শ্রীলঙ্কাকে হারিয়ে সেমি-ফাইনালের আশা জিইয়ে রাখল যুবারা
যুব এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হারের ধাক্কা সামলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ।
বড় পরাজয়ের ধাক্কা দ্রুতই সামলে নিল বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর এবার তারা হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। এই জয়ে ভালোভাবেই টিকে রইল সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা।
যুব এশিয়া কাপের ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ রানের জয় পায় বাংলাদেশ। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ২৪৬ রানের লক্ষ্যে ২০০ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস।
'বি' গ্রুপে বাংলাদেশের এটি প্রথম জয়। মালয়েশিয়াকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কার এটি প্রথম পরাজয়। দুই দলের সামনেই খোলা সেমি-ফাইনালের সম্ভাবনা। প্রথম দুই ম্যাচ জেতা আফগানিস্তানের জন্য প্রায় নিশ্চিত সেরা চারের টিকেট।
সবুজ উইকেটে বাংলাদেশকে ভালো পুঁজি এনে দেওয়ার কারিগর আহসান আল মুমিন ও এসকে জারিফ সিয়াম। দুজনই খেলেন পঞ্চাশোর্ধ্ব ইনিংস। বল হাতে অবদান রাখেন তিন পেসার তাফিউল আলম আমিম, শেখ আতিকুর রহমান ও রুবাই ইসলাম রিজন।
টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন আবদুল্লাহ আল মুহি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ চারে ২৫ বলে ৩০ রান করে আউট হন তিনি।
মুহি শুরুতে দ্রুত রান তোলায় মাঝের ওভারে দেখেশুনে খেলার সুযোগ পান সিয়াম, মুমিনরা। তৃতীয় উইকেটে তারা গড়েন ৬৮ রানের জুটি। ৪ চার ও ১ ছক্কায় ৮৩ বলে ৫৯ রান করে আউট হন সিয়াম।
একপ্রান্ত আগলে রেখে এগোতে থাকেন মুমিন। ৭৩ বলে তিনি করেন ফিফটি। ধীরেসুস্থে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন তিনি। কিন্তু তিন অঙ্ক ছুঁতে পারেননি। ২ চারের সঙ্গে ৪টি ছক্কা মেরে ৯৮ বলে তিনি করেন ৮৩ রান।
এছাড়া আর কোনো ব্যাটসম্যান বলার মতো কিছু করতে পারেননি। তাই আড়াইশর আগেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।
শ্রীলঙ্কার পক্ষে ৫২ রানে ৪ উইকেট নেন সেথমিকা সেনেভিরাত্নে। এছাড়া গিমহান মেন্ডিসের শিকার ৩ উইকেট।
রান তাড়ায় কখনোই তেমন সম্ভাবনা জাগাতে পারেনি শ্রীলঙ্কা। শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় তারা। তিন নম্বরে নেমে এক প্রান্ত আগলে রাখেন সেনুজা ওয়েকুনাগোদা। তবে অন্য পাশ থেকে কোনো রকমের সহায়তা পাননি বাঁহাতি এই ব্যাটসম্যান।
৩৭তম ওভারে ড্রেসিং রুমে ফেরার আগে ১০ চার ও ২ ছক্কায় ৯৫ বলে ৮৫ রান করেন ওয়েকুনাগোদা। দলের আর কোনো ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন তামিম, আতিকুর, রিজন ও রবিউল হাসান অনিক।
একই মাঠে সোমবার বেলা ১১টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য মাঠে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান। দুই দলই নিজেদের ম্যাচে জয় পেলে জমে উঠবে সেমি-ফাইনালের সমীকরণ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৯.৪ ওভারে ২৪৫ (মুহি ৩০, সিয়াম ৫৯, রনি ১৩, মুমিন ৮২, ফরিদ ১৭, রকিবুল ১১, অনিক ১৫, শাকিল ৫, রিজন ০, আতিকুর ১, তামিম ৪*; সেনেভিরাত্নে ৯.৪-০-৫২-৪, মেন্ডিস ১০-১-৫৫-৩, কুমারাসিংহে ৮-০-৪০-২, চামুদিথা ৮-০-৩৯-০, আকাশ ৯-০-৩৮-০, উইথানাপাথিরারা ৫-০-২১-০)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৬.১ ওভারে ২০০ (চামুদিথা ১২, পেইরিস ১৯, ওয়েকুনাগোদা ৮৫, উইথানাপাথিরা ৫, রাসাঞ্জানা ১৬, সেনারাত্নে ১৩, পেরেরা ১৯, কুমারাসিংহে ৯, সেনেভিরাত্নে ৬, মেন্ডিস ৩, আকাশ ২*; তামিম ১০-২-৩৩-২, আতিকুর ৮.১-০-২৮-২, রিজন ৯-০-৪২-২, সিয়াম ৯-০-৩৪-১, শাকিল ৪-০-২৬-০, অনিক ৬-০-৩৫-২)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানে জয়ী
