স্ক্যান করাতে হাসপাতালে সাকিব
রিপোর্ট হাতে পাওয়ার পর সাকিব আল হাসানের চোটের ব্যাপারে পরিষ্কার তথ্য জানতে পারবে বাংলাদেশ দল।
নিউ জিল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে চোট শঙ্কাও উঁকি দিল বাংলাদেশ দলে। ম্যাচ শেষ হতেই হাসপাতালে ছুটলেন সাকিব আল হাসান। ঊরুর পেশির চোটে স্ক্যান করানো হবে বাংলাদেশ অধিনায়কের।
চেন্নাইয়ে শুক্রবার ব্যাটিং, ফিল্ডিং ব্যর্থতায় ৮ উইকেটে পরাজয়ের পর পুরস্কার বিতরণ মঞ্চে আসেন নাজমুল হোসেন শান্ত। তখন নিয়মিত অধিনায়কের ব্যাপারে জিজ্ঞেস করা হলে স্ক্যানের জন্য সাকিবের হাসপাতালে যাওয়ার কথা জানান তিনি।
পরে সংবাদ সম্মেলনে দলের সহ-অধিনায়ক শান্ত বলেন, স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর সাকিবের চোটের ব্যাপারে পরিষ্কার তথ্য পাওয়া যাবে।
ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় পেশিতে টান লাগায় ভুগতে দেখা যায় সাকিবকে। বেশ কিছুক্ষণ শুশ্রূষা নিয়ে পরে আবার ব্যাটিং শুরু করেন তিনি। তবে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। সব মিলিয়ে ৩ চার ও ২ ছক্কায় ৫১ বলে করেন ৪০ রান।
পরে ফিল্ডিংয়ে শুরু থেকে মাঠে ছিলেন বাংলাদেশ অধিনায়ক। বল হাতে ডেভন কনওয়ের উইকেটেসহ ১০ ওভারে তার খরচ ৫৪ রান।
বাংলাদেশ অধিনায়কের মতো এই ম্যাচে চোট পেয়েছেন কিউই অধিনায়কও। রান নেওয়ার সময় শান্তর একটি থ্রো লাগে কেন উইলিয়ামসনের বাম হাতের বুড়ো আঙুলে।
শুরুতে শুশ্রূষা নিয়ে ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন উইলিয়ামসন। কিন্তু ব্যথার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ৭৮ রানে মাঠ ছেড়ে যান তিনি।
ম্যাচ শেষে নিউ জিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার তার ওই আঙুলের এক্স-রে করানো হবে।
