২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিদের আশা, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাবে ইতিহাস গড়া জয়

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে পাওয়া জয়ে কঠিন সময় হাসিমুখে পার করার সাহস পাবে আফগানিস্তানের মানুষ, মনে করেন রাশিদ খান।

রাশিদের আশা, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাবে ইতিহাস গড়া জয়

বিশ্ব চ‍্যাম্পিয়ন ইংল‍্যান্ডকে হারিয়ে চমকে দিল আফগানিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 02:08 PM

Updated : 16 Oct 2023, 02:08 PM

আফগানিস্তানের মানুষের দুর্ভোগ-ভোগান্তির ব্যাপারে সব সময় উদ্বিগ্ন দেখা যায় রাশিদ খানকে। সম্প্রতি হওয়া ভয়াবহ ভূমিকম্পেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়টি কঠিন এই সময়ে দেশের মানুষের মনে আনন্দের পরশ এনে দেবে মনে করছেন এই তারকা লেগ স্পিনার। 

দিল্লিতে রোববার বিশ্ব চ্যাম্পিয়নদের ৬৯ রানে হারিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপ তো বটে, যে কোনো সংস্করণেই ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম জয় এটি। ব্যাট হাতে ২৩ রানের পর বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ইতিহাস গড়া এই জয়ে বড় অবদান রেখেছেন দলের রাশিদ। 

গত ৭ অক্টোবর ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। এক সপ্তাহের মধ্যে শনিবার তৃতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। পর দিনই ক্রিকেট মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তারা পেল অনেক দিন মনে রাখার মতো জয়।

ম্যাচ শেষে স্টার স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে রাশিদ জানিয়েছেন, দেশের মানুষের জন্য কঠিন সময়ে আনন্দের সুবাতাস হতে পারে এই জয়।

“দেশে অনেক বড় উদযাপন হবে। আমরা আফগানিস্তানে সচরাচর এমন জয় ও পরিস্থিতি পাই না যেখানে মানুষ আনন্দ করতে পারে। আমার মতে, ক্রিকেটই একমাত্র বিষয় যা মানুষকে অনেক আনন্দ ও ভালো স্মৃতি দেয়। দেশের মানুষ এটির অপেক্ষা করে। আমরা অনেক ম্যাচ পেরেছি, তবু তাদের কাছ থেকে যেমন সমর্থন পাচ্ছি... আমাদের এই মঞ্চে খেলতে দেখে তারা অনেক রোমাঞ্চিত।” 

Image

কিছু দিনের তিনটি ভূমিকম্পে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে আফগানিস্তানের হেরাথ প্রদেশের। 

“ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জেতা আমাদের জন্য অনেক বড় বিষয়। দেশের মানুষ অনেক গর্ব করবে। সম্প্রতি আফগানিস্তানের হেরাতে ভূমিকম্পে ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে, ২ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়েছে। এই জয় তাদের মুখে কিছুটা হাসি ফোটাবে এবং তারা এই কঠিন দিনগুলো কিছুটা ভুলতে পারবে।”

ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ হেরেছে আফগানিস্তান। সব মিলিয়ে বৈশ্বিক আসরে ১৭ ম্যাচে তাদের জয় ছিল স্রেফ একটি, ২০১৫ সালে স্কটল্যান্ডের বিপক্ষে। টানা ব্যর্থতার পর পাওয়া এই সাফল্য সামনের ম্যাচগুলোতে প্রেরণার বড় জ্বালানি হিসেবে কাজ করবে মনে করেন রাশিদ।

“ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে জেতা, অনেক বড় একটা প্রেরণা। এশিয়া কাপ ও পাকিস্তান সিরিজে আমাদের কঠিন সময় গিয়েছে। আমরা খুব কাছাকাছি ছিলাম কিন্তু ম্যাচ জিততে পারছিলাম না। এটি খুব হতাশাজনক ছিল কারণ ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করেও দিন শেষে পরাজিত দলে থাকছে।

“ক্রিকেটাররা উজ্জীবনী শক্তি পাচ্ছিল না, কোনো প্রেরণা পাওয়া যাচ্ছিল না। টুর্নামেন্টের বাকি অংশের জন্য এই জয় আমাদের অনেক শক্তি জোগাবে। আমাদের মধ্যে এখন বিশ্বাস আছে, যে কোনো সময় যে কোনো দলকে হারাতে পারি।”