২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়ার ম্যাচে চেয়ারে আঘাত করে তিরস্কৃত গুরবাজ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর প্রতিক্রিয়া দেখানোর শাস্তি পেয়েছেন এই আফগান ওপেনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 05:59 PM

Updated : 17 Oct 2023, 05:59 PM

ঝড়ো ব্যাটিংয়ে দলকে দেন উড়ন্ত সূচনা। পঞ্চাশ পেরিয়ে নিজে জাগান আরও বড় কিছুর সম্ভাবনা। কিন্তু রানআউটে থামে রহমানউল্লাহ গুরবাজের প্রতিশ্রুতিশীল ইনিংস। পরে ড্রেসিং রুমে ফেরার সময় দেখানো ক্ষুদ্ধ প্রতিক্রিয়ায় ভর্ৎসনা শুনলেন আফগানিস্তানের ওপেনার।

দিল্লিতে রোববার ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ বলে ৮০ রানের খুনে ইনিংস খেলেন গুরবাজ। এর সৌজন্যে তিনশ ছুঁইছুঁই পুঁজি দাঁড় করায় আফগানিস্তান। পরে দারুণ বোলিংয়ে তারা পায় ৬৯ রানের জয়। 

যে কোনো সংস্করণে এটিই ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়। 

ওই ম্যাচের ১৯তম ওভারে একটি দ্রুত রান নিতে গিয়ে ডেভিড উইলির দারুণ ফিল্ডিংয়ে রান আউট হন গুরবাজ। পরে ড্রেসিং রুমে ফেরার সময় বাউন্ডারি সীমানা ও কাছে থাকা একটি চেয়ারে ব্যাট দিয়ে আঘাত করেন তরুণ কিপার-ব্যাটসম্যান।

আইসিসির আচরণবিধির লঙ্ঘন এটি। ম্যাচ শেষে গুরবাজকে এই অপরাধের জন্য ম্যাচ রেফারি জেফ ক্রো আনুষ্ঠানিকভাবে তিরস্কৃত করেন। একইসঙ্গে আফগান ওপেনারের নামের পাশে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।
ম্যাচ রেফারির কাছে গুরবাজ নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।