২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রথম ম্যাচে অনিশ্চিত গিল

জ্বরে ভুগছেন চলতি বছর ছন্দে থাকা ভারতীয় ওপেনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 01:07 PM

Updated : 06 Oct 2023, 01:07 PM

বিশ্বকাপ শুরুর দিকেই ছোবল দিচ্ছে চোট ও অসুস্থতা। এর সবশেষ শিকার শুবমান গিল। জ্বরে আক্রান্ত হওয়ায় ভারতের তারকা ওপেনারকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

চেন্নাইয়ে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিকদের বিশ্বকাপ অভিযান। অসুস্থতার কারণে এই ম্যাচের আগে দুই দিন দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি চলতি বছর দারুণ ছন্দে থাকা গিল।

মূল টুর্নামেন্ট শুরুর আগে বৃষ্টিতে ভেসে গেছে ভারতের প্রস্তুতি ম্যাচ দুটি। তখন দলের সঙ্গে ভ্রমণ করেছেন গিলও। তবে জ্বরে আক্রান্ত হওয়ায় বুধ, বৃহস্পতিবার অনুশীলনে ছিলেন না তরুণ এই ওপেনার। 

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনই গিলের ব্যাপারে কোনো সিদ্ধান্তে যাচ্ছেন না তারা। 

“সে (গিল) এখন কিছুটা অসুস্থ। আমাদের চিকিৎসা বিভাগ তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আশা করছি, সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে।”

ভারতের মতো অস্ট্রেলিয়া দলেও রয়েছে চোট সমস্যা। হ্যামস্ট্রিংয়ে সমস্যায় ভোগা মার্কাস স্টয়নিসকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এছাড়া নিতম্বের সমস্যায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। কেন উইলিয়ামসন, টিম সাউদির পর লকি ফার্গুসনকেও পায়নি নিউ জিল্যান্ড। 

চলতি বছর ওয়ানডেতে ৭২.৩৫ গড় ও ১০৫.০৩ স্ট্রাইক রেটে ১ হাজার ২৩০ রান করেছেন গিল। সবশেষ চার ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি এসেছে তার ব্যাট থেকে। যার দুটি প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে।

গিল যথাসময়ে সুস্থ হয়ে উঠতে না পারলে দুয়ার খুলতে পারে ইশান কিশানের। চলতি বছর ওপেনিংয়ে পাঁচ ম্যাচের তিনটিতে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ২৫ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান।