২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমলাকে ছাড়িয়ে ২ হাজারে দ্রুততম গিল

স্রেফ ৩৮ ইনিংসে ওয়ানডে সংস্করণে ২ হাজার রান করলেন শুবমান গিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 08:22 PM

Updated : 22 Oct 2023, 08:22 PM

ট্রেন্ট বোল্টের অফ স্টাম্পের বাইরের বল দৃষ্টিনন্দন কভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠালেন শুবমান গিল। বারবার দেখার মতো ওই শটে তিনি সবার চেয়ে দ্রুত পৌঁছে গেলেন দারুণ এক মাইলফলকে।

ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক থেকে ১৪ রান দূরে থেকে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে নামেন গিল। সপ্তম ওভারে বোল্টকে মারা ওই চারে স্রেফ ৩৮ ইনিংসে তিনি পূর্ণ করেন ক্যারিয়ারের ২ হাজার রান।

এই সংস্করণে তার চেয়ে দ্রুত এই কীর্তি গড়তে পারেননি আর কোনো ব্যাটসম্যান। আগের রেকর্ড হাশিম আমলার, ৪০ ইনিংস। প্রায় ১২ বছর পর সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের রেকর্ড ভাঙলেন ভারতের তরুণ ওপেনার।

ভারতের ব্যাটসম্যানের মধ্যে এত দিন এই রেকর্ড ছিল শিখর ধাওয়ানের। ২০১৪ সালে ৪৮ ইনিংসে ২ হাজার রান করেছিলেন বাঁহাতি ওপেনার। 

২০১৯ সালে ওয়ানডে অভিষেক হলেও গত বছরের আগ পর্যন্ত তিনি খেলতে পারেন স্রেফ ৩ ম্যাচ। ২০২২ সাল থেকে নতুন উদ্যমে শুরু হয় গিলের ওয়ানডে ক্যারিয়ার। তার পর থেকে দুর্দান্ত গতিতে ছুটছেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান। 

১০ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে ২ হাজার রানের ক্লাবে ঢুকেছেন গিল। নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে আউট হওয়ার পর তার মোট সংগ্রহ ২ হাজার ১২ রান। তিনি এই রান করেছেন ৬২.৮৭ গড়, ১০২.৬০ স্ট্রাইক রেটে। ওয়ানডেতে ষাটের বেশি গড়, একশর বেশি স্ট্রাইক রেটে অন্তত ২ হাজার রান করা একমাত্র ব্যাটসম্যান গিল।

গিলের ক্যারিয়ার সেরা ইনিংস চলতি বছরের জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০৮ রান। স্রেফ ২৩ বছর ১৩২ দিন বয়সে ডাবল সেঞ্চুরি করে ওয়ানডেতে দ্বিশতক করা কনিষ্ঠতম ব্যাটসম্যানের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

ডাবল সেঞ্চুরির ওই ম্যাচে স্রেফ ১৯ ইনিংসে ১ হাজার রানের ক্লাবে ঢোকেন গিল। এই মাইলফলকে ভারতের ব্যাটসম্যানদের দ্রুততম ও সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান তিনি। ১৮ ইনিংসে ১ হাজার করে শীর্ষে পাকিস্তানের ফাখার জামান।