২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ইনিংসে ৫ পজিশনে ব্যাটিং, মিরাজ বললেন ‘দলের জন্য’

মিরাজের নিজের পছন্দ মিডল অর্ডারে খেলা, তবে দলের জন্যই ব্যাটিং পজিশনের এত পরিবর্তন বলে জানালেন এই অলরাউন্ডার।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 09:28 AM

Updated : 01 Nov 2023, 09:28 AM

“আপনি নিজে কি জানেন, আগামী ম্যাচে কোন পজিশনে ব্যাটিং করবেন?”, প্রশ্নটি শুনে বাঁকা হাসি খেলে গেল মেহেদী হাসান মিরাজের মুখে। কখনও কখনও কথা না বলেও অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। মিরাজের হাসিতে যেমন ফুটে উঠল, তিনি আসলেই জানেন না পরের ম্যাচে কত নম্বরে নামবেন। 

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মঙ্গলবার মিরাজকে নামানো হয় ৮ নম্বরে। এই নিয়ে এবারের বিশ্বকাপে ৭ ইনিংসে ৫টি ভিন্ন পজিশনে খেলা হয়ে গেল তার। ৩ নম্বরেই খেলেছেন ৩ ইনিংসে। এছাড়া খেলেছে ৪, ৫ ও ৭ নম্বরেও। বিশ্বকাপের মতো একটা আসরে গুরুত্বপূর্ণ এসব পজিশন নিয়ে এমন অস্থিরতার নজির বিরল।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের নানা কৌশলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ব্যাটিং অর্ডারকে ঘিরে। সেখানেই কেন্দ্রবিন্দুতে ছিলেন মিরাজ। মূলত তার কারণেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন হয়েছে নিয়মিত। এটা বাংলাদেশের ব্যাটিং লাইন আপে যেমন স্পষ্ট ছিল, তেমনি দলের পক্ষ থেকে পরে বলাও হয়।

গত এশিয়া কাপে আফগানিস্তানর বিপক্ষে ওপেন করতে নেমে সেঞ্চুরির পর থেকেই তাকে নিয়ে দলের চিন্তাভাবনার এই নাটকীয় পরিবর্তন আসে। দলীয় পরিকল্পনায় তাকে অনেকটাই রাখা হয় ভাসমান হিসেবে। কোন ম্যাচে তিনি কত নম্বরে ব্যাট করবেন, এটি হয়ে ওঠে বড় কৌতূহলের জায়গা।

কিন্তু ব্যাটিং অর্ডারে এই ওলট-পালটের কারণে দলের স্থিতিশীলতা নষ্ট হয়েছে, ভূমিকা বদলের প্রভাব পড়েছে পারফরম্যান্সে, এমন আলোচনাও চলছে সমান তালেই। বিশ্বকাপে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতার পর এসব আলোচনার যৌক্তিকতাও যথেষ্টই।

মিরাজ বললেন, দলের ভালোর জন্যই এরকম পরিকল্পনা হয়েছিল। ব্যর্থতার দায়ও তারা মাথা পেতে নিচ্ছেন।

“এটা আসলে আমাদের টিম কম্বিনেশনের জন্য হয়। প্রতি ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত হয়, কে কোন পজিশনে খেললে ভালো হবে। এটা কিন্তু দলের জন্যই করা হয়। দল খারাপ করুক বা খারাপ খেলুক, এজন্য কিন্তু এমন করা হয় না। যে ভালো খেলতে পারে, তাকেই সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কেউই ক্লিক করছি না।”

“কাউকে দোষ দিতে চাই না যে ‘ও খারাপ খেলেছে, সে খারাপ খেলেছে।’ আমরা সবাই খারাপ করেছি। আলাদা করে বলতে চাই না দুই-এক জন খারাপ খেলেছি। আমরা সবাই খারাপ করেছি, মেনে নিচ্ছি।”

বয়সভিত্তিক ক্রিকেট যখন মিরাজ ছিলেন জেনুইন অলরাউন্ডার, তখন তিনি মূলত মিডল অর্ডারে ব্যাট করতেন। এখানে খেলতেই তিনি বেশি স্বচ্ছন্দ্য বলে জানালেন। তবে ব্যাটসম্যান হিসেবে নিজেকে আরও প্রমাণ করতে বিভিন্ন পজিশনে মেলে ধরার চ্যালেঞ্জ নিতে আপত্তি নেই তার।

“আমি তো অবশ্যই মিডল অর্ডারে খেলতে পছন্দ করি। হয়তো আমাকে বিভিন্ন পজিশনে খেলানো হচ্ছে টিম কম্বিনেশনের জন্য। আমি গত ৭ বছর লোয়ার-মিডল অর্ডারে খেলেছি। ওখানে কীভাবে খেলতে হবে, সেটা অনেকটা আমার ধারণা আছে। কিন্তু আমার মনে হয় এগুলো চিন্তা না করে, যদি ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই….আমাকে আরও প্রমাণ করতে হবে। যেখানেই খেলাক না কেন, পারফর্ম করতে হবে। তখন দলের প্রত্যাশা থাকবে, আমি পারফর্ম করতে পারি, যেখানেই খেলাক না কেন।”

এই টানাহেঁচড়ার মধ্যে মিরাজ নিজেও অবশ্য খুব একটা ভালো করতে পারেননি। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রান তাড়ায় ফিফটি করলেও আর কোনো ভালো ইনিংস তার নেই। আরও তিনটি ইনিংস আছে ২৫, ৩০ ও ৩৫ রানের। সবগুলিই সুযোগ ছিল বড় করার। তিনি ব্যর্থ হয়েছে।

দিল্লিতে দলীয় সমন্বয়ে মিরাজের জায়গা কত নম্বরে হয়, সেটিই এখন দেখার।