ার আগেই রবীন্দ্র জাদেজাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন লিটন।
পঞ্চম উইকেটে প্রতিরোধের চেষ্টা করেন তাওহিদ হৃদয়, মুশফিক। কিন্তু রানের গতি বাড়াতে ব্যর্থ হন তারা। ৩৫ বলে স্রেফ ১৬ রান করেন ফেরেন হৃদয়। তার বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি।
অষ্টাদশ ওভারে একশ করা বাংলাদেশের দুইশ ছুঁতে খেলতে হয় ৪২ ওভার পর্যন্ত। দলীয় দুইশ হতেই ড্রেসিং রুমের পথ ধরেন ৪৬ বলে ৩৮ রান করা মুশফিক।
শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে দলকে আড়াইশর কাছে নেন মাহমুদউল্লাহ। শেষ ওভারে ফেরার আগে ৩টি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৪৬ রান করেন অভিজ্ঞ ব্যাটসম্যান। ইনিংসের শেষ বলে ছক্কা মারেন শরিফুল ইসলাম।
ভারতের হয়ে ২টি করে উইকেট নেন বুমরাহ, সিরাজ, জাদেজা।
