সেমি-ফাইনাল স্বপ্নের আবির মেখে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান
আফগানিস্তানের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের পথচলা, এই পথ ধরেই সেমি-ফাইনালের ঠিকানা খুঁজে নিতে চান কোচ চান্দিকা হাথুরুসিংহে।
নেট সেশন শেষ করে বেরিয়ে আসছিলেন তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান। বাংলাদেশ থেকে আসা এক সমর্থক তাদের দিকে এগিয়ে গিয়ে বললেন, “অনেক দূর যেতে হবে কিন্তু ভাই…।” মিষ্টি হাসিতে হৃদয় বললেন, “দোয়া করবেন ভাই…।” হৃদয়রা ভালো করেই জানেন, গোটা দেশের কোটি কোটি ক্রিকেট অনুসারীর আকাশছোঁয়া প্রত্যাশা তাদের সঙ্গী। যেতে হবে বহুদূর! সেই দূরত্বের ঠিকানা কোথায়? কোচ চান্দিকা হাথুরুসিংহের দৃষ্টি আপাতত সেমি-ফাইনালে।
আগের দিন টিম ডিরেক্টর খালেদ মাহমুদও বলেছেন, দলের লক্ষ্য ‘অন্তত সেমি-ফাইনাল খেলা।’ চোখে সেই স্বপ্ন আর বুকে সাহস নিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের পথচলা। স্বপ্নযাত্রার পথে প্রথম বাধা আফগানিস্তান।
অপরূপ সৌন্দর্য্যের হিমাচল প্রদেশে ছবির মতো সুন্দর ধারামশালা স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় ছুটতে শুরু করবে বাংলাদেশ ক্রিকেটের এই স্বপ্নরথ।
এমনিতেই অনিন্দ্য সুন্দর এই স্টেডিয়ামকে আরও বর্ণিল করে তোলা হয়েছে বিশ্বকাপের জন্য। শুক্রবারও শেষ মুহূর্তের ঝাড়া-মোছা, ঝালাই-সারাইয়ের কাজ চলছিল, নতুন রঙের প্রলেপ দেওয়া হচ্ছিল মাঠের নানা জায়গায়। বাংলাদেশের স্বপ্নেও তো রঙের ছোঁয়া লেগেছে গত কদিনে!
বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই দেশের ক্রিকেটে তোলপাড় পড়ে যায় তামিম ইকবালের বাদ পড়াকে ঘিরে। পরে সামাজিক মাধ্যমে তামিমের ভিডিও এবং টি-স্পোর্টসে সাকিব আল হাসানের বিস্ফোরক সাক্ষাৎকার ঘিরে পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তাল। দেশের ক্রিকেট থেকে তখন যেন ক্রিকেটই হারিয়ে গিয়েছিল। তবে গুয়াহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ থেকে চিত্র বদলাতে শুরু করে। আশার রসদ জমতে থাকে। বিশ্বকাপ স্বপ্নও আবার রঙিন হতে শুরু করে।
২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপেও বড় স্বপ্ন ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়তে হয়, প্রাপ্তি ছিল কেবল তিনটি জয়। এবার ভারতের বিশ্বকাপে আবার ডানা মেলছে বড় কিছু অর্জনের প্রত্যাশা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ চান্দিকা হাথুরুসিংহে সেই কথা বললেন সরাসরিই।
“আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। তবে বাস্তব সম্ভাবনার কথা যদি বলেন, আমরা যদি ৪-৫টি ম্যাচ জিততে পারি, তাহলে বিশ্বকাপের নক আউট পর্ব বা সেমি-ফাইনাল পর্যায়ে যাওয়ার ভালো সুযোগ নিজেদেরকে দিতে পারব। আমার মনে হয়, সেটি করার মতো যথেষ্টই ভালো দল আমরা। সেমি-ফাইনাল পর্যায়ে যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য।”
প্রথম ম্যাচের একাদশ নিয়ে খুব বেশি ধারণা দেননি কোচ। ম্যাচের দিন সকালে উইকেট দেখে একাদশ ঠিক করবেন বলে জানালেন তিনি। ওপেনিং জুটিতে কারা থাকছেন, সেটিও উইকেট দেখে এবং টসের ওপর নির্ভর করে সাজানো হবে বলে দাবি করলেন তিনি।
বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ অবশ্যই আফগান বোলিং সামলানো। নতুন বলে ফাজালহাক ফারুকি আর তিন স্পিনার মুজিব উর রহমান, রাশিদ খান ও মোহাম্মদ নাবিকে কতটা ভালোভাবে খেলতে পারবেন ব্যাটসম্যানরা, সেটির ওপরই অনেকটা নির্ভর করবে ম্যাচের ফল।
দুই দলের সবশেষ দেখায় গত মাসে এশিয়া কাপে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তবে গত জুলাইয়ে বাংলাদেশে এসে সিরিজ জিতেছে আফগানরা। দুই দলের মুখোমুখি লড়াইয়েও এক তরফা ব্যবধান নেই। ১৫ ম্যাচে বাংলাদেশের জয় ৯টি, আফগানদের ৬টি।
আফগান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি সেটিই তুলে ধরে বললেন, এবার বাংলাদেশকে হারাতে প্রস্তুত তারা।
“আমরা পরস্পরের সঙ্গে খেলেছি অনেক। কখনও তারা জিতেছে, কখনও আমরা। এশিয়া কাপে তারা আমাদেরকে হারিয়েছে। তবে এই ম্যাচের জন্য আমরা পুরোপুরি তৈরি এবং আমরা অনেক আলোচনা করেছি, নিজেদের প্রস্তুত করেছি এবং ওদের সম্পর্কে খুব ভালো ধারণা আছে। সেভাবেই আমরা চেষ্টা করব এই ম্যাচে ঘুরে দাঁড়াতে।”
আফগানিস্তানের জন্য বড় একটি চ্যালেঞ্জ অবশ্য এই মঞ্চও। এমনিতে দ্বিপাক্ষিক সিরিজগুলোয় তারা দুর্দান্ত হলেও বড় আসরে বরাবরই খেই হারানোর নজির আছে তাদের। গত বিশ্বকাপে তো একটি ম্যাচও তারা জিততে পারেনি। সেই দায়টুকু নিয়েই এবার ইতিহাস বদলে দেওয়ার প্রত্যয় শোনা গেল শাহিদির কণ্ঠে।
“আমাদের মানসিকতা এবার ভিন্ন এবং দল হিসেবে ও নেতা হিসেবে এই বিশ্বকাপে আমি দারুণ আত্মবিশ্বাসী। আমরা অনেক কিছু অর্জন করতে চাই, এটিই আমাদের লক্ষ্য। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব, অতীতের ভাবনায় কাতর হব না। এখানে নিজেদের সেরাটা ঢেলে দেব।”
“নেতা হিসেবে আমি আত্মবিশ্বাসী কারণ, এবার আমাদের দল আগের যে কোনো টুর্নামেন্টের চেয়ে ভালো। আগেও ভালো দল ছিল, এবার আরও ভালো। আমরা চেষ্টা করব ইতিবাচক ফলাফল করার এবং দেশের মানুষের জন্য ঐতিহাসিক ফল বয়ে আনার।”
সেমি-ফাইনালের লক্ষ্য পূরণ করতে পারলে ইতিহাস গড়বে বাংলাদেশও। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলাই এখনও সেরা সাফল্য। জয়ের সংখ্যায় তিনটির বেশি জয় ধরা দেয়নি কোনো আসরেই। এবার দলে অভিজ্ঞদের নির্ভরতার সঙ্গে তারুণ্যের রোমাঞ্চের দারুণ মিশেল আছে। আগের যে কোনো বিশ্বকাপের চেয়ে পেস আক্রমণ অনেক বেশি ধারাল ও সমৃদ্ধ। সাকিব আল হাসানের ক্ষুরধার নেতৃত্ব আর ব্যাটে-বলে বরাবরের ঔজ্জ্বল্য দলের বড় শক্তি। ইতিহাস গড়ার স্বপ্ন তাই অলীক কিছু নয়।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ যেমন বলেছেন, “এবার না পারলে আর কবে!”
