০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

টেন্ডুলকারকে টপকে রান তাড়ার নতুন রাজা কোহলি

নিজের আদর্শ ও ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকারের চেয়ে অনেক কম ইনিংস খেলেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন ভিরাট কোহলি।

টেন্ডুলকারকে টপকে রান তাড়ার নতুন রাজা কোহলি

ফিফটি ছুঁয়ে ব্যাট উঁচিয়ে ধরেছেন ভিরাট কোহলি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 05:31 PM

Updated : 04 Nov 2026, 05:31 PM

জেকব ডাফির শর্ট বল পুল করার চেষ্টা করলেন ভিরাট কোহলি। ব্যাটের সামনের অংশে লেগে বল চলে গেল ডিপ স্কয়ার লেগ ফিল্ডারের হাতে। ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে না পারার হতাশার ধীর পায়ে মাঠ ছাড়লেন ভারতের ব্যাটিং গ্রেট। তবে রান তাড়ায় সর্বোচ্চ রানের রেকর্ড ঠিকই গড়লেন তিনি।

অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে আগ্রাসী ব্যাটিং করেন কোহলি। দলকে জয়ের দুয়ারে রেখে ফেরার আগে তিনি খেলেন ১৩ চার ও ১ ছক্কায় মাত্র ৫১ বলে ৭৪ রানের ইনিংস। যার সৌজন্যে ওয়ানডেতে এখন দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান তার।

এই সংস্করণে এত দিন রান তাড়ায় সবার ওপরে ছিলেন কোহলির স্বদেশি সাচিন টেন্ডুলকার। অবসরের আগে ওয়ানডেতে ২৩২ বার দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ১৭ সেঞ্চুরি ও ৫২ ফিফটিতে ভারতের কিংবদন্তি করেন ৮ হাজার ৭২০ রান।

টেন্ডুলকারের চেয়ে অনেক কম ইনিংসেই তাকে টপকে গেলেন কোহলি। ১৬ বছরের ক্যারিয়ারে রান তাড়ায় ১৬৯ ইনিংস ব্যাট করে ৩০ সেঞ্চুরি ও ৪৬ ফিফটিতে কোহলির সংগ্রহ ৮ হাজার ৭৪১ রান। তার সামনে এখন প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় ইনিংসে ৯ হাজার রানের হাতছানি।

কোহলি ও টেন্ডুলকার ছাড়া বিশ্বের আর কোনো ব্যাটারের রান তাড়ায় ৭ হাজার রানও নেই। তালিকার তিন নম্বরেও আরেক ভারতীয়, রোহিত শার্মা। দেশটির সাবেক এই অধিনায়ক এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৬৩ বার ব্যাট করে ১৯ সেঞ্চুরি ও ৪০ ফিফটিতে করেছেন ৬ হাজার ৮০১ রান।

প্রথম ওয়ানডেতে ঝকঝকে ইনিংসে আরেকটি কীর্তিতেও চূড়ায় উঠেছেন কোহলি। ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখন তার। আপাতত সেখানে তার সঙ্গী অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট রিকি পন্টিং।

দীর্ঘ ক্যারিয়ারে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫০ ইনিংসে ৬ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে ১ হাজার ৯৭১ রান করেছেন পন্টিং। কিউইদের বিপক্ষে মাত্র ৩৭ ইনিংসে ৭ সেঞ্চুরি ও ১১ ফিফটিতে তার সমান করে ফেলেছেন কোহলি।