‘পাকিস্তান ম্যাচের মতো বিশ্বকাপও আমাদের জিততে হবে’
বিশ্বকাপ জেতার মতো পাকিস্তানের বিপক্ষে ম্যাচকেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার।
দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ প্রায় এক দশক ধরে। বহুজাতিক টুর্নামেন্ট ছাড়া তাই সাক্ষাৎ হয় না ভারত-পাকিস্তানের। তেমনই বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইকে স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন সুনিল গাভাস্কার, হরভজন সিংরা।
তাছাড়া ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় এবার শিরোপার প্রত্যাশা অন্যবারের চেয়ে অনেক বেশি ভারতীয়দের। পাশাপাশি বাড়তি উত্তাপ ছড়াচ্ছে পাকিস্তানের বিপক্ষে তাদের ম্যাচটি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ অক্টোবর হবে দুই প্রতিবেশি দেশের লড়াই।
বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ভারত। ১৯৯২ সালে প্রথমবার মোকাবিলার পর বৈশ্বিক এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সাতবার লড়েছে তারা। প্রতিবারই জিতেছে ভারত।
তবু সবসময়ের মতো দুই দলের আরেকটি লড়াইয়ের আগে উত্তেজনার পারদ বরাবরের মতোই উঁচুতে। ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কারের মনেও বাড়তি উন্মাদনা ছড়াচ্ছে আসছে লড়াইটি। তবে একই সঙ্গে ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে তিনি মনে করিয়ে দিলেন, কেবল পাকিস্তান ম্যাচ নিয়ে মাতামাতি করলেই হবে না, অটল থাকতে হবে মূল লক্ষ্যে।
“আমাদের বিশ্বকাপ জিততে হবে। তবে এই ম্যাচও গুরুত্বপূর্ণ। প্রত্যাশার দিক থেকে যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে বলবে, আমাদের পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। তবে বিশ্বকাপও আমাদের জিততে হবে। আমরা অবশ্যই ফেবারিট। কোনো সন্দেহ নেই।”
সাবেক স্পিনার হরভজনের মনে অবশ্য নিজেদের সম্ভাবনার প্রশ্নে কোনো দ্বিধা নেই।
“আমার মনে হয় না, পাকিস্তান এই বিশ্বকাপে বেশি দূর যেতে পারবে। তারা টি-টোয়েন্টিতে ভালো দল। তবে এশিয়া কাপ ও প্রস্তুতি ম্যাচে যা দেখলাম, তারা গড়পড়তার চেয়ে নিচের মানের দল। পাকিস্তানের বিপক্ষে ভারতের (বিশ্বকাপের) পরিসংখ্যান বদলানোর কোনো শঙ্কা দেখি না আমি।”
