২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোট ও চাপ সামলে নায়ক রিজওয়ান

শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়ায় ১৩১ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান।

চোট ও চাপ সামলে নায়ক রিজওয়ান

সেঞ্চুরির পর মোহাম্মদ রিজওয়ান। ছবি: পাকিস্তান ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 11:44 PM

Updated : 10 Oct 2023, 11:44 PM

পাহাড়সম রান তাড়ায় শুরুতেই ফিরে গেলেন টপ অর্ডারের দুই ব্যাটসম্যান। ভীষণ চাপে পড়ে যাওয়া দলকে পথ দেখালেন আবদুল্লাহ শাফিক ও মোহাম্মদ রিজওয়ান। সঙ্গী মাঝপথে ফিরে গেলেও থামেননি রিজওয়ান। শরীরও বেঁকে বসেছিল। তবে সব বাধা ও পায়ের ব্যথা সামলে জয় সঙ্গে নিয়েই মাঠ ছাড়েন পাকিস্তানের এই কিপার-ব্যাটসম্যান।

হায়দরাবাদে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দলের ৬ উইকেটের জয়ে অপরাজিত ১৩১ রান করেন রিজওয়ান। ১২১ বলের অনবদ্য ইনিংসে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা হাঁকান।

শ্রীলঙ্কার করা ৩৪৪ রান ১০ বল হাতে রেখেই টপকে যায় পাকিস্তান।

পাকিস্তানের জয়ের পথে শতক হাঁকিয়েছেন শাফিকও, ১১৩ রান। তিন অঙ্কের দেখা পেয়েছেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যানও, কুসাল মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামা। তবে সব চাপ সামলে দলের ভীষণ প্রয়োজনের মুহূর্তে এমন দাপুটে ইনিংস খেলে নিশ্চিতভাবেই ম্যাচের সেরা রিজওয়ান।

অষ্টম ওভারে বাবর আজম যখন ফিরে যান, তখন পাকিস্তানের রান দুই উইকেটে ৩৭। সাড়ে তিনশ’র কাছাকাছি রান তাড়ায় লক্ষ্যটা তখন হয়ে ওঠে আরও কঠিন। শাফিককে সঙ্গে নিয়ে ঠাণ্ডা মাথায় দলকে এগিয়ে নেন রিজওয়ান। গড়েন ১৭৬ রানের জুটি।

দলকে ২১৩ রানে রেখে সাজঘরে ফিরে যান শাফিক। জয় তখনও অনেক দূরের পথ। তবে খেই হারাননি রিজওয়ান। নতুন করে জুটি গড়েন সাউদ শাকিলের সঙ্গে।

শুরু থেকেই পায়ের সমস্যায় ভুগছিলেন রিজওয়ান। ৩৭তম ওভারে একটি ছক্কা মারার পরপরই ঊরুতে হাত দিয়ে পড়ে যান তিনি। চোখেমুখে প্রচণ্ড ব্যথার ছাপ ছিল স্পষ্ট। ছুটে আসেন ফিজিও। রিজওয়ান হাল ছাড়তে ছিলেন নারাজ। মাঠেই প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার শুরু করেন। এরপরও কয়েকবার ক্র্যাম্প করেছে, দৌড়াতে ভুগছিলেন; কিন্তু কোনোকিছুই হারাতে পারেনি তাকে।

শাকিলের সঙ্গে ৯৫ ও পঞ্চম উইকেট জুটিতে ইফতিখার আহমেদের সঙ্গে অবিচ্ছেদ্য ৩৭ রানের জুটিতে জয় নিশ্চিত করেন রিজওয়ান।

৬৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে রিজওয়ানের এটি তৃতীয় শতক, বিশ্বকাপে প্রথম। এই সংস্করণে এটা তার ক্যারিয়ার সেরা ইনিংসও। আগের সেরা ছিল ১১৫, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

পাকিস্তানের কেবল দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করলেন রিজওয়ান। আগের জন সরফরাজ আহমেদ, ২০১৫ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১০১ রান করেছিলেন তিনি।

পঞ্চাশ ওভারের ক্রিকেটে পাকিস্তানের কিপার-ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সেঞ্চুরির তালিকায় রিজওয়ান আছেন দুইয়ে। তার ওপরে কামরান আকমল (৫)।