২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরকে অধিনায়কত্ব ছাড়তে বললেন মালিক

সাদা বলের ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদিকে নেতৃত্ব দেওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

বাবরকে অধিনায়কত্ব ছাড়তে বললেন মালিক

বাবর আজম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 07:52 PM

Updated : 16 Oct 2023, 07:52 PM

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণের পর চটেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। বাবর আজমের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে আবার। দেশটির সাবেক অধিনায়ক শোয়েব মালিকের মতে, বাবরের নেতৃত্ব ছাড়ার কথা বিবেচনা করা উচিত।

পাকিস্তান ক্রিকেটে বাবরের অধিনায়কত্ব নিয়ে আলোচনা-সমালোচনা হয় নিত্য। মালিক মনে করেন, অধিনায়ক হিসেবে উদ্ভাবনী কিছু ভাবতে পারেন না বাবর। তার মতে, অধিনায়কত্ব ছেড়ে দিলে ব্যাটসম্যান হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

এসব বিবেচনায় নিয়ে পাকিস্তানের নিউজ চ্যানেল ‘এ স্পোর্টস’-এর সঙ্গে আলাপচারিতায় বাবরকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন মালিক।

“আমি অতীতেও বলেছি, বাবর আজমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত। এটি আমার ব্যক্তিগত মতামত। বাবর অধিনায়ক হিসেবে গতানুগতিকের বাইরে চিন্তা করে না। সে অধিনায়কত্ব করছে, কিন্তু উন্নতি হচ্ছে না। শুধু খেলোয়াড় হিসেবে পাকিস্তানের হয়ে সে অনেক ভালো করতে পারে।”

বাবর নেতৃত্ব ছাড়লে কাকে দায়িত্ব দেওয়া উচিত, সেটিও বললেন ৪১ বছর বয়সী মালিক। এক্ষেত্রে তার পছন্দ তরুণ ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি।

“বাবর আজম পদত্যাগ করলে শাহিন আফ্রিদিকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা উচিত। সে লাহোর কালান্দার্সের হয়ে আগ্রাসী অধিনায়কত্ব করেছে।”

আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত দুই আসরে চ্যাম্পিয়ন হয় লাহোর কালান্দার্স।