১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

‘বাংলাদেশের বোলিং আক্রমণ রোমাঞ্চকর’, বললেন বাভুমা

অনুকূল কন্ডিশনে বাংলাদেশের পেসারদের সামর্থ্য সম্পর্কে সচেতন দক্ষিণ আফ্রিকা।

‘বাংলাদেশের বোলিং আক্রমণ রোমাঞ্চকর’, বললেন বাভুমা
টেম্বা বাভুমা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 09:56 PM

Updated : 14 Nov 2026, 09:56 PM

ডারউইনে ঐতিহাসিক সাফল্য তো বটেই, গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের মূল কারিগর পেসাররা। দক্ষিণ আফ্রিকা সফরেও তাদের কাঁধে থাকবে বড় দায়িত্ব। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের নিয়ে গড়া পেস আক্রমণের সম্ভাব্য চ্যালেঞ্জের ব্যাপারে সতর্ক প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাও।

যে কোনো সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ দল নিয়ে সম্মানসূচক কথা বলা ক্রিকেটের সাধারণ রীতি। তবে এবার বাংলাদেশ দল নিয়ে নিছকই বলার জন্য বলছে না দক্ষিণ আফ্রিকা। কথাবার্তা কিংবা পরিকল্পনায় বারবার বুঝিয়ে দিচ্ছে, বাংলাদেশকে গুরুত্বের সঙ্গেই নিচ্ছে তারা।

জোহানেসবার্গে রোববার শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজ ঘিরে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড কিংবা অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদার কণ্ঠে শোনা গেছে, বাংলাদেশের জন্য সমীহ। একইসঙ্গে সামনের সিরিজের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় থাকার কথা বলেন তারা।

ব্যতিক্রম নন বাভুমাও। টেস্ট সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বললেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স মাথায় রেখে সতর্ক তারা।

“সব দলের মতো বাংলাদেশেরও কিছু শক্তির জায়গা আছে। আবার কিছু দুর্বলতাও আছে, যা আমরা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব। আমরা অবশ্যই তাদের সম্মান করি। গত দুই বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে, তাই আমরা তাদের মোটেও হালকাভাবে নেব না।”

চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত খেলা আট ম্যাচে তাদের জয় তিনটি আর ড্র দুটি। দলের এই ইতিবাচক পারফরম্যান্সে বড় ভূমিকা পেস বিভাগের। গত কয়েক বছর ধরেই মূলত সাদা পোশাকে দলকে এগিয়ে দিচ্ছেন পেসাররা।

বাংলাদেশের পেস আক্রমণের চ্যালেঞ্জ মাথায় রেখেই তাই নিজেদের প্রস্তুত করেছে দক্ষিণ আফ্রিকা।

“ব্যাটসম্যান হিসেবে তাদের (বাংলাদেশের পেসার) সমীহের চোখেই দেখি। আমরা দেখেছি অস্ট্রেলিয়াকে কীভাবে ওরা চাপে ফেলেছিল। বাংলাদেশে ওদের বিপক্ষে খেলেছি। সেখানে কন্ডিশন পেসারদের পক্ষে ছিল না। কিন্তু আমরা ধারণা পেয়েছি যে, কন্ডিশন অনুকূলে থাকলে ওদের বোলাররা ব্যাটারদের চাপে ফেলতে পারে।

“সেই বিষয়টি মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের ব্যাটসম্যানরা নেটে নিজেদের বোলারদের সামলানোর সুযোগ পেয়েছে। আর আমাদের বোলারদের খেলা সব সময় খুব একটা সুখকর হয় না। তো প্রস্তুতির দিক থেকে আমার বিশ্বাস, আমাদের যা করার প্রয়োজন ছিল, তা করেছি। হ্যাঁ, বাংলাদেশ যে বোলিং আক্রমণ নিয়ে আসছে, তা বেশ রোমাঞ্চকর।”

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বরাবরই রাজত্ব করেন পেসাররা। রোববার শুরু হওয়া ম্যাচেও এর ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। তবে কন্ডিশনের কারণে স্পিনারদের ভূমিকাও বড় হয়ে উঠতে পারে মনে করেন বাভুমা।

“এখানকার আবহাওয়া ও যে গরম পড়েছে, তাতে ম্যাচের পরের দিকে স্পিনাররাও কার্যকর হয়ে উঠতে পারে। ওয়ান্ডারার্সে পেসাররা সবসময় মূল উইকেট শিকারি হয়। সেটার খুব একটা পরিবর্তন দেখছি না। তবে হ্যাঁ, গরমের কারণে ও উইকেট কিছুটা শুষ্ক থাকায় ম্যাচের পরের দিকে স্পিনাররা নিশ্চিতভাবেই বড় ভূমিকা রাখবে।”

নতুন সিরিজে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রথম টেস্ট হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নেয় তারা।

এবার তুলনামূলক দুর্বল বাংলাদেশের বিপক্ষে একই তীব্রতা ধরে রাখার বার্তা বাভুমার।

“আমাদের জন্য অন্তত যে কাজটা করা জরুরি তা হলো, আমরা যে মানদণ্ড তৈরি করেছি, সেটা ধরে রাখা। এখন চ্যালেঞ্জ হলো খেলার বিভিন্ন জায়গায় আমরা কীভাবে আরও উন্নতি করতে পারি। আমি যেটা আগেও বলেছি, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আরেকটু নিখুঁত হওয়া। তবে হ্যাঁ, দল হিসেবে আমরা অন্তত এটুকুই চেষ্টা করছি যেন আমাদের তৈরি করা মানদণ্ডটা বজায় থাকে।”