২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে ফিলিপসের দারুণ প্রাপ্তি

ওয়ানডে ক‍্যারিয়ারে দ্বিতীয় ও বিশ্বকাপে প্রথমবার ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। 

খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে ফিলিপসের দারুণ প্রাপ্তি

বিশ্বকাপে প্রথমবার ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন গ্লেন ফিলিপস। ছবি: আইসিসির এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 10:11 PM

Updated : 18 Oct 2023, 10:11 PM

৯ বল ১ রান ৩ উইকেট! আফগানিস্তানের দারুণ বোলিংয়ে হুট করে দিশা হারিয়ে তখন কাঁপছে নিউ জিল‍্যান্ড। সেই সময়ে ক্রিজে গিয়ে দৃঢ়তা দেখালেন গ্লেন ফিলিপস। লম্বা সময় ভুলে থাকলেন সহজাত আক্রমণাত্মক ব‍্যাটিং। ক‍্যারিয়ারের তৃতীয় ফিফটিতে দলকে নিয়ে গেলেন তিনশ রানের কাছে। আফগানিস্তানের বিপক্ষে শতরানের জয়ে ভূমিকা রেখে জিতলেন ম‍্যাচ সেরার পুরস্কার। 

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে বুধবার ১৪৯ রানে জিতেছে নিউ জিল‍্যান্ড। ২৮৮ রান তাড়ায় স্রেফ ১৩৯ রানেই গুটিয়ে গেছে আফগানিস্তান। 

গত দুই আসরের রানার্সআপদের টানা চতুর্থ জয়ে সবচেয়ে বড় অবদান ফিলপসের। চারটি করে ছক্কা ও চারে ৮০ বলে এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান খেলেন ৭১ রানের ইনিংস। পঞ্চম উইকেটে ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল‍্যাথামের সঙ্গে গড়েন ম‍্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ১৪৪ রানের জুটি, ১৫৩ বলে। 

টস হেরে ব‍্যাট করতে নেমে ১ উইকেটে ১০৯ রানের দৃঢ় ভিত পেয়েছিল নিউ জিল‍্যান্ড। কিন্তু ১ রানের মধ‍্যে দুই থিতু ব‍্যাটসম‍্যানের সঙ্গে ড‍্যাারিল মিচেলও ফিরে গেলে পাল্টে যায় ম‍্যাচের মোড়। 

সেখান থেকে নিউ জিল‍্যান্ডকে দুইশ রানের আশেপাশে থামিয়ে রাখা অসম্ভব কিছু ছিল না। কিন্তু ল‍্যাথাম ও ফিলিপসের সাবধানী ব‍্যাটিংয়ে লম্বা সময় আর কোনো উইকেটই নিতে পারেনি আফগানিস্তান। 

কোনো ঝুঁকি না নিয়ে দুই ব‍্যাটসম‍্যান ধীরে ধীরে এগিয়ে নেন দলকে। উনিশ ওভারের প্রথম বলের পর টানা ৬৪ বলে তাদের ব‍্যাট থেকে আসেনি কোনো বাউন্ডারি। থিতু হওয়ার পর ধীরে ধীরে রানের গতি বাড়ান তারা। ৬৯ বলে পঞ্চাশ ছুঁয়ে পরের ১১ বলে ২১ রান নেন ফিলিপস। 

বিশ্বকাপে তার প্রথম ফিফটির সৌজন্যে শেষ পর্যন্ত তিনশর কাছে যায় নিউ জিল‍্যান্ড। বিশ্বকাপ তো বটেই, ওয়ানডেতেও এত বড় রান কখনও তাড়া করতে পারেনি আফগানিস্তান। চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে ২৮৮ তাড়া করতে পারেনি কোনো দলই। 

রেকর্ড গড়ার চ‍্যালেঞ্জ নিতে পারেনি আফগানিস্তান। আগের ম‍্যাচে বিশ্বচ‍্যাম্পিয়ন ইংল‍্যান্ডকে হারানো দলটি নিদারুণ ব‍্যাটিং ব‍্যর্থতায় লড়াই করতেই পারেনি। 

লক্ষ‍্যটা তাদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে ওয়ানডেতে দ্বিতীয় ও বিশ্বকাপে প্রথমবারের মতো ম‍্যাচ সেরার পুরস্কার জেতেন ফিলিপস।