পাকিস্তানের পোলিও আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে
পোলিও টিকার কার্যকর ব্যবহারের মাধ্যমে শুধু পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া বিশ্বের প্রায় সব দেশই এখন পোলিও মুক্ত।
পাকিস্তানে পোলিও আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে বলে দেশটির পোলিও নির্মূল বিষয়ক জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র জানিয়েছে।
কেন্দ্রটি জানায়, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুখওয়ার খাইবার জেলায় নতুন একজন রোগী শনাক্ত হওয়ার পর আক্রান্তের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, চলতি বছর সর্বশেষ শনাক্ত রোগীর বয়স মাত্র ১৩ মাস। এ মেয়ে শিশুটিকে নিয়ে চলতি বছর খাইবার জেলায় আক্রান্তের সংখ্যা দুইজনে দাঁড়াল। খাইবার পাখতুনখওয়ায় চলতি বছর পোলিও রোগী শনাক্তের একটি ষষ্ঠ ঘটনা।
কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর সামগ্রিকভাবে প্রাকৃতিক পোলিওভাইরাসের সংক্রমণ হ্রাস পেলেও খাইবার ও পেশোয়ার জেলা নিয়ে গঠিত ‘পেশোয়ার ব্লক’ অঞ্চলের পরিবেশগত নমুনায় ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
চলতি ২০২৬ সালে পাকিস্তান এখন পর্যন্ত চারটি বড় আকারের পোলিও টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে দেশটির সাড়ে চার কোটির বেশি শিশুকে একাধিকবার টিকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি পেশোয়ার ব্লকসহ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মুখে খাওয়ার ও ইনজেকশনের মাধ্যমে টিকা দেওয়ার ছোট আকারের লক্ষ্যভিত্তিক কর্মসূচীও অন্তর্ভুক্ত ছিল।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, টিকার কল্যাণে পাকিস্তানে পোলিও আক্রান্তের সংখ্যা ৯৯ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। ৯০ দশকের শুরুর দিকে দেশটিতে প্রায় ২০ হাজার পোলিও আক্রান্ত থাকলেও ২০২৫ এ সংখ্যাটি ৩১ জনে নেমে আসে আর চলতি বছর এখন পর্যন্ত শনাক্ত আক্রান্তের সংখ্যা আটজন।
এ বছর শনাক্ত হওয়া আটটি ঘটনার মধ্যে খাইবার পাখতুনখওয়ার ছয়টির পাশাপাশি সিন্ধু প্রদেশে আরও দুই রোগী শনাক্ত হয়েছে।
পোলিও একটি অত্যন্ত সংক্রামক রোগ। পোলিওভাইরাসের মাধ্যমে হওয়া এ রোগটি মূলত পাঁচ বছরের কম বয়সী শিশুদের আক্রান্ত করে। এর আক্রমণে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়ে পক্ষাঘাত হতে পারে আর এর ফলে আজীবন পঙ্গুত্ব এমনকি মৃত্যুও ঘটতে পারে।
এই রোগের কোনো নিরাময় নেই। তবে নিরাপদ ও কার্যকর পোলিও টিকার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। এই টিকাগুলো বিশ্বের ১৯৫টি দেশে নিরাপদে ব্যবহৃত হয়ে আসছে।
বারবার টিকাদানের মাধ্যমে লাখ লাখ শিশুকে পোলিও থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। এর ফলে শুধু পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া বিশ্বের প্রায় সব দেশই এখন পোলিও মুক্ত।
