০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হেডকে ছাড়িয়ে শেফিল্ডে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ডেভিসের

আগের মৌসুমে ৯ ইনিংস মিলে যা রান করেছিলেন, এবার এক ইনিংসেই তার দ্বিগুণ রান করলেন অলিভার ডেভিস।

হেডকে ছাড়িয়ে শেফিল্ডে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ডেভিসের

অলিভার ডেভিসের ডাবল সেঞ্চুরি উদযাপন। ছবি: ক্রিকেট নিউ সাউথ ওয়েলস ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 06:33 PM

Updated : 09 Oct 2026, 06:33 PM

ব্যাট হাতে শেফিল্ড শিল্ডের গত আসরটা অলিভার ডেভিসের জন্য কেটেছিল দুঃস্বপ্নের মতো। সেই হতাশা পেছনে ফেলে নতুন মৌসুমের শুরুতেই জ্বলে উঠলেন তিনি। প্রতিপক্ষের বোলারদের নাজেহাল করে উপহার দিলেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি, নাম লেখালেন ইতিহাসের পাতায়।

নিউ সাউথ ওয়েলসের হয়ে তাসমানিয়ার বিপক্ষে শুক্রবার ২২৫ বলে ২৫৩ রানের ইনিংস খেলেন ডেভিস। ৩৮ চার ও চার ছক্কায় গড়া ছিল তার ইনিংসটি।

২৬ বছর বয়সি এই ওপেনার ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ১৮৬ বলে। অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতাটির সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম দুইশর কম বলে দ্বিশতক করলেন কেউ।

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ট্রাভিস হেডের। ২০২০-২১ মৌসুমে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৪ বলে মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ক্যালেব জুয়েলের পর শেফিল্ড শিল্ডে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান ডেভিস। ২০০৭-০৮ মৌসুমে সাইমন ক্যাটিচের পর প্রথম শ্রেণির ম্যাচে এক দিনে দুইশ রান করা নিউ সাউথ ওয়েলসের প্রথম ব্যাটসম্যানও তিনি।

সিডনির ক্রিকেট সেন্ট্রাল মাঠের সবুজ উইকেটে তাসমানিয়ার ২৪৫ রানের জবাবে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই রাইলি কিংসসেলকে হারায় নিউ সাউথ ওয়েলস। দ্বিতীয় উইকেটে কার্টিস প্যাটারসনের সঙ্গে ১৪৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন ডেভিস। ফিফটি করে বিদায় নেন প্যাটারসন (৫৪)।

৯১ থেকে পরপর চার ও ছক্কায় ডেভিস প্রথম শ্রেণির ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন ৭৭ বলে। পরে তার রানের গতি কমে যায় একটু। শতক থেকে দ্বিশকে যেতে লাগে ১০৯ বল।

তৃতীয় উইকেটে জ্যাক এডওয়ার্ডসের সঙ্গে ২৫০ রানের বড় জুটিতে দলকে শক্ত অবস্থানে রেখে বিদায় নেন ডেভিস। এডওয়ার্ডস সেঞ্চুরি করে দিন শেষে অপরাজিত আছেন ১০৯ রানে। নিউ সাউথ ওয়েলসের রান ৬ উইকেটে ৪৪১।

শেফিল্ড শিল্ডের গত মৌসুম ভীষণ বাজে কাটে ডেভিসের। সেবার ৯ ইনিংসে একটি ফিফটিতে তিনি রান করতে পারেন মোটে ১২৩ রান। চলতি ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাটিং গড় ছিল ৩২.৭৩। এখন সেটিও সমৃদ্ধ হবে ডাবল সেঞ্চুরির সৌজন্যে।