২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পাল্টা আক্রমণে ব্যবধান গড়ে দিয়ে শাকিলের ‘প্রথম’

প্রবল চাপের সময় ক্রিজে গিয়ে ঝড়ো ফিফটিতে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন সাউদ শাকিল।

পাল্টা আক্রমণে ব্যবধান গড়ে দিয়ে শাকিলের ‘প্রথম’

ওয়ানডেতে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জিতলেন সাউদ শাকিল। ছবি: পাকিস্তান ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 11:53 PM

Updated : 06 Oct 2023, 11:53 PM

দশম ওভারের প্রথম বলে ইমাম-উল-হাক ফেরার সময় বেশ বিপদেই পড়ে পাকিস্তান। তখন ক্রিজে নেমে ব্যবধান গড়ে দিলেন সাউদ শাকিল। পাল্টা আক্রমণে নেদারল্যান্ডসের বিপক্ষে দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি, জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। 

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে ৮১ রানে জিতেছে পাকিস্তান। ৫২ বলে ১ ছক্কা ও ৯ চারে ৬৮ রানের বিস্ফোরক ইনিংসে জয়ের নায়ক শাকিল।

২৮ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান যখন ক্রিজে যান, তখন বেশ ভালো অবস্থানে নেদারল্যান্ডস। ততক্ষণে ৩৮ রানের মধ্যে তারা সাজঘরে ফেরত পাঠিয়েছিল ফাখার জামান, বাবর আজম ও ইমামকে।

টপ অর্ডারের ব্যর্থতায় কঠিন পরীক্ষার সামনে পড়ে পাকিস্তানের মিডল অর্ডার। সেটা তারা উতরে যায় মোহাম্মদ রিজওয়ান ও শাকিলের দৃঢ়তায়। দুই জনে ১১৪ বলে গড়েন ১২০ রানের জুটি।

গত কয়েক বছর ধরে কার্যকর মিডল অর্ডার খুঁজে ফিরছে পাকিস্তান। সুযোগ পেয়েছেন অনেকেই, কেউই সেভাবে থিতু হতে পারেননি। অনেকটা মরিয়া হয়েই টেস্ট পারফরম্যান্সের সৌজন্যে শাকিলকে ওয়ানডেতে ফেরায় দলটি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে খেলতে নেমে ৬ বলে করেন ৯ রান।

এরপর এশিয়া কাপে খেলার সুযোগ হয়নি শাকিলের। বিশ্বকাপ দিয়ে ফিরলেন একাদশে, দিলেন সামর্থ্যের প্রমাণ। প্রথমবারের মতো ওয়ানডেতে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।