আনন্দনগরীতে ক্রিকেটানন্দের খোঁজে বাংলাদেশ
উৎসব-উচ্ছ্বাসে ‘সিটি অব জয়’ কলকাতা হয়ে উঠেছে বর্ণিল, জয়ের তেষ্টা নিয়ে এ শহরেই বাংলাদেশ দল খুঁজছে ক্রিকেট মাঠের আনন্দ।
ইডেন গার্ডেন্সের ঠিক পাশেই রেড রোড। শুক্রবার সকাল থেকেই সেখানে ট্রাক আর পিক আপের লাইন। কলকাতা শহরের সেরা সব প্রতিমা জড়ো করা হচ্ছে সেখানে। দুপুরে বাংলাদেশ দল যখন অনুশীলনে এলো, ততক্ষণে শ খানেক প্রতিমা আর হাজার হাজার লোকে চারপাশ লোকারণ্য। শিল্পীর নিপুণ হাতে গড়া চোখধাঁধানো সৌন্দর্যের একেকটি প্রতিমা। নানা সাজে রঙিন সব বয়সী মানুষ। নাচ-গান, ঢাক-ঢোলের ঝংকার, সব মিলিয়ে দুর্গাপুজো কার্নিভাল-২০২৩ যেন এক মহোৎসব।
এই কার্নিভাল সম্পর্কে যারা জানেন না, তাদের খটকা লাগতে পারে। বিজয়া দশমী তো দিন তিনেক আগেই পেরিয়ে গেছে। বিসর্জনের পালাও শেষ হয়ে যাওয়ার কথা! তা হয়েছে বটে। তবে কলকাতায় বিসর্জনের রূপ এখন পাল্টে দিয়েছে এই কার্নিভাল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই মূলত চালু হয়েছে এই ধারা। বিজয়া দশমীতে বিসর্জন দেওয়া হয় না শহরের সেরা কিছু পুজোর। বরং দুই-তিন পর রেড রোডে বর্ণিল র্যালিতে নাচে-গানে-আনন্দে, ঢাকের শব্দে মাতিয়ে এরপর বিসর্জন দেওয়া হয়। সেরা পুজোকে পুরস্কৃতও করা হয়। এবার কলকাতার প্রায় ৪৩ হাজার পুজো থেকে র্যালির জন্য বাছাই করা হয়েছে একশর মতো পুজো। এই র্যালিতে অংশ নিতে, দেখতে ও উৎসবের অংশ হতে রেড রোডে ছিল জনস্রোত।
এমনিতেই কলকাতাকে বলা হয় ‘সিটি অফ জয়।’ দুর্গাপুজার সময় প্রকৃতপক্ষেই শহর রূপ নেয় আনন্দের নগরীতে। এখন সেই উৎসবকে দীর্ঘায়িত করে নতুন মাত্রা দিয়েছে এই কার্নিভাল। মাঠে আসা-যাওয়ার পথে, এই শহরের আলো-হাওয়ার সংস্পর্শ থেকেও সেই আনন্দের স্বাদ পাওয়ার কথা বাংলাদেশ দলেরও। কিন্তু তাদের হৃদয় তাতে কতটা দুলে উঠবে, সেই সংশয় থাকেই। ক্রিকেটারদের আসল আনন্দ তো ক্রিকেট মাঠে! সেখানে যে সাফল্যের স্বাদ মিলছেই না!
একটির পর একটি হারে চ্যালেঞ্জ কঠিন থেকে কঠিনতর হয়েছে, স্বপ্নগুলো চুরমার হতে শুরু করেছে আর নিজেদের লক্ষ্যের সীমানা ক্রমে চলে যাচ্ছে নাগালের বাইরে। “পরের ৬ ম্যাচের সবকটি জিততে চাই’, “পরের ৫ ম্যাচের ৫টিই জিততে পারি”… এসব আশা ধাক্কা খেয়েছে বাস্তবতার দেয়ালে। এখন আপাতত লক্ষ্য, পরের ৪ ম্যাচের ৪টিই জয়। সেমি-ফাইনাল খেলা হয়তো নিশ্চিত হবে না তাতেও। তবু অন্যদের ম্যাচের সমীকরণ মিলিয়ে সুযোগ থাকতে পারে!
সেই ৪ ম্যাচের প্রথমটি নেদারল্যান্ডসের বিপক্ষে। কলকাতার নন্দনকানন ইডেন গার্ডেন্সে শনিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
এমনিতে বিশ্বকাপের কঠিন লড়াইয়ে এই ম্যাচেই একটু স্বস্তির শ্বাস ফেলার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু আগের টানা চারটি পরাজয়ের পর এমনই হাঁসফাঁস অবস্থা যে এই ম্যাচটিই হয়ে উঠেছে বড় এক পরীক্ষা! অবস্থা এখন এমন যে, বিশ্বকাপে বাংলাদেশের আসল ম্যাচই এখন এটি!
নেদারল্যান্ডসের সঙ্গে জিতলে প্রাপ্তি খুব বেশি কিছু নয়। পরাজয়ের ধারা থামবে, কিছুটা স্বস্তির সুবাতাস বইবে, পরের ম্যাচের জন্য আপাত আত্মবিশ্বাসের রসদ কিছুটা মিলবে। তবে উল্টো ফলের শঙ্কার প্রভাবটা হবে অনেক বেশি! নেদারল্যান্ডসের সঙ্গে হেরে গেলে শুধু সেমি-ফাইনাল সম্ভাবনার প্রায় সমাধি তো হবেই, বাংলাদেশের বিশ্বকাপ অভিযানের চূড়ান্ত ব্যর্থতার তকমাও লেগে যাবে।
নেদারল্যান্ডস সবশেষ ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে স্রেফ বিধ্বস্ত হয়েছে। তবে এই বিশ্বকাপের বিস্ময় দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বড় চমকও উপহার দিয়েছে তারা। কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞ একগাদা ক্রিকেটারকে নিয়ে গড়া দলটিকে হারানো সহজ হওয়ার কথা নয় মোটেও।
ওয়ানডেতে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল ১-১। ২০১০ সালে একটি ম্যাচে হেরেছিল বাংলাদেশ, পরের বছর বিশ্বকাপে জিতেছিল দেশের মাঠে। এক যুগ আগের সেসব লড়াইয়ের প্রাসঙ্গিকতা এই সময়ে নেই। বরং গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিকে বয়ে আনা যায় ভালোভাবেই। হোবার্টে সেই ম্যাচে তুমুল লড়াইয়ের পর একটুর জন্য হেরে গিয়েছিল নেদারল্যান্ডস।
সেই ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তাসকিন আহমেদ। চোটের কারণে দুই ম্যাচের বিরতির পর এবার ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরছেন বাংলাদেশের পেস আক্রমণের নেতা। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ দেখিয়েই তিনি শোনালেন নিজেদের জয়ের আশাবাদ।
“তারা কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। ক্রিকেট খেলায় আসলে বলে-কয়ে জেতা কঠিন। আমরা আশাবাদী যে ভালো কিছু করব। যেকোনো দলের সঙ্গেই জেতার সামর্থ্য আমাদের আছে। কিন্তু দিনশেষে আমাদের ব্যাটিং, বোলিং সব জায়গাতেই ভালো করতে হবে। আশাবাদী অবশ্যই ভালো ফলাফলের জন্য। এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের টুর্নামেন্টে টিকে থাকার জন্য। আমরা সেরাটা দিয়ে জিতব আশা করছি।”
সেরাটা এখনও দিতেই পারেননি তাসকিনরা। এমনিতে দেখা যায়, বাংলাদেশ যখন হেরে যায়, সাধারণত কোনো একটি-দুটি দিকে ঘাটতি থাকে। তবে এবারের বিশ্বকাপে এই দলের সমস্যার অন্ত নেই। দলে এত ছিদ্র, কোনটি রেখে কোনটি বন্ধ করতে হবে, সেই হিসাব রাখাই কঠিন। পরিপূর্ণ পারফরম্যান্স এখনও ধরা দেয়নি, সেটা এমনকি আফগানিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচেও।
মাঠের বাইরের নানা বিতর্ক তো আছেই। এই ম্যাচের আগে ছোট্ট বিরতিতে সাকিব আর হাসানের দেশে ফেরা নিয়েও বিতর্ক-আলোচনা কম হয়নি। শুক্রবার দলের অনুশীলনে কয়েক দফায় লম্বা সময় নিয়ে কোচ চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলতে দেখা গেছে সাকিবকে। যথারীতি এই ম্যাচে বাড়তি নজর থাকবে অধিনায়কের দিকেও।
তাসকিন ফিরছেন বলে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন নিশ্চিতভাবেই হতে যাচ্ছে। বাদ পড়বেন হয়তো একদমই ছন্দহীন থাকা হাসান মাহমুদ।
ইডেনের উইকেটে এমনিতে গত কয়েক বছর ধরে পেসারদের সহায়তা থাকে কিছু। বিশ্বকাপে অবশ্য উইকেট ব্যাটসম্যানদের পক্ষেই বেশি থাকার কথা। ম্যাচের আগের দিন দুই দলেরই সংবাদ সম্মেলন হলো অনুশীলন শুরুর আগে, তারা তখনও উইকেট দেখেননি। তাই পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। তবে তাসকিনের ধারণা, উইকেট হবে ‘স্পোর্টিং।’
বাংলাদেশ যেমন এই ম্যাচ দিয়ে হারের ধারা কাটাতে চায়, নেদারল্যান্ডসও নিশ্চয়ই এই ম্যাচের দিকে তাকিয়ে আছে অনেক আগে থেকেই। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস অবশ্য সরাসরি বাংলাদেশকে ‘টার্গেট’ করার কথা বললেন না। তবে বিশ্বকাপের ছক যখন তারা করেছেন, এই ম্যাচের দিকে বিশেষ নজর থাকারই কথা। ডাচ অধিনায়কের কথায় তাড়নাটা ঠিকই ফুটে উঠল।
“আমার মতো মনে হয়, আমরা সব ম্যাচেই জয়কে ‘টার্গেট’ করছি। হ্যাঁ, আমাদের দুই দলের বিশ্বকাপ অভিযান এখনও পর্যন্ত প্রায় একইরকম গেছে। এখন টুর্নামেন্টের শেষ চারটি ম্যাচের লড়াই। এই ম্যাচ তাই আমাদের জন্য বড় ম্যাচ, এখনও পর্যন্ত যতটা বড় ম্যাচ খেলেছি, ততটাই। মুখিয়ে আছি এই ম্যাচের জন্য।”
নেদারল্যান্ডসের বড় শক্তির জায়গা তাদের কোচ রায়ান কুক। দীর্ঘদিন তিনি ছিলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ। এই দলের মানসিকতা, অনেকের শক্তি-দুর্বলতা সম্পর্কে ভালো ধারণা তার আছে। সেভাবেই তিনি পরিকল্পনা সাজাবেন।
খেলা নিরপেক্ষ ভেন্যুতে হলেও সমর্থনের দিক থেকে দেশের মাঠে খেলার স্বাদ কিছুটা হলেও পেতে পারে বাংলাদেশ। নেদারল্যান্ডসের জন্য হবে উল্টো। বাংলাদেশের প্রচুর সমর্থক এর মধ্যেই কলকাতায় এসেছেন, ম্যাচের দিন আসবেন আরও অনেকে। বাড়তি প্রেরণার উৎস তাই পাবেন ক্রিকেটাররা।
বাইরের প্রেরণায় হোক বা নিজেদের তাড়নায়, এই ম্যাচে জয়টা বাংলাদেশের শুধু জরুরি নয়, একদম আবশ্যক। সেমি-ফাইনাল স্বপ্নের প্রশ্নে সংবাদ সম্মেলনে তাসকিন আত্মবিশ্বাসের সুরেই বললেন, “সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। চারটি ম্যাচ আছে, জিততে পারলে অনেক কিছুই হতে পারে।”
চারটি ম্যাচ জিতলে অনেক কিছুই হতে পারে বটে। তবে আপাতত অন্তত এই একটি ম্যাচের জয় তো ধরা দিক!
