টেন্ডুলকার-কপিলকে ছাড়িয়ে রোহিতের সেঞ্চুরির রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করে দুটি রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক।
মোহাম্মদ নাবির বল লেগ সাইডে খেলে সিঙ্গেল নিলেন রোহিত শর্মা। ৯৯ থেকে তিনি পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত তিন অঙ্কের ঘরে। একই সঙ্গে ভারত অধিনায়ক নাম লেখালেন দুটি রেকর্ডে।
আফগানিস্তানের বিপক্ষে বুধবার এই সেঞ্চুরি করেন রোহিত। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে তারই।
এতদিন কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন রোহিত। বিশ্ব মঞ্চে ৪৪ ইনিংসে টেন্ডুলকারের সেঞ্চুরি ৬টি। রোহিতের ৭ সেঞ্চুরি হয়ে গেল স্রেফ ১৯ ইনিংসেই। যার ৫টিই করেন তিনি গত আসরে। ২০১৫ আসরে ছিল একটি।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে রোহিত এ দিন তিন অঙ্ক স্পর্শ করেন মাত্র ৬৩ বলে। বিশ্বকাপে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি এটি। এখানে রোহিত পেছনে ফেলেছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। ওই আসরে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১৭৫ রানের ইনিংসের পথে কপিল শতক ছুঁয়েছিলেন ৭২ বলে।
ওয়ানডেতে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডের তালিকায় সনাৎ জয়াসুরিয়াকে (২৮) ছাড়িয়ে দুই নম্বরে উঠে গেলেন রোহিত (২৯)। এখানে ৪৯ শতক নিয়ে চূড়ায় টেন্ডুলকার।
রোহিত এবারের বিশ্বকাপ শুরু করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হয়ে। পরের ম্যাচেই তিনি উপহার দিলেন সেঞ্চুরি।
২৭৩ রানের লক্ষ্য তাড়ায় এক প্রান্তে ইশান কিষানকে দর্শক বানিয়ে ঝড় তোলেন তিনি। ফিফটি পূর্ণ করেন ৩০ বলে। একটা সময়ে রোহিতের রান যখন ৭১, কিষানের তখন কেবল ১০!
রোহিত শতক পূর্ণ করার পর কিষানের বিদায়ে ভাঙে ১৫৬ রানের শুরুর জুটি। যেখানে কিষানের অবদান ৪৭।
