২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের জয়ের মধ্যমণি মিরাজ

একই ম্যাচে বিশ্বকাপে নিজের সেরা বোলিং, ব্যাটিং উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ।

অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের জয়ের মধ্যমণি মিরাজ

বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৫৭ রান করে ম্যাচ সেরা মেহেদী হাসান মিরাজ। ছবি: বিসিবির ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 06:16 PM

Updated : 07 Oct 2023, 06:16 PM

শুরুটা ভালো ছিল না মেহেদী হাসান মিরাজের। দ্বিতীয় বলেই ওয়াইড থেকে হজম করেন পাঁচ রান, ওভারে দেন ৯ রান। তবে এরপর ঘুরে দাঁড়ান দারুণ দৃঢ়তায়। আঁটসাঁট বোলিংয়ে নেন ৩ উইকেট, পরে দায়িত্বশীল ফিফটিতে গড়ে দেন জয়ের ভিত।

আফগানিস্তানকে সহজেই হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। ধারামশালায় শনিবার ৬ উইকেটে জিতেছে তারা। আফগানিস্তানের ১৫৬ রান পেরিয়ে গেছে ৯২ বল বাকি থাকতে।

৯ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মিরাজ। পরে ৭৩ বলে পাঁচ চারে খেলেন ৫৭ রানের ইনিংস। বল কিংবা ব্যাট হাতে, বিশ্বকাপে দুটিই তার সেরা পারফরম্যান্স।

২০১৯ বিশ্বকাপে দুটি ম্যাচে পেয়েছিলেন দুটি করে উইকেট, সেবার সর্বোচ্চ ছিল কেবল ১২। এবার প্রথম ম্যাচেই সেই পারফরম্যান্সকে ছাড়িয়ে গেলেন মিরাজ।

অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডেতে অষ্টমবারের মতো জিতলেন ম্যাচ সেরার পুরস্কার, বিশ্বকাপে প্রথমবার। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয়বারের মতো ম্যাচ সেরা হলেন মিরাজ, সমান তিনবার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাকি দুইবার এই পুরস্কার পেয়েছেন ভারতের বিপক্ষে। 

মিরাজ এদিন বল হাতে পান একটু দেরিতেই। তবে নিজের প্রভাব রাখতে খুব বেশি দেরি করেননি তিনি। খরুচে প্রথম ওভারের পর কঠিন করে তোলেন ব্যাটসম্যানদের রান নেওয়ার পথ। খেলান একের পর এক ডট।

৯ ওভারে মিরাজের ডট ৩৮টি। বাউন্ডারি হজম করেছেন কেবল একটি। শিকার শুরু করেন হাশমতউল্লাহ শাহিদিকে ফিরিয়ে, এরপরই ধস নামে আফগান ইনিংসে। শেষ দিকে ঝড় তোলার সামর্থ্য থাকা রাশিদ খান ও মুজিব উর রহমানকে বোল্ড করে দেন মিরাজ।

রান তাড়ায় পঞ্চম ওভারে তানজিদ হাসান রান আউট হলে ক্রিজে যান মিরাজ। এদিন ভাগ্যকেও পাশে পান তিনি। আফগান বোলারদের কেউই খুব একটা ভোগাতে পারেনি তাকে। ফাজালহাক ফারুকি, রাশিদ, মুজিবদের খেলেন তিনি অনায়াসেই। তার দেখানো পথ ধরেই বাকিটা শেষ করেন নাজমুল হোসেন শান্ত।