টেন্ডুলকারের রত্ন হয়ে ওঠার আঙিনায় চলছে স্বপ্নের চাষ
যে মাঠে সাচিন টেন্ডুলকারকে ঘষেমেজে ভবিষ্যতের জন্য তৈরি করেছেন কোচ রামাকান্ত আচরেকার, যেখানে খেলে ক্রিকেটের ভিত গড়েছেন অনেক তারকা, সেই আঙিনায় একই স্বপ্নের ছবি আঁকছেন ভবিষ্যতের তারকারা।
বিশাল প্রান্তরে যেন খেলার মেলা বসেছে। ফুটবল, ভলিবল, অ্যাথলেটিকস, শরীরচর্চা, কত কী! তবে সবচেয়ে বেশি দেখা গেল ক্রিকেট। নানা কোনায় টেপ টেনিসের আসর তো ছিলই, মাঠের মাঝে নানা জায়গায় ক্রিকেট বলের ক্রিকেট ম্যাচও চলছিল গোটা কয়েক। একটি ম্যাচে সাদা পোশাকে খেলছিল ১৩-১৪ বছর বয়সীরা। কিশোরদের সেই ম্যাচের কাছে গিয়ে পাওয়া গেল তাদের কোচকে। নানা কথার ফাঁকে রামাকান্ত আচরেকারের প্রসঙ্গ উঠতেই সেই ভদ্রলোক বললেন, “এটা তো রামাকান্ত স্যারের একাডেমিই। ওরা সবাই সারদাশ্রমের ছেলে, টেন্ডুলকারের স্কুলের ছেলে ওরা…।”
মেঘ না চাইতেই বৃষ্টি বোধহয় একেই বলে!
শিভাজি পার্কে যাওয়ার মূল উদ্দেশ্য আচরেকার ও সাচিন টেণ্ডুলকারের স্মৃতির গন্ধ শুঁকে সেই সময়টাকে অনুভব করার চেষ্টা। এখনকার হালচাল জানার ব্যাপার তো থাকেই। সেখানে গিয়ে টেন্ডুলকারের স্কুলের ম্যাচ দেখতে পাওয়া মানেই তো মনে বাড়তি রোমাঞ্চের দোলা। মুম্বাইয়ের পশ্চিম দাদারের সারদাশ্রম বিদ্যামন্দিরের নাম ক্রিকেটবিশ্ব জানে তো একজন টেন্ডুলকারের সৌজন্যই!
আচরেকারের আঙিনা
মুম্বাই শহরে দর্শনীয় জায়গার কমতি নেই। তবে ক্রিকেটপ্রেমী হলে ওপরের দিকেই থাকে শিভাজি পার্ক।
এমনিতেই ময়দানের শহর মুম্বাই। এসব ময়দানে ক্রিকেট খেলা প্রচলন করেছিলেন ইংরেজরা। সময়ের স্রোতে ভেসে এই শহরের আজাদ ময়দান, ওভাল ময়দানে ব্যাট-বলের ভিত গড়েছেন কত কত ক্রিকেটার! এসব মাঠের ধুলোবালিতে লুটোপুটি খেয়েই একদিন তাদের গায়ে উঠেছে ভারতীয় দলের জার্সি। এরকমই একটি ময়দান শিভাজি পার্ক। মুম্বাইয়ের আর দশটি ময়দানের মতোই এটি। তবে এটিই সবচেয়ে বড়। সবচেয়ে বিখ্যাতও। সাচিন টেন্ডুলকারের ‘ক্রিকেট ইশ্বর’ হয়ে ওঠার শুরু এই আঙিনাতেই!
এই মাঠেই ঝাঁকড়া চুলের তুমুল প্রতিভাবান এক কিশোরকে ঘষেমেজে ক্রিকেটরত্ন বানিয়ে তুলেছিলেন কোচ রামাকান্ত আচরেকার। ক্রিকেট ইতিহাসে গুরু-শিষ্যের পরম্পরায় ‘আচরেকার-টেন্ডুলকার’ সম্ভবত উজ্জ্বলতম। তাদের কিংবদন্তিসম বন্ধনের শুরু এখানেই।
এই মাঠে বিন্দু বিন্দু ঘাম ঝরিয়েই ক্রিকেট বিশ্বে রাজত্ব করার ভিত গড়েছেন টেন্ডুলকার। পরিশ্রমের আগুনে পুড়ে খাঁটি হয়ে উঠেছেন, নিজের প্রতিভাকে শানিত করেছেন এখানে ঘণ্টার পর ঘণ্টা ব্যাটিং করে।
১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের পর মুম্বাইয়ে ক্রিকেট স্কুল বা একাডেমির সংখ্যা বাড়তে থাকে হু হু করে। রামাকান্ত আচরেকারের একাডেমি তবু ছিল আলাদা। বাণিজ্যের হাতছানিকে দূরে ঠেলে ক্রিকেটের প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন তিনি, সত্যিকারের এক ক্রিকেটগুরু। মাঠ থেকে ঢিলছোড়া দূরত্বেই তার বাড়ি। তবে মাঠেই পড়ে থাকতেন দিনময়। ছেলেবেলা থেকে ক্রিকেটের পোকা সাচিনকে সেই আচরেকারের একাডেমিতেই ভর্তি করিয়ে দেন বড় ভাই আজিত টেন্ডুলকার।
শুরুতে যদিও ট্রায়ালে সাচিন টেন্ডুলকারকে মনে ধরেনি কোচ আচরেকারের। কোচের সামনে বলেই হোক বা চারপাশে অনেকের ভীড় দেখে, সাচিনের ব্যাটিংয়ে জড়তা ছিল। আজিতকে আচরেকার বলেছিলেন আরও কিছুদিন পর নিয়ে আসতে। তবে আজিত অনুরোধ করেছিলেন আরেকবার পরখ করতে। এবার আর সামনাসামনি নয়, একটু দূরে আড়াল থেকে লুকিয়ে সাচিনের ব্যাটিং দেখলেন আচরেকার। এবার সাচিন দারুণ ব্যাট করলেন। ব্যস, এক অমর কাব্যের সূচনা পর্ব হয়ে গেল!
ক্রিকেটের সুবিধার জন্যই বাড়ির কাছের স্কুল ছেড়ে অনেকটা দূরে দাদারের সারদাশ্রম বিন্দামন্দিরে চলে আসে সাচিন। কখনও ভাইয়ের স্কুটারে করে বা কখনও কখনও ৩১৫ নম্বর বাসে করে মাঠে আসতেন তিনি। তাকে ক্রিকেটের নানা অলিগলিতে বিচরণের শিক্ষা দেন আচরেকার। নিজের স্কুটারে করে সাচিনকে এক ময়দান থেকে আরেক ময়দানে নিয়ে ছুটে বেড়াতেন আচরেকার, যাতে একই দিন দুই-তিনটি ম্যাচে ব্যাটিং করে তার ম্যাচ প্র্যাকটিস ভালো হয়।
তার জন্য আচরেকারর বিশেষ অনুশীলনের গল্প তো ক্রিকেটের একনিষ্ঠ অনুসারীমাত্রই জানেন। স্টাম্পের ওপর এক রুপির একটি মুদ্রা রেখে টেন্ডুলকারকে ব্যাটিং করাতেন আচরেকার। কোনো বোলার তাকে আউট করতে পারলে মুদ্রাটি পেত সেই বোলার। আউট করতে না পারলে তা পেতেন টেন্ডুলকার। সেই সময় যে ১৩টি মুদ্রা তিনি জিতেছিলেন, আজও নিজের জীবনের শ্রেষ্ঠতম পুরস্কারের মধ্যে রাখেন সেসবকে।
শুধু কি টেন্ডুলকার? এই ময়দান থেকেই ক্রিকেট স্বপ্নের পথ ধরে ছুটেছেন বিজয় মাঞ্জরেকার, সান্দিপ পাতিল, লালচাঁদ রাজপুত, বালবিন্দার সিং সান্ধু, একনাথ সোলকার, চন্দ্রাকান্ত পান্ডিত, ভিনোদ কাম্বলি, আজিত আগারকার, আজিঙ্কা রাহানে, পৃথ্বী শর মতো তারকারা।
প্রায় ২৮ একরের এই ময়দান গড়ে তোলা হয় ১৯২৫ সালে। তখন নাম ছিল মাহিম পার্ক। ১৯২৭ সালে নাম বদলে রাখা হয় সপ্তদশ শতাব্দিতে এই অঞ্চলের সম্রাট ছত্রপতি শিবাজি মহারাজের নামে।
এই সময়ের শিভাজি পার্ক
৮টি ক্লাবের ঘরের মাঠ এটি। এছাড়া স্থানীয় সবাই তো নিয়মিতই খেলে মাঠের নানা প্রান্তে। ময়দানে গিয়ে দেখা গেল, যথারীতি বেশ কয়েকটি ক্রিকেট ম্যাচ চলছে। বড়দের পাশাপাশি খেলছেন বিভিন্ন বয়সের শিশু-কিশোররাও। ক্রিকেট বলের পাশাপাশি টেনিস বলে, টেপ টেনিস বলের ক্রিকেটও চলছে।
মাঠের বেশির ভাগ অংশেই ঘাস নেই। অনেক জায়গায় মাটি শক্ত, কোথাও এবড়োখেবড়ো। কিন্তু ক্রিকেট চর্চায় সেসব কোনো বাধাই নয়! স্রেফ উইকেট আর আশপাশের জায়গাগুলো ঠিকঠাক আছে। তাতেই দিব্যি চালু আছে ক্রিকেটার তৈরির এই কারখানা।
১৫ বছর ধরে এই মাঠেই সারদাশ্রম বিন্দামন্দিরের ছেলে-মেয়েদের ক্রিকেট শিক্ষা দিয়ে আসছেন ভিভেক টোডানকার। আচরেকারকেও দেখেছেন কাছ থেকেই। দ্রোনাচার্য ও পদ্মশ্রী পুরস্কারজয়ী কিংবদন্তি এই কোচকে ভিভেক অন্য উচ্চতায় রাখেন, “আচরেকার স্যারের চিন্তা-ভাবনা, তার দর্শন ও দৃষ্টিভঙ্গিই ছিল আলাদা। আমাদের সবার চেয়ে অনেক অনেক ওপরে। এজন্যই তো তার হাত ধরে কত কত বড় ক্রিকেটারের জন্ম হয়েছে!”
সারদাশ্রমের ১৩-১৪ বছর বয়সী কিশোরদের পোক্ত করে তুলতে এ দিন ম্যাচ খেলানো হচ্ছে কলেজের ছেলেদের সঙ্গে। অনেকেরই হেলমেট আর প্যাড শরীরের আকৃতির তুলনায় বড়। কিন্তু তার চেয়েও বড় তাদের স্বপ্ন। যে ঘাস মাড়িয়ে সাচিন টেন্ডুলকার হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের সম্রাট, সেখানে বিচরণ করে কেন জাতীয় দলের সীমানায় পা রাখতে পারবে না তারা!
নিজেদের তারা তৈরিও করছে সেভাবেই। ক্রিকেট শিক্ষার্থীদের প্রতিদিনের ক্রিকেট শিক্ষার রুটিন জানা গেল কোচ ভিভেকের কাছ থেকে।
“সকালে ৭টা থেকে ৯টা পর্যন্ত অনুশীলন চলে। সকাল পৌনে ১০টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ম্যাচ হয়। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত আবার প্র্যাকটিস। সপ্তাহে অন্তত তিন দিন তো ম্যাচ হয়ই। বাচ্চারা বাসা থেকে এখানে আসে, এখান থেকে স্কুলে যায়, স্কুল থেকে আবার এখানে আসে।”
“পরিবার থেকে পুরো সাপোর্ট পায় ওরা। অভিভাবকরাই নিয়ে আসেন এখানে, বসে থাকেন অনুশীলন বা ম্যাচের সময়। শুধু নিজেদের বাচ্চাকেই নয়, সব বাচ্চার পাশে থাকেন তারা।”
এই মাঠে খেলে টেন্ডুলকার নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের কাতারে। এখানকার উঠতি ক্রিকেটারদের জন্য এর চেয়ে বড় প্রেরণা তো আর নেই! কোচ বললেন, তাদের মতো হওয়ার স্বপ্ন নিয়েই ঘাম ঝরিয়ে যায় উঠতি ক্রিকেটাররা।
“শুধু সাচিন টেন্ডুলকার নন, এই মাঠে ক্রিকেট শিখে পড়ে ভারতের হয়ে খেলেছেন ১৫-১৬ জন ক্রিকেটার। মুম্বাইয়ের হয়ে কতজন খেলেছেন, সেটির হিসাব নেই। তাদেরকে প্রেরণা মেনেই এই বাচ্চারা প্র্যাকটিস করে যায়, একদিন তাদের মতো হতে চায়। ক্রিকেট খেলা শুধু তাদের শখ নয়, ভবিষ্যতে পেশা হিসেবেও নিতে চায়। কষ্ট তো করতেই হবে ওদেরকে।”
অনুশীলনে বা ম্যাচে যারা ভালো করে, তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়। ক্রিকেট সরঞ্জাম থেকে শুরু করে নানকিছু উপহার দেওয়া হয় তাদেরকে অনুপ্রেরণা জোগানোর জন্য।
অভিভাবকদের বেশ কজনকেই দেখা গেল তাবুতে বসে ছেলের খেলা দেখছেন। এক মা শোনালেন, ছেলের স্বপ্নের সঙ্গে নিজেদের স্বপ্নও একাত্ম করে নিয়েছেন তারা।
“ছেলের শখ ক্রিকেটার হওয়া। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে। আমরাও এখন ওকে নিয়ে একই স্বপ্ন দেখি। আমার ছেলে অলরাউন্ডার। ভালোই করছে ও এখন। ক্রিকেটের পথ যদিও অনিশ্চিত, তবে আমাদের পুরো সাপোর্ট আছে ওর প্রতি। আরও অনেক বাবা-মায়ের স্বপ্নও একই রকম। এই মাঠে খেলেই সাচিন টেন্ডুলকার ও অনেকে এত বড় ক্রিকেটার হয়েছেন, আমাদের সন্তানরা কেন পারবে না!”
শুধু ক্রিকেটই নয়, এখানে ফুটবল, ভলিবল, অ্যাথলেটিকসের নানা ইভেন্ট, এরকম অনেক কিছুরই চর্চা চলে। এ দিন মাঠে গিয়েও সেসব চিত্র দেখা গেল। একটি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণীয় আয়োজনও চলছিল তখন। মাঠের এক পাশে শটপুট অনুশীলন করছিলেন কয়েকজন। পাশেই চলছিল শরীরচর্চা।
এক কোনায় দেখা গেল একজন ফুটবল কোচ খুব যত্ন করে ৪-৫ বছর বয়সী বাচ্চাদের ফুটবলের কারিকুরি শেখাচ্ছেন। ফুটবলে টোকা মারতে গিয়ে বাচ্চাদের কারও কারও জুতো খুলে যাচ্ছে। কোচ গিয়ে পরিয়ে দিচ্ছেন। কারও ফিতা খুলে গেলে তিনি বেঁধে দিচ্ছেন। মার্ক থেকে তারা প্রায়ই সরে যাচ্ছে। কোচ গিয়ে ঠিক জায়গায় দাঁড় করাচ্ছেন। বাচ্চারা মাঝেমধ্যেই অন্যদিকে উদাস তাকিয়ে থাকে, কোচ তাদের আদুরে বকায় ফুটবলে ফেরান।
এক বাচ্চার আসতে দেরি হলো। তার মা হাসতে হাসতে বললেন, "কোচ, ও আজকে দুপুরে একটু বেশি ঘুমিয়ে পড়েছে...।" কোচ বললেন, "ও আচ্ছা তাই? ঘুম ভাঙলো তাহলে? গুড মর্নিং স্যার...!" চোখ কচলাতে থাকা বাচ্চাটা লজ্জা পেয়ে মুখ দিয়ে হাত ঢেকে ফেলল। সব মিলিয়ে স্বর্গীয় সব দৃশ্য।
এছাড়াও এখানে নানা সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনও হয়। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকারের শেষ বিদায়ের আয়োজনও হয়েছিল এখানে। এখন একপ্রান্তে দুর্গাপুজা চলছে। আরও নানা অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে।
তবে সব কিছু ছাপিয়ে এই ময়দানে ক্রিকেটের চাষই হয় বেশি, ক্রিকেটারের উর্বরভূমি। শিভাজি পার্ক মানেই তো টেণ্ডুলকারের মাঠ! ভিভেক জানালেন, আচরেকার বেঁচে থাকতে টেন্ডুলকার তার বাড়িতে ও এই মাঠে আসতেন নানা সময়েই। ২০১৯ সালে ৮৬ বছর বয়সে মারা যান আচরেকার। এরপর সম্ভবত আর একবারই এই মাঠে পা পড়েছিল টেন্ডুলকারের। তবে এই মাঠের প্রতিটি ঘাসে আর ধুলিকনায় তো মিশে আছেন তিনিই।
টেন্ডুলকারের কারণেই ক্রিকেটবিশ্বে ধুলোবালিময় এই ময়দানের পরিচিতি রূপকথার আঙিনা।
