২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা তো ছয় ম্যাচের ছয়টিই জিততে পারি: মুস্তাফিজ

বিশ্বকাপে সামনের সবগুলো ম্যাচ জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস অভিজ্ঞ এই পেসারের।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

চেন্নাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 12:26 AM

Updated : 14 Oct 2023, 12:26 AM

‘দলের সমস্যা কোথায় হচ্ছে?’, এই প্রশ্নের যেন কোনো তল খুঁজে পেলেন না মুস্তাফিজুর রহমান। হালকা হাসির মতো সুর তুলে বললেন, “এটার উত্তর কী দেব!” যেটির মানে হতে পারে, সমস্যাগুলো আসলে তার বা তাদের জানা নেই। সমস্যা জানা না থাকলেও অবশ্য আশার কমতি নেই তার। বাংলাদেশের অভিজ্ঞ এই পেসারের বিশ্বাস, বিশ্বকাপে পরের ম্যাচগুলির সবকটি জিততে পারে বাংলাদেশ দল।

আফগানিস্তানকে হারিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি সাকিব আল হাসানের দল। ব্যাটিংয়ের ভোগান্তি তো অনেক দিন ধরেই চলছে। বিশ্বকাপে বড় আশার জায়গা ছিল যে বোলিং, সেখানেও ব্যর্থতার হাওয়া বইছে। ঠিকঠাক হচ্ছে না ফিল্ডিংও।

সব মিলিয়ে আপাতত দল এখন ডুবে আছে সমস্যার আঁধারে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজ বললেন, তারা চেষ্টা করছেন আলোর পথ খুঁজে নেওয়ার।

“আমরা ভালো করার অপশন খুঁজছি। কী করলে আমরা ভালো খেলতে পারব… সবাই মিলে কথা বলছি কী করলে ভালো করতে পারব।”

সেই ভালোর পরিধি কতটা বিশাল, সেটির নমুনাও দিলেন মুস্তাফিজ। সেমি-ফাইনাল খেলার যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ, সেটির প্রসঙ্গ তুলতেই বললেন, “অসম্ভব কোনো কিছু না। আমরা তো ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।”

একবার নয়, একই কথা মুস্তাফিজের কণ্ঠে শোনা গেল আবারও। দুই ম্যাচ হেরে দলের মানসিক অবস্থা কেমন, এই প্রশ্নে তিনি জোর দিয়েই বললেন, “পেশাদার হিসেবে চিন্তা করলে আফসোসের কিছু নেই (দুই ম্যাচ হার)। হাতে ম্যাচ আছে ছয়টা। ছয় ম্যাচের ছয়টিই জিততে পারি। আগেও বললাম...।”

সেই ছয় জয়ের পথে বাংলাদেশের পরের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। আগামী বৃহস্পতিবার ম্যাচটি হবে পুনেতে।